ডুরান্ড কোয়ার্টারেই ডার্বি, 17 অগস্ট যুবভারতীতে মুখোমুখি ইস্ট-মোহন
কোয়ার্টার ফাইনালে পৌঁছনো বাংলার আরেকটি দল ডায়মন্ড হারবার এফসি খেলবে জামশেদপুরের বিরুদ্ধে ৷

Published : August 13, 2025 at 9:50 AM IST
কলকাতা, 13 অগস্ট: ভেতরে-ভেতরে ডার্বির জন্য প্রস্তুতি চলছিল ৷ কিন্তু গতকাল পর্যন্ত ডুরান্ড কোয়ার্টারে ডার্বির প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিল দু'প্রধানই ৷ সাংবাদিকদেরও অলিখিত নির্দেশ ছিল ডার্বি সংক্রান্ত কোনও প্রশ্ন করা যাবে না ৷ ধোঁয়াশায় রয়ে গিয়েছিলেন সমর্থকেরা ৷ সাময়িক টালবাহানার পর মঙ্গলবার রাতের দিকে শেষ আটের সূচি চূড়ান্ত করল ডুরান্ড কর্তৃপক্ষ ৷ যেখানে জল্পনায় সিলমোহর পড়ল ৷ অর্থাৎ, 17 অগস্ট ডুরান্ডের শেষ আটে যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷
টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচ নিয়ে আর ঝুঁকি নিতে চাইল না ডুরান্ড কর্তৃপক্ষ ৷ বাণিজ্যিক স্বার্থকে মাথায় রেখে কোয়ার্টারেই কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে লড়িয়ে দিল তাঁরা ৷ অথচ শেষ আটের চূড়ান্ত সূচি ঘোষণার আগে ময়দানে রটে গিয়েছিল কোয়ার্টারে নয়, দু'দল শেষ আটে খেলবে অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে ৷ জিতলে শেষ চারে মুখোমুখি হবে তাঁরা ৷ ফলত শেষ পর্যন্ত জিইয়ে রইল উত্তেজনা ৷
গ্রুপে দ্বিতীয় হয়েও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলার আরেকটি দল ডায়মন্ড হারবার এফসি ৷ শেষ আটে তাঁদের সামনে খালিদ জামিলের জামশেদপুর এফসি ৷ বাকি দু'টি ম্য়াচের মধ্য়ে শিলং লাজং খেলবে ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে, বোরোল্যান্ড মুখোমুখি হবে গতবছরের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেডের ৷
Two Titans. One city. One shot at glory. The Kolkata Derby!! 🔥
— Durand Cup (@thedurandcup) August 12, 2025
𝐐𝐮𝐚𝐫𝐭𝐞𝐫 𝐅𝐢𝐧𝐚𝐥 𝟒 – 𝐌𝐨𝐡𝐮𝐧 𝐁𝐚𝐠𝐚𝐧 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐆𝐢𝐚𝐧𝐭 𝐯𝐬 𝐄𝐦𝐚𝐦𝐢 𝐄𝐚𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐅𝐂
📍 Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata | 17 Aug | 7:00 PM#EEBFCMBSG #QF4 #KolkataDerby… pic.twitter.com/HWvmNfGdwF
17 অগস্ট ডার্বির সম্ভাবনা এবং তা নিয়ে চর্চা গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছিল ময়দানে ৷ কিন্তু সেই ভাবনার বিরুদ্ধে গিয়ে ডুরান্ড কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল তাঁরা কোয়ার্টার ফাইনালের সূচি লটারির মাধ্যমে ঠিক করবে ৷ এমনকী সূচি লাইভ সম্প্রচারের কথাও জানানো হয়েছিল ৷ কিন্তু শেষমেশ দেখা গেল সূচি নির্ধারণের প্রাথমিক শর্তটাই ডুরান্ড কর্তৃপক্ষ মানল না ৷ মান্যতা পেল বাণিজ্যিক দিকটা ৷ কারণ, গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দু'টো দলের শেষ আটে মুখোমুখি হওয়ার কথা নয় ৷ কিন্তু এক্ষেত্রে কোন অজ্ঞাত নিয়ম অনুসরণ করা হল, তা টুর্নামেন্ট কর্তৃপক্ষই জানে ৷
প্রসঙ্গত, ডুরান্ড কর্তৃপক্ষ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে গ্রুপ পর্যায়ে পরস্পরের বিরুদ্ধে খেলিয়ে দিতে বেশি আগ্রহী থাকে ৷ কিন্তু এই বছর সবুজ-মেরুনের বিরোধিতায় তা সম্ভব হয়নি ৷ তবে নকআউট স্তরে সুযোগ পেতেই ডুরান্ড কর্তৃপক্ষ তার সদ্ব্যবহার করল ৷
- একনজরে শেষ আটের সূচি:
- শিলং লাজং বনাম ভারতীয় নৌ-সেনা: 16 অগস্ট, শিলং (বিকেল 4টে)
- বোরোল্যান্ড বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড: 16 অগস্ট, কোকরাঝাড় (সন্ধে 7টা)
- জামশেদপুর এফসি বনাম ডায়মন্ড হারবার এফসি: 17 অগস্ট, জামশেদপুর (বিকেল 4টে)
- মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল: 17 অগস্ট, কলকাতা (সন্ধে 7টা)

