সিরাজের 'ব্লান্ডারে' ব্রুকের সেঞ্চুরি, ওভালে সিরিজ হারের মুখে ভারত
19 রানের মাথায় ব্রুকের লোপ্পা ক্য়াচ ধরে বাউন্ডারি সীমানায় পা দিয়ে ফেলেন সিরাজ ৷

Published : August 3, 2025 at 7:59 PM IST
লন্ডন, 3 অগস্ট: নায়ক থেকে খলনায়ক বনে যাওয়ার মুখে মহম্মদ সিরাজ ৷ ওয়ার্কলোডের বালাই ঝেড়ে ফেলে চলতি সিরিজে ভারতীয় পেস বোলিং বিভাগকে যেভাবে সার্ভিস দিয়েছেন, তাতে অনুরাগীমহলে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন হায়দরাবাদ পেসার ৷ ওভাল টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট এসেছে তাঁর ঝুলিতে ৷ সবমিলিয়ে চলতি টেস্টের সর্বাধিক উইকেটশিকারি তিনিই ৷ চতুর্থদিন সকালেও ইংরেজ পেসার ওলি পোপকে ফেরালেন একটি দুর্ধর্ষ ডেলিভারিতে ৷ কিন্তু এরপর রবিবাসরীয় ওভালে যে ভুল তিনি করলেন, তাতে ওভাল টেস্টজয়ের সম্ভাবনা ক্রমশ ফিকে হল ভারতের ৷
মর্নিং সেশনে জোড়া উইকেট হারিয়ে তখন ইংল্য়ান্ডের রান তিন উইকেটে 153 ৷ বাকি ছয় উইকেটে দু'শোরও বেশি রান দরকার হোম টিমের ৷ ক্রিজে জো রুটের সঙ্গে তখন অন-স্ট্রাইকে হ্য়ারি ব্রুক ৷ ঠিক আগের ওভারেই আকাশদীপকে একটি ছক্কা এবং একটি চার মেরে বাজবলের মোড়কে ঢুকেছেন সাদা-বলে ইংল্য়ান্ডের অধিনায়ক ৷ 35তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার লাফিয়ে ওঠা প্রথম ডেলিভারিতে ছক্কা মারতে উদ্যত ব্রুক ফাইন-লেগে ধরা পড়েন সিরাজের হাতে ৷ দু-বাহু প্রসারিত করে উচ্ছ্বাসও দেখিয়ে ফেলেন কৃষ্ণা ৷ কিন্তু আচমকা ভুল ভাঙে তাঁর ৷ ব্রুকের দিকে তাকিয়ে হতাশায় মুখ ঢাকেন তিনি ৷
19 রানে দাঁড়িয়ে থাকা ব্রুকের ক্য়াচটি তালুবন্দি করলেও বাউন্ডারি সীমানায় পা দিয়ে ফেলেন হায়দরাবাদ পেসার ৷ অর্থাৎ, আউটের পরিবর্তে ইংরেজ ব্য়াটারের খাতায় যোগ হয় ছয় রান ৷ জীবন ফিরে পেয়ে আগ্রাসী ব্য়াটিং জারি রাখেন ব্রুক ৷ লাঞ্চের পরই মাত্র 39 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷ এরপর ভারতীয় বোলারদের শাসন করে দ্বিতীয় সেশনে টেস্ট ক্রিকেটের দশম সেঞ্চুরিটি পূর্ণ করে ফেলেন তিনি ৷ মাত্র 91 বলে ওভালে চলতি সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিটি আসে ব্রুকের ব্য়াটে ৷ যা ভারতকে সিরিজ হারের দোরগোড়ায় করে দিল ৷
Out? Six!?
— England Cricket (@englandcricket) August 3, 2025
What's Siraj done 😱 pic.twitter.com/hp6io4X27l
প্রথম সেশনে জোড়া উইকেট হারালেও রুট এবং ব্রুকের ব্য়াটিং বিক্রমে তৃতীয় সেশনে এখনও উইকেটহীন ইংল্য়ান্ড ৷ ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে এগোচ্ছেন রুটও ৷ 106 রানে তৃতীয় উইকেট হারানোর পর অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ইতিমধ্যেই 180 রান যোগ করে ফেলেছেন দু'জনে ৷ প্রতিবেদন লেখার মুহূর্তে রুট ব্য়াট করছেন 78 রানে ৷ 61 ওভার শেষে ইংল্য়ান্ডের রান তিন উইকেটে 286 ৷ অর্থাৎ, জয়ের জন্য চাই আর 88 রান ৷ ব্রুক ফিরলে ভারতের কতটা সুবিধা হত জানা নেই ৷ কিন্তু সিরাজের ব্লান্ডার সিরিজে সমতা ফেরানোর সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিল বলা যায় ৷

