ETV Bharat / sports

অ্যাটকিনসনের পঞ্চবাণ, ওভালে 224 রানে শেষ ভারতের প্রথম ইনিংস

দ্বিতীয়দিন 34 বল খেলে স্কোরবোর্ডে মাত্র 20 রানে যোগ করে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস ৷

INDIA ALL OUT FOR 224 RUNS
পাঁচ উইকেট অ্যাটকিনসনের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 1, 2025 at 4:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লন্ডন, 1 অগস্ট: দ্বিতীয়দিনের খেলা শুরু হওয়ার কয়েক মিনিট আগেই কাঁধের চোট পঞ্চম টেস্ট থেকে ছিটকে দেয় ক্রিস ওকসকে ৷ ফলত ওভাল টেস্টে বাকি সময়টা ইংল্য়ান্ডের পেস বোলিংয়ের ব্য়াটন অনভিজ্ঞ তিনজনের হাতে ৷ তাতে কী ? বড় নামের তোয়াক্কা না-করে ওভালের সবুজ পিচে প্রথম ইনিংসে ভারতকে মাত্র 224 রানে গুটিয়ে দিল ইংল্য়ান্ড ৷ পাঁচ উইকেট নিয়ে ভারতীয় ব্য়াটিং লাইন-আপকে ভাঙার আসল কাজটা করলেন গুস অ্য়াটকিনসন ৷ যিনি ওভালে চলতি সিরিজের প্রথম টেস্টটি খেলছেন ৷

অ্যাটকিনসনের পাঁচ উইকেটের পাশাপাশি তিন উইকেট পেলেন আরেক পেসার জোশ টাং ৷ কাঁধের চোটে বেরিয়ে যাওয়ার আগে প্রথমদিন একটি উইকেট নিয়েছিলেন ক্রিস ওকস ৷ ছয় উইকেট হারিয়ে 204 রান তুলে ওভালে প্রথমদিনের খেলা শেষ করেছিল ভারতীয় দল ৷ অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত ছিলেন করুণ নায়ার ৷ সঙ্গে ক্রিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর ৷ শুক্রবার সকালে মাত্র 20 মিনিটের মধ্যেই বাকি চার উইকেট হারাল ভারতীয় দল ৷ আর গতকালের সঙ্গে 20 রান যোগ করে 69.4 ওভারে 224 রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস ৷

প্রথমদিন শেষে 52 রানে অপরাজিত করুণ নায়ারের ইনিংস লম্বা হয়নি দ্বিতীয়দিন ৷ মাত্র পাঁচ রান যোগ করে 57 রানে জোশ টাংয়ের বলে লেগ-বিফোর উইকেট হয়ে ফেরেন তিনি ৷ সেইসঙ্গে দিনের প্রথম উইকেটটি হারায় ভারত ৷ পরবর্তী তিন উইকেট যায় অ্য়াটকিনসনের ঝুলিতে ৷ প্রসিদ্ধ কৃষ্ণাকে কট বিহাইন্ড করে টেস্ট ক্রিকেটে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেন তিনি ৷ তার আগে সিরাজ বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৷ 26 রানে ওয়াশিংটন সুন্দর আউট হন জেমি ওভারটনের তালুবন্দি হয়ে ৷ সবমিলিয়ে দ্বিতীয়দিন মর্নিং সেশনে মাত্র 34 বল খেলেই গুটিয়ে যায় সফরকারী দলের ইনিংস ৷

ভারতের হয়ে করুণ নায়ার সর্বাধিক 57 রান করলেন 109 বল খেলে ৷ মারলেন ন'টি চার ৷ দ্বিতীয় সর্বাধিক রান সাই সুদর্শনের (108 বলে 38) ৷ অন্য়দিকে ইংল্য়ান্ড পেসার অ্য়াটকিনসন 21.4 ওভারে 33 রান দিয়ে নিলেন পাঁচ উইকেট ৷ 57 রানে তিন উইকেট পেলেন জোশ টাং ৷

আরও পড়ুন: