কোহলিকে দেখতে দিল্লিতে ফিরল মহাকুম্ভ 'বিপর্যয়ে'র শঙ্কা, ভিড়ের চাপে আহত একাধিক
কোহলির রঞ্জি প্রত্যাবর্তনে স্টেডিয়ামের বাইরে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা ৷ ভিড়-ঠেলাঠেলিতে আহত একাধিক ৷

Published : January 30, 2025 at 12:24 PM IST
|Updated : January 30, 2025 at 12:45 PM IST
নয়াদিল্লি, 30 জানুয়ারি: এক যুগ বাদে ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলি ৷ ব্য়াট হাতে স্বমহিমায় ফিরতে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচে দিল্লির হয়ে নামলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ 12 বছর বাদে কোহলিকে রঞ্জি ম্য়াচে দেখতে বাড়তি উন্মাদনা থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু বৃহস্পতির সকালে অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে যেটা হল, সেটা কোনওভাবেই প্রত্যাশিত ছিল না ৷ প্রাক্তন অধিনায়ককে দেখতে পদপিষ্টের মত পরিস্থিতি তৈরি হল স্টেডিয়ামের বাইরে ৷ যে ঘটনায় আহত হলেন একাধিক ৷
অরুণ জেটলি স্টেডিয়ামের 16 নম্বর গেটের বাইরে এদিন দুর্ঘটনা ঘটে ৷ স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশ পথে এদিন দু'কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইনও পড়ে ৷ কিন্তু 16 নম্বর গেটের বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি ৷ ঠেলাঠেলিতে পদপিষ্টের মত পরিস্থিতি তৈরি হয়, যা উসকে দেয় সম্প্রতি মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে 30 জনের মৃত্যুর ঘটনা ৷ পরিস্থিতি ততটা খারাপ না-হলেও স্টেডিয়ামের বাইরে এক যুগল-সহ তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন নিরাপত্তারক্ষীও ঘটনায় আহত হয়েছেন বলে খবর ৷

দুর্ঘটনায় একটি পুলিশের বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যদিও মারাত্মক হওয়ার আগেই পরিস্থিতি সামাল দেন ডিডিসিএ'র মোতায়েন করা নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীরা ৷ এক যুগ বাদে ঘরোয়া ক্রিকেটে কোহলির প্রত্যাবর্তন ৷ তা সত্ত্বেও দিল্লি বনাম রেলওয়েজ ম্য়াচে অবাধ প্রবেশের ঘোষণা করেছে দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্য়াসোসিয়েশন ৷ পরিস্থিতি আঁচ করতে না-পেরে প্রাথমিকভাবে অনুরাগীদের জন্য তিনটি গেট খোলার সিদ্ধান্ত নেয় ডিডিসিএ ৷ যা দিল্লি গেট মেট্রো স্টেশনের সবচেয়ে নিকটবর্তী ৷ আর সে কারণেই এই বেগতিক পরিস্থিতি ৷ যদিও পরে সবক'টি গেটই খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷
Ranji Trophy | Delhi cricket team vs Railway cricket team: Delhi Police say, " there was a rush at the time of entry as only one gate was being used by ddca (delhi & district cricket association). soon, the other gates were opened. no report of any injuries."<="" p>— ani (@ani) January 30, 2025
মঙ্গলবার মধ্যরাতে প্রয়াগরাজ মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত 30 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ আহত 90 জন ৷ ইতিমধ্যেই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তৈরি হয়েছে তিন সদস্যের জুডিশিয়াল কমিশন ৷ নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ ৷

