ডাবল-সেঞ্চুরির পথে জয়সওয়াল, দ্বিতীয় টেস্টের শুরুতে চালকের আসনে ভারত
অল্পের জন্য কেরিয়ারের প্রথম শতরান হাতছাড়া সাই সুদর্শনের ৷ জয়সওয়াল অপরাজিত 173 রানে ৷

Published : October 10, 2025 at 7:39 PM IST
নয়াদিল্লি, 10 অক্টোবর: প্রথম টেস্টে যেখানে থেমেছিলেন, দ্বিতীয় টেস্টে যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন ভারতীয় ব্যাটাররা ৷ নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথমদিন প্রতিপক্ষ বোলারদের উপর ছড়ি ঘোরালেন ভারতীয় ব্যাটাররা ৷ শামার জোসেফ, আলজারি জোসেফের মতো প্রথমসারির দুই জোরে বোলার ছিটকে যাওয়ায় চলতি সিরিজে এমনিতেই কমজোরি ক্য়ারিবিয়ান বোলিং ৷ যশস্বী জয়সওয়ালের শাসনে এদিন সেই কমজোরি বোলিং যেন আরও অসহায় ৷ দেড়শতরান পূর্ণ করে 173 রানে অপরাজিত ওপেনিং ব্য়াটার ৷ প্রথমদিনের শেষে ভারতের রান দুই উইকেট হারিয়ে 318 ৷
অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ব্য়াটিং লাইন-আপের উপর পাহাড়প্রমাণ রানের বোঝা চাপিয়ে দেওয়ার পথ তৈরি ভারতের ৷ ক্যারিবিয়ান পেসারদের নখদাঁতহীন বোলিংয়ের দিনে জোড়া সাফল্য বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের ৷ প্রথম সেশনে এদিন গত ম্য়াচের শতরানকারী কেএল রাহুলকে 38 রানে ফেরান তিনি ৷ এরপর দিনের অন্তিম সেশনে দ্বিতীয় উইকেটটি ওয়ারিকান যখন পেলেন ভারতের রান তখন 251 ৷ অর্থ্যাৎ, মাঝের সময়ে দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে 193 রানের জুটি বাঁধেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৷
Piling on the runs! 🔝
— BCCI (@BCCI) October 10, 2025
1️⃣5️⃣0️⃣ up for Yashasvi Jaiswal 👏#TeamIndia inch closer to 300 runs with captain Shubman Gill joining him 👍
Updates ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank | @ybj_19 | @ShubmanGill pic.twitter.com/4UPrcRASe2
এরই মধ্যে সপ্তম টেস্ট সেঞ্চুরিটি চলে আসে মুম্বই ব্য়াটারের ৷ মাত্র 23 বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম শতরান করলেন জয়সওয়াল ৷ এই বয়সে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে অধিনায়ক শুভমন গিল, প্রাক্তন তারকা ব্যাটার রবি শাস্ত্রীদের পিছনে ফেললেন তিনি ৷ এদিন চা-বিরতির আগেই তিন অঙ্কের রানে পৌঁছে যান জয়সওয়াল ৷ তৃতীয় সেশনে দেড়শতরানও পূর্ণ করে ফেলেন তিনি ৷ দ্বিতীয়দিন লাল-বলে ভারতীয় ওপেনারের তৃতীয় ডাবল-সেঞ্চুরিটি চলে এলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷
That will be Stumps on Day 1️⃣
— BCCI (@BCCI) October 10, 2025
1️⃣7️⃣3️⃣*for Yashasvi Jaiswal 🫡
8️⃣7️⃣ for Sai Sudharsan 👏
3️⃣1️⃣8️⃣/2️⃣ for #TeamIndia
Captain Shubman Gill and Yashasvi Jaiswal will resume proceedings on Day 2. 👍
Scorecard ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/mRdU9jXIy3
তবে দুর্বল ক্যারিবিয়ান বোলিংয়ের সামনে 13 রানের জন্য প্রথম সেঞ্চুরি ফস্কে নিঃসন্দেহে হাত কামড়াবেন সাই সুদর্শন ৷ জয়সওয়ালের দেখানো পথে এদিন ভালোই এগোচ্ছিলেন তিনি ৷ কিন্তু তৃতীয় সেশনে ওয়ারিকানের একটি টার্নার অচমকা ভিতরে ঢুকে এলে ঠকে যান 2025 আইপিএলের সর্বাধিক রানস্কোরার ৷ 165 বলে সুদর্শনের 87 রানের ইনিংস সাজানো 12টি চারে ৷
দিনের বাকি সময়টা 68 বল খেলে জয়সওয়ালকে সঙ্গ দেন অধিনায়ক শুভমন গিল ৷ দিনের শেষে তিনি অপরাজিত 20 রানে ৷ আর ভারতীয় ব্যাটিংয়ে প্রথমদিনের নায়ক যশস্বী জয়সওয়াল প্রথমদিন শেষে ডাবল-সেঞ্চুরি থেকে 27 রান দূরে ৷ 253 বলে তাঁর 173* রানের ইনিংস রয়েছে 22টি চার ৷ 20 ওভার হাত ঘুরিয়ে 60 রানে জোড়া উইকেট জোমেল ওয়ারিকানের ঝুলিতে ৷

