এশিয়া সেরার লড়াইয়ে শুরুতে আজ ভারতের সামনে আমিরশাহী, কী বলছে পরিসংখ্যান ?
একাদশে সঞ্জু স্যামসনের জায়গা হয় কি না, টুর্নামেন্ট ওপেনারে সেদিকেও তাকিয়ে অনুরাগীরা ৷

Published : September 10, 2025 at 2:49 PM IST
হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: সাত মাস বাদে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্য়াটে মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷ তাও আবার এশিয়া সেরার লড়াইয়ে ৷ মহাদেশীয় টুর্নামেন্টের শুরুতে প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী ৷ সাম্প্রতিক পরিসংখ্য়ানের নিরিখে মরুদেশের বিরুদ্ধে এই ফরম্য়াটের বিশ্বচ্যাম্পিয়নরা যে হট ফেভারিট, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয় ৷ কিন্তু ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব তা মানছেন না কোনওভাবেই ৷ ম্য়াচের আগেরদিন ক্যাপ্টেনস মিটে ভারত অধিনায়কের সাফ কথা, "টি-20 দ্রুত লয়ের খেলা ৷ এখানে কেউ ফেভারিট হয় না ৷"
সে যাইহোক, পরিসংখ্যান কিন্তু বলছে গতবছর বিশ্বজয়ের পরবর্তী সময়ে কুড়ি-বিশের ফরম্যাটে 27টি ম্য়াচ খেলেছে ভারতীয় দল ৷ যার মধ্যে 24টি'তেই জিতেছে তাঁরা ৷ সুতরাং, পরিসংখ্য়ানই বলে দিচ্ছে কতটা এগিয়ে থেকে শুরু করবে ভারত ৷ উল্টোদিকে, 2007 ভারতকে টি-20 বিশ্বকাপ জেতানো কোচ লালচাঁদ রাজপুতের প্রশিক্ষণাধীন আমিরশাহীকে অবশ্য সমীহ না-করলে বিপদ ৷ কারণ চলতি বছর মহম্মদ ওয়াসেম নেতৃত্বাধীন দল 13টি ম্য়াচ খেলে তারমধ্যে ছ'টি ম্য়াচ জিতে নিয়েছে ৷ এর মধ্যে আবার রয়েছে ব়্যাংকিংয়ে উপরে থাকা বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক (2-1) সিরিজ জয় ৷
আমিরশাহী প্রসঙ্গে সূর্যকুমার তাই বলছেন, "ওরা সাম্প্রতিক সময়ে আকর্ষণীয় ক্রিকেট উপহার দিয়েছে ৷ সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে তো কয়েকটা ম্যাচে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল ৷ আশা করা যায় এশিয়া কাপে সেই সীমাটা পার করবে তাঁরা ৷" এশিয়া কাপে সূর্য নেতৃত্বাধীন ভারতীয় দলে ডেপুটির দায়িত্বে শুভমন গিল ৷ এশিয়া কাপ খেতাব ধরে রাখার পাশাপাশি মহাদেশীয় প্রতিযোগিতার শুরু থেকে ভারতীয় দলের লক্ষ্য থাকবে আগামী বছর বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়া ৷ পাশাপাশি পরবর্তী পাক ম্যাচের আগে টুর্নামেন্ট ওপেনার জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াটাও জরুরি ৷
🗣️ We've had good preparations and time together as a team#TeamIndia captain Suryakumar Yadav talks about the importance of preparations ahead of #AsiaCup2025 @surya_14kumar pic.twitter.com/OsU5HWcLKI
— BCCI (@BCCI) September 9, 2025
- ভারত বনাম আমিরশাহী হেড-টু-হেড: কুড়ি বিশের ফরম্যাটে বুধবার দ্বিতীয়বারের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর মুখোমুখি হবে ভারতীয় দল ৷ এর আগে টি-20 ফরম্য়াটে দু'দল মুখোমুখি হয়েছিল ন'বছর আগে এশিয়া কাপেই ৷ 2016 সালে বাংলাদেশের মাটিতে সেই ম্যাচে আমিরশাহীকে নয় উইকেটে হারিয়েছিল ভারত ৷
প্রথমে ব্য়াট করে 20 ওভারে নয় উইকেট হারিয়ে সেই ম্য়াচে স্কোরবোর্ডে 81 রান তুলেছিল ভারত ৷ জবাবে রোহিত শর্মার (39) উইকেট হারালেও ভারতকে সহজ জয় এনে দেন আরেক ওপেনার শিখর ধাওয়ান (16*) ও যুবরাজ সিং (25*) ৷ 10.1 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারত ৷
- একাদশে সঞ্জু নাকি জীতেশ: শুভমন গিল সূর্যর ডেপুটির দায়িত্ব পালন করায় টপ-অর্ডারে তাঁর জায়গা নিশ্চিত ৷ ফলত সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে দারুণ ছন্দে থাকা সঞ্জু স্যামসন কি প্রথম একাদশে থাকবেন, নাকি স্টাম্পার-ব্য়াটার হিসেবে দলে জায়গা পাবেন জীতেশ শর্মা ? এশিয়া কাপের প্রথম ম্য়াচে নামার আগে অনুরাগীদের মনে এটাই লাখ টাকার প্রশ্ন ৷ যার নিরসণ হবে কয়েকঘণ্টা বাদেই ৷

