ETV Bharat / sports

ভারত আর জয়ের ব্যবধান 58 রান, লড়াই ছুড়েও সিরিজ হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ

দুই ক্যারিবিয়ান ব্য়াটারের সেঞ্চুরিতে শেষবেলায় খানিকটা প্রাণ পেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ৷

IND vs WI 2ND TEST
দিল্লিতে সিরিজ জয়ের পথে ভারত (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : October 13, 2025 at 6:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 13 অক্টোবর: ভারতীয় দল যে সিরিজ জিতবে সে বিষয়ে সন্দেহের কোনও অবকাশ ছিল না ৷ কিন্তু প্রশ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের এই সিরিজ 'প্রহসন' হবে না তো ? প্রত্য়াশিত লড়াই কি আদৌ দিতে পারবে আপাত নিরীহ ক্যারিবিয়ানরা ? প্রথম টেস্টে লড়াইয়ের লেশমাত্র না-থাকলেও দ্বিতীয় টেস্টে প্রত্যাশিত লড়াই এবং তাগিদ দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৷ বিশেষ করে ফলো-অনের পরেও দ্বিতীয় ইনিংসে যে প্রতিরোধ দেখালেন ক্যারিবিয়ান ব্যাটাররা, তা বাহবাযোগ্য ৷ তবুও চতুর্থদিনের শেষে ম্য়াচ এবং সিরিজ হারের করমর্দন দূরত্বে ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার দেশ ৷

প্রথম ইনিংসে 248 রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রায় চারশো রান তুলল ওয়েস্ট ইন্ডিজ ৷ ইনিংস হার এড়িয়ে ভারতকে 121 রানের লক্ষ্যমাত্রা দিল তাঁরা ৷ চতুর্থদিনের শেষে ভারতের রান এক উইকেটে 63 ৷ অর্থাৎ, বাকি 58 রান পঞ্চমদিন প্রথম ঘণ্টাতেই তুলে ফেলার কথা ভারতীয় ব্যাটারদের ৷ ক্রিজে 25 রানে অপরাজিত কেএল রাহুল ৷ 30 রানে ব্যাট করছেন সাই সুদর্শন ৷ আট রানে ফিরেছেন প্রথম ইনিংসের শতরানকারী যশস্বী জয়সওয়াল ৷

দুই ব্য়াটার জন ক্যাম্পবেল এবং শাই হোপের সেঞ্চুরিতে এদিন দ্বিতীয় ইনিংসে সাড়ে তিনশো রানের গণ্ডি পার করে ক্যারিবিয়ানরা ৷ শেষে দশম উইকেটে জাস্টিন গ্রিভেস ও জেইডেন সিলেসের 79 রানের জুটি সফরকারী দলকে চারশোর দোরগোড়ায় পৌঁছে দেয় ৷ দুই লোয়ার-অর্ডার ব্যাটারের এই জুটি দশম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের জন্য পঞ্চম সর্বাধিক ৷ 32 রানে সিলেস আউট হলেও গ্রিভেস হাফসেঞ্চুরি (50) করে অপরাজিত রয়ে যান ৷ তার আগে অবশ্য তৃতীয় উইকেটে 177 রানের জুটি বাঁধেন গতকালের দুই অপরাজিত ব্যাটার জন ক্য়াম্পবেল ও শাই হোপ ৷

তৃতীয়দিন 87 রানে অপরাজিত ক্যাম্পবেল কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করেন সোমবার প্রথম সেশনে ৷ যা 23 বছর পর ভারতের মাটিতে কোনও ক্যারিবিয়ান ওপেনারের শতরান ৷ মধ্যাহ্নভোজের আগেই অবশ্য 115 রানে সাজঘরে ফেরেন তিনি ৷ এরপর দ্বিতীয় সেশনে তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হোপ ৷ আট বছর পর লাল বলের ক্রিকেটে শতরান করে 103 রানে মহম্মদ সিরাজের শিকার হন তিনি ৷ ভারতের হয়ে সর্বাধিক তিনটি করে উইকেট কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরার ঝুলিতে ৷ ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শেষ হয় 390 রানে ৷

121 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই জয়সওয়ালকে হারায় ভারত ৷ আট রানে জোমেল ওয়ারিকানের শিকার হন বাঁ-হাতি ওপেনার ৷ এরপর দিনের বাকি 16.3 ওভারে আর কোনও বিপদ ঘটতে দেননি আরেক ওপেনার কেএল রাহুল ও সাই সুদর্শন ৷ দিনের শেষে এক উইকেটে ভারতের রান 63 ৷ অর্থাৎ, সিরিজ জয় আর ভারতের মাঝে ব্যবধান মাত্র 58 রানের ৷

আরও পড়ুন: