বিবর্ণ ফুটবল, দশজনের সুরুচির কাছে আটকে গেল ইস্টবেঙ্গল
ম্য়াচে মনোতোষ মাজি এবং জেসিন টিকে'র অনুপস্থিতি ভালোই টের পেলেন বিনো জর্জ ৷

Published : July 4, 2025 at 9:03 PM IST
নৈহাটি, 4 জুলাই: প্রথম ম্য়াচের তেজ রাতারাতি উধাও ৷ বিবর্ণ ফুটবলে কলকাতা লিগের দ্বিতীয় ম্য়াচে আটকে গেল ইস্টবেঙ্গল ৷ তাও আবার প্রায় 25 মিনিট প্রতিপক্ষকে দশজনে পেয়েও ৷ নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার সুরুচি সংঘের বিরুদ্ধে 1-1 গোলে অমীমাংসিত শেষ হল ইস্টবেঙ্গলের ম্য়াচ ৷
বৃষ্টিভেজা মাঠে স্ট্রাইকারদের ছটফটানি ডিফেন্ডারদের সমস্যায় ফেলে ৷ কিন্তু চোটের জন্য ইস্টবেঙ্গলের দুই প্রধান স্ট্রাইকার মনোতোষ মাজি এবং জেসিন টিকেই এদিন ছিলেন না মাঠে ৷ ফল যা হওয়ার তাই হল ৷ ম্য়াচে পজিটিভ স্ট্রাইকারের অভাবে ভুগল ইস্টবেঙ্গল ৷ তার সঙ্গে যোগ হল বড়লোকের বাউন্ডুলে ছেলের মত গোলনষ্টের প্রদর্শনী ৷
চলতি কলকাতা লিগ ভূমিপুত্র নির্ভর। প্রতিটি দলকেই একাদশে ছয় বাংলার ফুটবলার রাখতে হচ্ছে ৷ সেই মাপকাঠিতে দেখতে গেলে এবারের লিগে সুরুচি সংঘের জায়ান্ট কিলার হওয়ার সব মশলা মজুত ৷ গোল নষ্টের প্রদর্শনীর পরেও প্রথমার্ধের সংযুক্তি সময়ে অবশ্য গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ভানলালপেকা গুইতে ৷ বলরাম মাণ্ডির ভুল থেকে বল পেয়ে দুরন্ত গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তিনি ৷ কিন্তু সেই লিড ক্ষণিকের জন্যই স্থায়ী হয় ৷
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সুরুচিকে সমতায় ফেরান কর্মন্য বনশল ৷ 47 মিনিটে ম্য়াচের ফলাফল 1-1 হয়ে যাওয়ার পর ম্য়াচ থেকে হারিয়ে যায় লাল-হলুদ ৷ বিনো জর্জের ছেলেরা এই সময় কার্যত ব্যাকফুটে ৷ পরবর্তীতে অন্তত দু'বার গোলমুখ খুলে ফেলেছিল সুরুচি ৷ কিন্তু দু'টো ক্ষেত্রেই পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় এই যাত্রায় রক্ষা পায় ইস্টবেঙ্গল ৷
FT | It ends all square in Naihati ⚔️#JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/InEBP750Cs
— East Bengal FC (@eastbengal_fc) July 4, 2025
কঠিন পরিস্থিতিতে বড় দল জাত চেনায় সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ৷ ইস্টবেঙ্গল ফুটবলাররা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ৷ ব্যর্থতা এতটাই যে, 68 মিনিটে সুরুচির বাবলু ওরাওঁ লাল কার্ড দেখার পরেও বাকি সময়টা ইস্টবেঙ্গল ফায়দা তুলতে ব্যর্থ ৷ সবমিলিয়ে প্রথম ম্য়াচে মেসারার্সকে সাত গোলের মালা পরানোর পর দ্বিতীয় ম্য়াচেই তাল কাটল ইস্টবেঙ্গলের ৷ এদিকে ভুলে ভরা নৈহাটি স্টেডিয়াম নৈশালোকের ম্যাচে দেখা গেল বাতিস্তম্ভের গোলযোগ ৷ পুরো আলো জ্বলল না কোনও বাতিস্তম্ভেই ৷ শুক্রবার কলকাতা লিগের অন্য ম্যাচে মহামেডান স্পোর্টিং এবং কলকাতা পুলিশের ম্য়াচ শেষ হল 2-2 গোলে ৷ দু'বার ম্য়াচে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ সাদা-কালো ব্রিগেড ৷

