ETV Bharat / sports

সমস্যা সরিয়ে সুপার সিক্সে দাপুটে শুরুর খোঁজে ইস্টবেঙ্গল, সামনে ইউনাইটেড কলকাতা

কার্ড এবং চোট সমস্য়ায় একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে সুপার সিক্সের প্রথম ম্য়াচে পাবে না লাল-হলুদ ৷

EAST BENGAL
সুপার সিক্সের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গলের সামনে ইউনাইটেড কলকাতা (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : September 10, 2025 at 5:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 সেপ্টেম্বর: গোড়ালির চোটে নেই সৌভিক চক্রবর্তী ৷ চোট এতটাই গুরুতর যে, সুপার সিক্সের ম্যাচে তাঁকে আর পাওয়া যাবে কি না সন্দেহ ৷ গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং উইঙ্গার সায়ন বন্দ্যোপাধ্য়ায়ও কার্ড সমস্যায় নেই ৷ সবমিলিয়ে চোট এবং কার্ড সমস্যাকে সঙ্গী করে কলকাতা লিগে সুপার সিক্স বা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে বৃহস্পতিবার নামছে ইস্টবেঙ্গল ৷ নিজেদের মাঠে বিনো জর্জের লাল-হলুদের সামনে ইউনাইটেড কলকাতা ৷

চ্যাম্পিয়নশিপের দৌড়ে নামার আগে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের না-থাকা নিঃসন্দেহে সমস্যার ৷ সবচেয়ে বড় সমস্যা ছয় ভূমিপুত্রের নিয়মবিধি পালনের ক্ষেত্রে ৷ সুপার সিক্সের প্রথম ম্য়াচে নামার আগে কোচ বিনো জর্জ বলছেন, "কলকাতা লিগ দেশের কঠিনতম লিগ আমি আগেও বলেছি ৷ প্রতিটি দলই শক্তিশালী ৷ তাই ইউনাইটেড কলকাতাকে খাটো করে দেখার ভাবনা নেই ৷ এই পর্যায়ে তিনটি ম্যাচই কার্যত ফাইনাল ৷ আমরা যে কোনও চ্যালেঞ্জ সামলাতে তৈরি ৷ তিন সিনিয়র ফুটবলারের না-থাকাটা ধাক্কার ৷ তবে দলের বাকিরাও নিজেদের মেলে ধরতে তৈরি ৷"

চলতি লিগে প্রথমবার নিজেদের মাঠে খেলতে নামার আগে অবশ্য রাজারহাট-নিউটাউনে ফেডারেশনের মাঠে শেষ প্রস্তুতি সারল ইস্টবেঙ্গল ৷ চলতি মরশুমে কলকাতা লিগে শুরুটা দাপট দেখিয়ে না-হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন লাল-হলুদ ফুটবলাররা ৷ বিনো জর্জের কথায়, "আমাদের দলে ভূমিপুত্র অনেক রয়েছে ৷ অনেকদিন পরে আমরা নিজেদের মাঠে খেলতে নামব ৷ আশা করব সমর্থকরা প্রচুর সংখ্যায় মাঠ ভরাবেন ৷ তাঁদের সমর্থন আমাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করবে ৷" তিনটি ম্যাচে সাফল্যের উপর দাঁড়িয়ে খেতাবের ভাগ্য ৷ বিনো জর্জ তাই তিনটি ম্যাচকেই নকআউট বলছেন ৷

চোট সারিয়ে সুপার সিক্সের শুরুতেই ফিরছেন স্ট্রাইকার জেসিন টিকে ৷ গতবছর কলকাতা লিগের সর্বাধিক গোলস্কোরার দলে ফিরে আসায় স্বস্তি লাল-হলুদে। প্র্যাকটিসেও স্বচ্ছন্দ দক্ষিণী ফুটবলার ৷ ফিট হয়ে উঠেছেন মনোতোষ মাজিও ৷ ফলে গোল করার লোকের সংখ্যা বাড়ছে বিনো জর্জের দলে ৷ যা ভালো খবর ৷ পিভি বিষ্ণুর সঙ্গে ছন্দে রয়েছেন ভানলালপেকা গুইতেও ৷ ম্যাচের রং পরিবর্তনে মিজোরামের ফুটবলার অনবদ্য পারফরম্যান্স মেলে ধরছেন ৷ সিনিয়র দলে সুযোগ পাওয়াকে পাখির চোখ করা গুইতে কলকাতা লিগে আরও বেশি গোল করে এবং করিয়ে অস্কার ব্রুজোঁর নজরে পড়তে চাইছেন ৷ ফলত সুপার সিক্স তাঁর সামনে আদর্শ প্ল্যাটফর্ম ৷ সবমিলিয়ে সমস্যা থাকলেও তা মানিয়ে নিয়ে সুপার সিক্সে দাপুটে শুরু করতে চায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: