শুল্ক দফতরে আটকে গেল ইস্টবেঙ্গল, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিনো জর্জ
তিন ম্যাচে দু'টি ড্র ইস্টবেঙ্গলের ৷ গতবারের দাপট উধাত্ত ৷ কোচ বিনো জর্জ বলছেন সুযোগ নষ্টের খেসারত দিল দল ৷

Published : July 12, 2025 at 7:44 PM IST
কল্যাণী, 12 জুলাই: ফের আটকে গেল ইস্টবেঙ্গল ৷ সুরুচি সংঘের পর কাস্টমস ৷ বিনো জর্জের লাল-হলুদ পয়েন্ট নষ্ট করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ৷ শনিবার কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের ফল 2-2। কাস্টমসের হয়ে গোল শ্লোক তিওয়াড়ি এবং সৌরভ সেনের। ইস্টবেঙ্গলের হয়ে গোল অনন্তু এবং প্রভাত লাকড়ার।
দু'গোলে পিছিয়ে পড়েও প্রত্যাঘাত ইস্টবেঙ্গলের ৷ তবুও তাদের প্রশংসা করা যাচ্ছে না ৷ কারণ সুযোগ নষ্টের প্রদর্শনীতে জেসিন টিকে, প্রভাত লাকরা, আমন সিকে নিশ্চিত জয় মাঠে ফেলে এলেন।

প্রথম 15 মিনিটে তিনটে এমন সুযোগ সঞ্জীব ঘোষ, গুইতে, জোসেফ জাস্টিন নষ্ট করেছেন, যা তাদের দ্বিতীয়বার করতে দিলে পারবেন না। এইসময় একতরফা খেলছিল ইস্টবেঙ্গল। কিন্তু খেলার গতির বিপরীতে 17 মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় কাস্টমস। বক্সের মধ্যে সুময় সোমকে ফেলে দেন চাকু মাণ্ডি । রেফারি পেনাল্টি দিলে গোল করতে ভুল করেননি শ্লোক তিওয়ারি। পাঁচ মিনিট পরে ফের গোল কাস্টমসের। এবার রিকি ঘরামির পাস থেকে গোল সৌরভ সেনের।
খেলার গতির বিপরীতে 2 গোলে পিছিয়ে পড়ার ধাক্কায় ইস্টবেঙ্গলের খেলা কার্যত তালগোল পাকিয়ে যায়। অবস্থা সামাল দিতে জেসিন টিকে নামেন গুইতের বদলে। কাস্টমস ম্যাচে লাল-হলুদ কোচ বিনো জর্জ প্রথম একাদশে চার বদল করেন। রক্ষণে চাকু মাণ্ডির সঙ্গে প্রভাত লাকড়া খেললেন। আর পুরো 90 মিনিটে লাল-হলুদের দুই ডিফেন্ডারের বোঝাপড়ার অভাব কাস্টমসকে সুবিধা করে দেয়। একসময় মনে হচ্ছিল কাস্টমস দু'গোলে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিয়ে যাবে। কারণ ততক্ষণে রক্ষণে লোক বাড়াতে শুরু করেছিল।

বিরতিতে কুশ ছেত্রীর বদলে সায়ন বন্দ্যোপাধ্যায়, আমন সিকের বদলে রোশলকে এবং পরে রোশলের বদলে মহম্মদ আশিককে নামিয়ে অবস্থা সামাল দেন বিনো জর্জ। পিছিয়ে থাকার ধাক্কা সরিয়ে ইস্টবেঙ্গল খেলায় ফিরতে থাকে। ম্যাচের রাশ হারাতে থাকে কাস্টমস। শেষ পর্যন্ত 61 মিনিটে জেসিন টিকে-র ডানদিক থেকে ভাসানো সেন্টারে অনন্তুর হেডে ব্যবধান কমে (2-1)। 10 মিনিট পরে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। এবার প্রভাত লাকড়ার গোল নাসিমের পাস থেকে (2-2)। দু'গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে সমতায় ফেরার পরে ফের একাধিক গোলের সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের। একই সঙ্গে নষ্ট জয় তুলে নেওয়ার সুযোগও।
তিন ম্যাচে দু'টি ড্র ইস্টবেঙ্গলের ৷ গতবারের দাপট উধাত্ত ৷ কোচ বিনো জর্জ বলছেন সুযোগ নষ্টের খেসারত দিল দল ৷ তবে ডার্বির আগে দল পিছিয়ে পড়লে প্রমাণ করার তাগিদ বাড়ে ৷ মঙ্গলবার ইস্টবেঙ্গল খেলবে পাঠচক্রের বিরুদ্ধে । তারপর ডার্বি। এই অবস্থায় পরপর পয়েন্ট নষ্ট কপালে বলিরেখা বাড়বে বিনো জর্জের। অন্যদিকে কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলছেন, নিশ্চিত জয় তারা হাতছাড়া করলেন।

