সঞ্জুকে রেখেই এশিয়া কাপ ওপেনারে নামল ভারত, টস জিতে বোলিং সূর্যর
পেস বিভাগে একা বুমরাকে রেখে আমিরশাহীর বিরুদ্ধে তিন স্পিনারে দল সাজাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

Published : September 10, 2025 at 7:46 PM IST
দুবাই, 10 সেপ্টেম্বর: লড়াই কঠিন তবে টুর্নামেন্ট ওপেনারে বিনাযুদ্ধে এক ইঞ্চি জমিও না-ছাড়ার বার্তা সংযুক্ত আরব আমিরশাহী কোচের গলায় ৷ আর ভারতকে প্রথম টি-20 বিশ্বকাপ জেতানো লালচাঁদ রাজপুত প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে নামার আগে এশিয়া কাপের শুরুতে সাবধানী সূর্যকুমার যাদব অ্য়ান্ড কোম্পানি ৷ ভারত অধিনায়ক মঙ্গলবারের ক্য়াপ্টেনস মিটেই জানিয়ে দিয়েছিলেন কুড়ি-বিশের ফরম্য়াটে কেউ ফেভারিট হয় না ৷ আগামী 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে 'ক্ল্য়াশ অব টাইটানস'-এর আগে আমিরশাহীর বিরুদ্ধে নজরে ছিল দলের প্রথম একাদশ ৷ যেখানে দেখা গেল সঞ্জু স্য়ামসনকে একাদশে রেখেই টুর্নামেন্ট ওপেনারে নামছে ভারত ৷
আর টস জিতে আয়োজকদের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার ৷ ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে সহঅধিনায়ক গিল নামার কারণে সঞ্জু একাদশে সুযোগ পাওয়া নিয়ে একটা প্রশ্ন ছিল ৷ কিন্তু কেরল স্টাম্পার-ব্য়াটারকে রেখেই আমিরশাহীর বিরুদ্ধে একাদশ ঘোষণা করল গতবারের চ্যাম্পিয়নরা ৷ এছাড়া দুবাইয়ের পিচে স্পিনারদের সফল হওয়ার সুযোগ যেখানে বেশি, সেখানে তিন স্পিনারে একাদশ সাজাল 'মেন ইন ব্লু' ৷
পেস বোলিং বিভাগে কেবল জসপ্রীত বুমরাকে রেখে স্পিনবিভাগে জায়গা করে নিলেন অক্ষর প্য়াটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব ৷ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে অবশ্য একাদশে রয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ টস জিতে প্রথমে বোলিং নেওয়া প্রসঙ্গে সূর্যকুমার এদিন বলেন, "পিচ দেখে সতেজ মনে হচ্ছে ৷ বাতাসে আর্দ্রতা রয়েছে ৷ পরের দিকে শিশির পড়তে পারে ৷ প্রয়োজনে আমার দল সবকিছু করতেই প্রস্তুত ৷ তবে প্রথম ম্য়াচের নিরিখে শুরুতে বোলিং করব ৷" পাশাপাশি প্রস্তুতিও যে ভালোই হয়েছে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক ৷
#TeamIndia's Playing XI for #INDvUAE 🙌
— BCCI (@BCCI) September 10, 2025
Who will get the first breakthrough for us? 🤔
Follow The Match ▶️ https://t.co/Bmq1j2LGnG#AsiaCup2025 pic.twitter.com/7rgesh2nNq
'স্কাই'য়ের কথায়, "আমরা অনেকটা আগেই দুবাইয়ে পৌঁছে গিয়েছিলাম ৷ তিন-চারটে ভালো অনুশীলন পর্ব সেরেছি ৷ এরমধ্যে একদিন ছুটিও পেয়েছি ৷" সবমিলিয়ে প্রথম ম্য়াচে নামার আগে ভারত অধিনায়কের গলায় আত্মবিশ্বাসের সুর ৷ মাঠে অধিনায়কের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে আমিরশাহীর ইনিংস ভারতীয় বোলাররা কত দ্রুত শেষ করতে পারেন, এখন সেটাই দেখার ৷ এর আগে আমিরশাহীর বিরুদ্ধে টি-20 ম্য়াচে একবারই মুখোমুখি হয়েছে ভারত ৷ 2016 সালে এশিয়া কাপের সেই ম্য়াচে নয় উইকেটে জিতেছিল 'মেন ইন ব্লু' ৷
একনজরে ভারতীয় দল: অভিষেক, শুভমন, সূর্যকুমার (অধিনায়ক), তিলক, সঞ্জু (উইকেটরক্ষক), শিবম, হার্দিক, অক্ষর, কুলদীপ, বুমরা, বরুণ ৷

