ETV Bharat / sports

অভিষেকে উজ্জ্বল সেলিস, তবু হারের হ্যাটট্রিকে আঁধারে লাল-হলুদ

আইএসএলে হতশ্রী ফলাফল অব্য়াহত লাল-হলুদের ৷ গোয়ার মাটিতে হেরে হারের হ্য়াটট্রিক করল অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷

FC GOA BEAT EAST BENGAL
হারের হ্যাটট্রিকে আঁধারে লাল-হলুদ (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : January 19, 2025 at 9:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ফতোরদা, 19 জানুয়ারি: মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের পর হার এফসি গোয়ার কাছেও ৷ হারের হ্যাটট্রিক পূর্ণ করে চলতি আইএসএলের প্রথম ছয়ে শেষ করার শেষ আশাটুকুও মাণ্ডবীর জলে ভাসিয়ে এল ইস্টবেঙ্গল ৷ গৌরদের কাছে মশালবাহিনী হারল 0-1 গোলে ৷ 13 মিনিটে ম্য়াচের একমাত্র গোলটি ব্রাইসন ফার্নান্ডেজের ৷ যাঁর জোড়া গোলে গোয়ার মাটিতে হারতে হয়েছিল সবুজ-মেরুনকে ৷ তবে আরও এক হতাশার দিনে লাল-হলুদের হয়ে উজ্জ্বল অভিষেক হল রিচার্ড সেলিসের ৷ শেষমেশ চোট পেয়ে মাঠ ছাড়লেন তিনিও ৷

গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট-আঘাত, কার্ড সমস্যার দিনে রক্ষণের ভুল কোনও দলের কাজ কঠিন করে দেয়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এদিন তার ব্যতিক্রম নয়। 13 মিনিটে লাল-হলুদের প্রাক্তনী বোরহা হেরেরার সেন্টার থেকে হেডে গোল ব্রাইসনের। হিজাজি মাহেরের পিছন থেকে অতর্কিতে উঠে এসে গোল করে যান তরুণ তুর্কি। গোলরক্ষক প্রভসুখন সিং গিল এবং হিজাজি মাহেরের ভুল বোঝাবুঝিতে এফসি গোয়ার বাজিমাত। বিরতির আগে আরও একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় গোয়ার। বাকি সময় বল দখলের পরিসংখ্যানে মানোলো দিয়াজের ছেলেরা এগিয়ে। তবে আক্রমণে ধার বেশি ছিল ইস্টবেঙ্গলেরই।

অন্তত দু'বার সমতায় ফেরার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোলমুখে দিমিত্রিয়স দিয়ামান্তোকসের ব্যর্থতায় তা হয়নি। দ্বিতীয়ার্ধে ডেভিড লালহ্লানসাঙ্গাকে তুলে ক্লেইটন সিলভাকে নামান অস্কার ব্রুজোঁ। একটি পরিবর্তনে বদলে যায় ইস্টবেঙ্গল। প্রাথমিক জড়তা সরিয়ে রিচার্ড সেলিস তখন আরও ক্ষুরধার। এই সময় পুরো খেলাটাই চলছিল এফসি গোয়ার অর্ধে। একের পর এক লাল-হলুদ আক্রমণে গোয়া তখন প্রকৃত অর্থেই ব্যাকফুটে। এই সময় পিভি বিষ্ণুর সেন্টার থেকে দিনের সহজতম সুযোগটি নষ্ট করেন রিচার্ড সেলিস।

হ্য়ান্ডশেকিং দূরত্ব থেকে গোল করতে ব্যর্থ হন নবাগত। এই সুযোগ নষ্টের জন্য সেলিস যতটা দায়ী, ততটাই কৃতিত্ব অবশ্য এফসি গোয়া গোলরক্ষকের ৷ প্রতি-আক্রমণে চাপ আলগা করার চেষ্টায় ছিল এফসি গোয়া। এই সময় ব্রাইসনের পাস থেকে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন আর্মান্দো সাদিকু।
শেষে লাল কার্ডও দেখেন তিনি ৷ একমাত্র গোলে জিতে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে গোয়া ৷ অন্যদিকে ইস্টবেঙ্গল রইল সেই তিমিরেই ৷

আরও পড়ুন: