ETV Bharat / sports

জোড়া গোলে নায়ক জেসিন, 'হীরক'দ্যুতি ম্লান করে লিগ জয়ের খুব কাছে ইস্টবেঙ্গল

পরিবর্ত হিসেবে জোড়া গোল করলেন জেসিন ৷ 22 সেপ্টেম্বর সুপার সিক্সের শেষ ম্য়াচে লাল-হলুদের সামনে ইউনাইটেড স্পোর্টস ৷

EAST BENGAL
গোল সেলিব্রেশন ডেভিডের (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : September 14, 2025 at 5:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 সেপ্টেম্বর: ডুরান্ড সেমিফাইনালে হারের বদলা কলকাতা লিগে ৷ রবিবার কিশোরভারতী স্টেডিয়ামে কলকাতা লিগে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্য়াচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে 3-1 গোলে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল ৷ লাল-হলুদের হয়ে জোড়া গোল জেসিন টিকে'র, একটি গোল এল ডেভিড লালহ্লানসাঙ্গার পা থেকে ৷ ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোল পবন পাত্তেমের ৷ এই জয়ের সঙ্গে ইস্টবেঙ্গল 40তম লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল ৷ আগামী 22 সেপ্টেম্বর ঘরের মাঠে জয় লাল-হলুদের ঘরে আটবছর পরে লিগ খেতাব ফিরিয়ে দেবে ৷

প্রথম পনেরো মিনিটে প্রতিপক্ষ ডায়মন্ড হারবারের চাপ সামলে ম্যাচের রাশ এদিন হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল ৷ এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তন্ময় দাস, পিভি বিষ্ণু, ডেভিড লালহ্লানসাঙ্গারা ৷ 26 মিনিটে আমন সিকে'র পাস থেকে বল ধরে পিভি বিষ্ণু তা ডেভিডকে বাড়িয়ে দিলে ফাঁকা গোলে বল ঠেলে 1-0 করেন পাহাড়ি স্ট্রাইকার ৷ আট মিনিট পর গোলের সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু ৷ আমন সিকে'র পাস থেকে কেরল ফুটবলার নিশানায় অব্যর্থ থাকলে 2-0 করে ফেলত বিনো জর্জের ছেলেরা ৷

বিরতির পরেও দাপট ধরে রাখে ইস্টবেঙ্গল ৷ লাল-হলুদের সামনে ডায়মন্ড হারবার আবারও ব্যাকফুটে ৷ এমন সময় বিনো জর্জ নামিয়ে দেন ভানলালপেকা গুইতে এবং জেসিন টিকে'কে ৷ ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ বাড়লেও ডায়মন্ড হারবার সমতায় ফেরে দেবজিৎ মজুমদারের ভুলে ৷ 72 মিনিটে পলের ফ্রি-কিকে মাথায় ছুঁইয়ে গোল করে যান পবন ৷ গোলটির সময় অনাবশ্যক গোল ছেড়ে বেরিয়ে বল ধরতে গিয়ে অভিজ্ঞ শটস্টপার দলের বিপদ ডেকে আনেন ৷

দু'মিনিট পরে প্রত্যাঘাত ইস্টবেঙ্গলের ৷ সায়ন বন্দ্যোপাধ্যায়ের পাস থেকে গোল এবার পরিবর্ত হিসেবে মাঠে নামা জেসিনের ৷ সংযুক্তি সময়ে ফের গোল করে জয় নিশ্চিত করেন গতবার লিগের সর্বোচ্চ স্কোরার ৷ কলকাতা লিগে চলতি মরশুমে পঞ্চম গোলটি করে ফেললেন জেসিন ৷ এদিন ম্য়াচের প্রথম মিনিটে চোট পেয়ে ছিটকে যান ডায়মন্ড হারবারের রাহুল কুদ্দুস ৷ শেষবেলায় ডায়মন্ড হারবার এফসি'র সহকারি কোচকে লাল কার্ড দেখান রেফারি ৷ 22 সেপ্টেম্বর ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে বিনো জর্জের ছেলেরা ৷

আরও পড়ুন: