ETV Bharat / sports

প্রতিপক্ষকে চূড়ান্ত সমীহ, ডার্বি নিয়ে প্রশ্ন এড়িয়ে নামধারী জয়ে চোখ ব্রুজোঁর

শ্রীনিধি'র বিরুদ্ধে ভারতীয় রক্ষণ খেলালেও কেভিন সিবিলে শুরু করতে পারেন মঙ্গলবার ৷ ড্র করলেই ফাইনাল নিশ্চিত হলেও জয় ছাড়া ভাবছেন না ব্রুজোঁ ৷

OSCAR BRUZON
অস্কার ব্রুজোঁ (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : October 13, 2025 at 4:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 অক্টোবর: কলকাতার দুই প্রধানের পর চলতি আইএফএ শিল্ডে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নামধারী এফসি ৷ তাই তাঁদের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে তো সতর্ক থাকতেই হবে ৷ মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্য়াচে নামার আগে তেমনটাই জানালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ৷ ড্র করলেই ফাইনাল নিশ্চিত ৷ খেতাবি লড়াইয়ে আবার সামনে পড়তে পারে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ৷ কিন্তু নামধারীর বিরুদ্ধে নামার আগেরদিন কেবল আগামিকালের ম্যাচেই চোখ স্প্যানিয়ার্ডের ৷

শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে শিল্ড অভিযান শুরু করলেও দলের খেলায় সন্তুষ্ট ছিলেন না অস্কার ব্রুজোঁ ৷ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নামধারী এফসিও প্রথম ম্যাচে জয় পেয়ে ফাইনালের রাস্তা খুলে রেখেছে ৷ তাই খাতায়-কলমে এগিয়ে থাকলেও মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে নামার আগে ব্রুজোঁর সাজঘর জুড়ে সতর্কতা ৷ প্রভাত লাকরা, রামসাঙ্গা তলাইচুন ছাড়া সকলেই ফিট ৷ সাউল ক্রেসপোকে ঘিরে শঙ্কা থাকলেও তা উড়িয়ে দিলেন কোচ ৷ তবে নামধারীর বিরুদ্ধে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অস্কার ব্রুজোঁ ৷ শ্রীনিধি'র বিরুদ্ধে ভারতীয় রক্ষণ খেলালেও কেভিন সিবিলে শুরু করতে পারেন মঙ্গলবার ৷ দুই প্রান্তে বিপিন সিং এবং সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ মাঝখানে একটু নীচ থেকে শুরু করতে পারেন হামিদ আহদাদ ৷ মিগুয়েল ফিগেরার পাশে থাকবেন মহম্মদ রশিদ ৷ প্র্যাকটিসে বাড়তি জোর দেওয়া হল সেটপিসে ৷

অস্কার ব্রুজোঁর বক্তব্য (ETV Bharat)

কর্নার থেকে একের পর এক হেড দিয়ে গোলের চেষ্টায় হামিদ, হিরোশি, রশিদরা ৷ প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণে অস্কার ব্রুজোঁ বলেন, "নামধারী এফসি কঠিন প্রতিপক্ষ ৷ একেবারেই সহজ খেলা হবে না। ওরা বল ধরে খেলতে বেশি পছন্দ করে ৷ দু'জন ফুটবলারের মধ্যে দূরত্ব খুব কম রেখে খেলা তৈরি করে ওরা ৷" লাল-হলুদ কোচ আরও জানান, ডুরান্ড কাপে জয় পেলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যথেষ্ট লড়াই দিয়েছিল নামধারী ৷ ডুরান্ডের ফাইনালে পৌঁছতে না-পারা যে তাঁকে এখনও হতাশ করে, তা স্পষ্ট করলেন ব্রুজোঁ ৷

অঙ্ক বলছে ড্র করলেই ফাইনালের টিকিট মিলবে ৷ তবে লাল-হলুদ হেডস্যর জয় ছাড়া অন্যকিছু ভাবতে নারাজ ৷ এদিকে অনুশীলন পুরোদমে শুরু করে দিলেও নামধারীর বিরুদ্ধে নামতে পারবেন না হিরোশি ইবুসুকি ৷ তবে পারফরম্যান্স এক্ষেত্রে ইস্যু নয় ৷ জাপানি স্ট্রাইকারের আইটিসি এখনও এসে পৌঁছয়নি বলে জানালেন ব্রুজোঁ ৷ সোমবারের মধ্যে তা চলে এলে নামতে পারবেন ৷ তবে সেই সম্ভাবনা ভীষণই ক্ষীণ ৷

আরও পড়ুন: