ব্রুনেইকে হাফডজন, হৃদয় জিতেও অল্পের জন্য এশিয়ান কাপে নেই দেশের যুবরা
শক্তিশালী কাতারের বিরুদ্ধে গত ম্য়াচে দুরন্ত লড়াই সত্ত্বেও বিতর্কিত পেনাল্টিতে ম্য়াচ হারতে হয়েছিল ভারতীয় দলকে ৷ যা বড় হয়ে দেখা দিল ৷

Published : September 10, 2025 at 1:44 PM IST
দোহা, 10 সেপ্টেম্বর: যেন একটা স্বপ্নের অপমৃত্যু ৷ বাহরিনকে হারিয়ে যোগ্যতা অর্জন পর্বে শুরু করা ভারতীয় দলকে গত ম্য়াচে কাতারের বিরুদ্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল ৷ তবুও আশা বেঁচে ছিল ৷ সেক্ষেত্রে শেষ ম্য়াচে ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিতে হত ৷ সেইমত মঙ্গলবার দোহার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে গোলবৃষ্টি ভারতের অনূর্ধ্ব-23 দলের ৷ ভিবিন মোহাননের হ্যাটট্রিকে ব্রুনেইকে হাফডজন গোলে হারাল ভারত ৷ তবুও আগামী বছর যুব (অনূর্ধ্ব-23) এশিয়ান কাপের মূলপর্বে জায়গা হল না নওশাদ মুসা অ্য়ান্ড কোম্পানির ৷
ব্রুনেইকে হারানোর পর ভারতীয় দল তাকিয়ে ছিল কাতার বনাম বাহরিন গ্রুপের শেষ ম্য়াচের দিকে ৷ মঙ্গলবার সেই ম্য়াচে সংযুক্তি সময়ে জোড়া গোল করে বাহরিনকে পরাস্ত করে কাতার ৷ সেইসঙ্গে ভারতীয় দলের পরবর্তী পর্বে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ৷ এক্ষেত্রে কাতার ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে যাওয়া বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত বড় হয়ে দেখা দিল ৷ সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে 2-1 ব্যবধানে ম্য়াচ জিতে নেয় কাতার ৷ মঙ্গলবার জিতে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মূলপর্বে মধ্যপ্রাচ্যের দেশটি ৷ অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে শেষ করল 'ব্লু টাইগার্স' ৷
11টি গ্রুপের শীর্ষস্থানীয় দলগুলোর পাশাপাশি দ্বিতীয়স্থানাধিকারী চারটি সেরা দল জায়গা করে নিল আগামী বছর সৌদি আরবে হতে চলা মহাদেশীয় টুর্নামেন্টে ৷ সেখানে ভারত শেষ করল পঞ্চমস্থানে ৷ অর্থাৎ, অল্পের জন্য হৃদয় ভাঙল দেশের যুব দলের ৷ তাতে কী ? যোগ্যতা অর্জন পর্বে দুর্ধর্ষ পারফরম্যান্সে মন জিতে নিল দেশের ছোটরা ৷
Hat-trick man! 🎩
— Indian Football Team (@IndianFootball) September 9, 2025
Vibin Mohanan ⚽️⚽️⚽️#INDBRU #AFCU23 #BlueColts #IndianFootball ⚽️ pic.twitter.com/M9UlBbeQ4X
কাতারের রাজধানীতে এদিন ব্রুনেইয়ের বিরুদ্ধে 6-0 গোলে জয়ে ভিবিনের হ্যাটট্রিক ছাড়াও জোড়া গোল এল মহম্মদ আইমেনের পা থেকে ৷ একটি গোল আয়ুষ ছেত্রীর ৷ বোর্নিয়ো দ্বীপের অন্তর্গত ছোট্ট দেশটির বিরুদ্ধে এদিন প্রথম দশ মিনিটেই জোড়া গোল তুলে নেয় ভারত ৷ জোড়া গোলই আসে ভিবিনের পা থেকে ৷ প্রথমার্ধের শেষদিকে আয়ুষ ছেত্রী স্কোরশিটে নাম তুলে তিন গোলে এগিয়ে দেন ভারতকে ৷
The #BlueColts end the qualifiers with a win 💪
— Indian Football Team (@IndianFootball) September 9, 2025
Now, we wait for results elsewhere to determine our fate ⏳#INDBRU #AFCU23 #IndianFootball ⚽️ pic.twitter.com/TdqnfXHPU3
বিরতির পর বিপক্ষের জালে আরও তিনবার বল জড়ান ভারতীয় ফুটবলাররা ৷ 62 মিনিটে বাঁক-খাওয়ানো ফ্রি-কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন কেরালা ব্লাস্টার্সের ভিবিন ৷ ভারতের হয়ে শেষ দু'টি গোল 58 মিনিটে মহম্মদ সুহেলের পরিবর্ত হিসেবে নামা আরেক কেরালা ব্লাস্টার্স ফুটবলার মহম্মদ আইমেনের ৷ দূরপাল্লার শট থেকে জোড়া গোল করেন এই উইঙ্গার ৷ কাফা নেশনস কাপে সিনিয়র দলের ব্রোঞ্জজয়ের পরদিন যুব দল এশিয়ান কাপের মূলপর্বে পা রাখলে আনন্দ দ্বিগুণ হত বৈকি ৷ কিন্তু বড় ব্যবধানে ম্যাচ জিতেও সে আর হল কই ?

