ETV Bharat / sports

17 বছর পর তাজিকিস্তান 'বধ' ভারতের, নেশনস কাপে জয় দিয়ে শুরু খালিদের

খালিদ জামিলের স্বপ্নের শুরু ৷ কাফা নেশনস কাপের প্রথম ম্যাচেই আয়োজক তাজিকিস্তানকে হারাল ভারত ৷

India beat Tajikistan
নেশনস কাপে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের (ছবি- ইন্ডিয়া ফুটবল টিম এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Sports Team

Published : August 30, 2025 at 8:11 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হিসর (তাজিকিস্তান), 30 অগস্ট: দেড় দশকের বেশি সময় পর তাজিকিস্তানকে হারিয়ে ভারতীয় ফুটবলে শুরু খালিদ জামানা ৷ শুক্রবার হিসরে কাফা নেশনস লিগে তাজিকিস্তানকে 2-1 গোলে হারাল ভারত। গোল করেন আনোয়ার আলি ও সন্দেশ ঝিঙ্ঘন। তবে পেনাল্টি বাঁচিয়ে এই জয়ের নায়ক ভারত অধিনায়ক গুরপ্রীত সিংহ সান্ধু। 2008 সালের পর এই প্রথমবার তাজিকিস্তানকে হারাল ভারত ৷

ভারতীয় ফুটবলে জয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু করলেন খালিদ জামিল ৷ প্রথমবার জাতীয় দলের কোচের চেয়ারে বসেই ভারতীয় দলকে ঐতিহাসিক জয় এনে দিলেন তিনি। প্রতিবন্ধকতা সরিয়ে সবকিছু মানিয়ে নিয়ে খালিদ ও তাঁর ছেলেরা হাসি ফোটালেন 'মেন ইন ব্লু' সমর্থকের মুখে ৷ এমন একটা সময় এই জয় এল, যখন ভারতীয় ফুটবলকে কার্যত অমানিশা গ্রাস করতে চলেছে ৷

দেশের সর্বোচ্চ লিগ শুরু হওয়া নিয়ে জটিলতা, দেশের ফুটবল নিয়ামক সংস্থায় প্রশাসনিক জটিলতায় বিশ্ব ফুটবলের নির্বাসনের খাঁড়া ঝুলছে। ফলে বেসামাল ভারতীয় ফুটবলে কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে জয় ফুটবলপ্রেমীদের স্বস্তি বয়ে নিয়ে এল। শুক্রবার ভারতীয় ফুটবলারই শুধু নয়, পরীক্ষায় বসেছিলেন কোচ খালিদ জামিলও। ভারতের কোচ হিসেবে অভিষেকে তাজিকিস্তানের বিরুদ্ধে সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন খালিদ।

4-4-1-1 ছকে ম্যাচ শুরু করে ভারত ৷ সামনে ছিলেন বিক্রম প্রতাপ সিংহ এবং ইরফান ইয়াদওয়াদ। শুরুর 5 মিনিটের মধ‌্যেই গোল পায় ভারত। মহম্মদ উভেসের লম্বা থ্রো থেকে আনোয়ারের হেড তাজিকিস্তানের ডিফেন্ডার বিপদমুক্ত করতে ব্যর্থ হয়। বল জালে জড়িয়ে যায়। 7 মিনিট পরেই ফের ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসের সুযোগ করে দেন সন্দেশ ঝিঙ্ঘন। এ ক্ষেত্রেও গোলের আক্রমণ শুরু হয় আনোয়ারের লম্বা ক্রস থেকে। আনোয়ারের লম্বা ক্রশে হেড রাহুল ভেকের। কিন্তু তাঁকে বাধা দিলেও তাজিকিস্তানের গোলরক্ষক মুহরিদ্দিন হাসানভ বল বিপদমুক্ত করতে পারেননি। বদলে বিপদ ডেকে নিয়ে আসেন। গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে যাওয়া বল টোকা দিয়ে জালে জড়ান সন্দেশ ৷ 2-0 এগিয়ে যা ভারত ৷

ম্যাচের 23 মিনিটে তাজিকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন শাহরম সামিয়েভ। আনোয়ার এবং সন্দেশ গোল করে মুন্সিয়ানা দেখালেও প্রতিপক্ষের গোল আটকাতে ব্যর্থ ৷ তাই তাজিকিস্তানের ব্যবধান কমানোর সুযোগের ক্ষেত্রে দায়ী ভারতের রক্ষণ। শিরিদ্দিন বোবোয়েভের ডিফেন্স চেরা থ্রু-এর সময়ে শাহরমের সঙ্গেই ছিলেন সন্দেশ। কিন্তু তাঁকে নিয়েই বল জালে জড়ালেন শাহরম।

দ্বিতীয়ার্ধে ভারতের ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু । 54 মিনিটে একটি নিশ্চিত সুযোগ বাঁচান তিনি। 70 মিনিটে তাজিকিস্তানের সামনে পেনাল্টির সুযোগ এলেও তা অসাধারণ দক্ষতায় বাঁচান গুরপ্রীত ৷

সব মিলিয়ে বিদেশি কোচের চমক নয়, সুনীল ছেত্রীর মত অস্তাচলে চলে যাওয়া স্ট্রাইকারকে ফিরিয়ে দৈন্যদশা মেলে ধরা নয়। মোহনবাগান সুপারজায়ান্টের ফুটবলার না-ছাড়ার অজুহাতকে তুড়ি মেরে উড়িয়ে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। যার কৃতিত্ব কোচ খালিদ জামিল এবং তাঁর ছেলেদের ৷