ETV Bharat / sports

সাদা-কালো জার্সি ছেড়ে লাল-হলুদে ডেভিড - David Lalhlansanga

David Lalhlansanga in East Bengal: শোনা যাচ্ছিল, আর তা আজ সত্যি হল ৷ তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন ডেভিড লালহ্লানসাঙ্গা ৷ সাদা-কালো জার্সি ছেড়ে এবার লাল-হলুদ জার্সি গায়ে চাপালেন কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ৷

David Lalhlansanga in East Bengal
ডেভিড লালহ্লানসাঙ্গা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 18, 2024 at 5:21 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 18 জুন: সাদা কালো জার্সি ছেড়ে নতুন মরশুমে লাল-হলুদে ডেভিড। গত মরশুমের মাঝামাঝি সময় থেকে ইস্টবেঙ্গলে ডেভিডের যোগদানের খবর রটেছিল। নতুন মরশুমে সেই খবর বাস্তবের রূপ পেল। মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি সরকারিভাবে মহামেডান স্পোর্টিং থেকে ডেভিডের যোগদানের খবর ঘোষণা করে। গত মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিডকে দলে পেতে একাধিক ক্লাব আগ্রহী ছিল।

আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করার পরে মহামেডান স্পোর্টিংও ডেভিডকে দলে রাখতে আগ্রহী ছিল। কিন্তু মিজোরামের স্ট্রাইকার ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। ক্লেইটন সিলভা, দিমিত্রিওস দিয়ামান্টাকোসের পাশে ভারতীয় স্ট্রাইকার হিসেবে ডেভিডের যোগদানে শক্তি বাড়ল ইস্টবেঙ্গল আক্রমণভাগের। কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, "ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর থেকেই ডেভিড আমার নজরে ছিল। আমাদের রিক্রুটাররা দীর্ঘদিন ধরে ওকে নেওয়ার জন্য পড়ে ছিল। ভবিষ্যতের কথা ভেবে ডেভিডকে আমাদের দলে নেওয়া হয়েছে ৷"

আইজল এফসি-র যুব দল থেকে উঠে এসেছেন মিজোরামের এই স্ট্রাইকার। তিন বছর আইজল এফসিতে খেলার পরে মহামেডান স্পোর্টিংয়ে যোগ দেন ডেভিড। গত মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরে আই লিগেও ভালো ফুটবল খেলেছেন 22 বছরের এই স্ট্রাইকার। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে নির্বাচিত হয়েছিলেন ডেভিড।

তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ডেভিড স্বয়ং। তিনি বলেন, "আমি ইস্টবেঙ্গলের বিরাট সংখ্যক সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। ইতিমধ্যে জাতীয় দলে খেলার সময় মহেশ, নন্দকুমার চুংনুঙ্গাদের সঙ্গে কথা হয়েছে। ওরা সকলেই আমাকে সাহায্য করেছে। উৎসাহিত করেছে।" ইতিমধ্যে কলকাতা লিগের জন্য ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়েছে। 25 জুন কলকাতা প্রিমিয়র লিগে বল গড়ানো শুরু। সেই কথা মাথায় রেখেই কোচ বিনো জর্জের অধীনে অনুশীলনে লাল-হলুদ ফুটবলাররা। ভারতীয় ফুটবলারদের নিয়ে লিগের খেলা।