রোনাল্ডোর শিখর ছোঁয়ার দিনে হাঙ্গেরির বিরুদ্ধে থ্রিলার জয় পর্তুগালের
পিছিয়ে পড়েও বিশ্বকাপ কোয়ালিফায়ারে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল নেশনস লিগ চ্যাম্পিয়নরা ৷

Published : September 10, 2025 at 6:48 PM IST
হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: চিরপ্রতিদ্বন্দ্বী লিয়োনেল মেসিকে ছাপিয়ে গিয়েছিলেন গত ম্য়াচে ৷ সামনে ছিলেন কেবল গুয়াতেমালার কার্লোস রুইজ ৷ মঙ্গলবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্য়াচে হাঙ্গেরির বিরুদ্ধে তাঁকেও ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ রুইজকে ছুঁয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক গোলস্কোরারের তালিকায় এখন যুগ্মভাবে শীর্ষে সিআর সেভেন ৷ আর অধিনায়কের নয়া কীর্তিস্থাপনের ম্য়াচে হাঙ্গেরির বিরুদ্ধে থ্রিলার জয় ছিনিয়ে নিল পর্তুগাল ৷
হাঙ্গেরির বিরুদ্ধে নেশনস লিগ চ্যাম্পিয়নরা জিতল 3-2 গোলে ৷ রোনাল্ডো ছাড়া পর্তুগালের হয়ে বাকি দু'টি গোল বার্নার্দো সিলভা এবং জোয়াও ক্য়ানসেলোর ৷ তবে সব ছাপিয়ে চর্চায় রোনাল্ডোর নয়া বিশ্বরেকর্ড ৷ আর্মেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপ কোয়ালিফায়ারে লিয়োনেল মেসির 36 গোলের নজির ভেঙে দিয়েছিলেন গত ম্য়াচে ৷ মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে নামার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে রোনাল্ডোর নামের পাশে ছিল 38 গোলের নজির ৷ 39 গোল করে শীর্ষে ছিলেন প্রাক্তন গুয়াতেমালা স্ট্রাইকার কার্লোস রুইজ ৷
এদিন দ্বিতীয়ার্ধে ম্যাচের 58 মিনিটে স্পটকিক থেকে গোল করে প্রাক্তন গুয়াতেমালা ফুটবলারের নজিরে থাবা বসান পর্তুগিজ মহাতারকা ৷ অর্থাৎ, 39 গোল করে বিশ্বকাপ কোয়ালিফায়ারে এখন যুগ্মভাবে শীর্ষে কার্লোস রুইজ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এককভাবে আল-নাসের ফুটবলারের শীর্ষস্থান দখল করা এখন স্রেফ সময়ের অপেক্ষা ৷ আগামী 12 অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরবর্তী ম্য়াচ খেলবে নেশনস লিগ জয়ী পর্তুগাল ৷ ওইদিনই হয়তো এককভাবে শীর্ষস্থানে পৌঁছে যাবেন সিআর সেভেন ৷
No player has scored more #WCQ goals than Cristiano Ronaldo 💫 pic.twitter.com/SvhiVE9scy
— UEFA EURO (@UEFAEURO) September 9, 2025
এদিন অবশ্য গ্রুপ এফ-এর দ্বিতীয় ম্য়াচে পুসকাস এরিনায় প্রথমে এগিয়ে যায় হাঙ্গেরি ৷ 21 মিনিটে খেলার গতির বিরুদ্ধে 1-0 করেন বার্নাবাস ভার্গা ৷ জেসল্ট নাগির বামপ্রান্তিক সেন্টার থেকে ড্রপ হেডে বল জালে জড়িয়ে দেন তিনি ৷ মিনিট পনেরোর মধ্যেই সমতায় ফেরে পর্তুগাল ৷ তার আগে 31 মিনিটে রোনাল্ডোর ক্লোজ রেঞ্জ শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন হাঙ্গেরি গোলরক্ষক ৷ 36 মিনিটে বক্সের মধ্যে জোয়াও ক্যানসেলোর সাজিয়ে দেওয়া বল বার্নার্দো সিলভা বাঁ-পায়ের জোরালো শটে জালে রাখেন ৷
⏹️ 90+5' TERMINA A PARTIDA ⏰
— Portugal (@selecaoportugal) September 9, 2025
Segundo jogo, segunda vitória na qualificação para o Mundial 2026 ✔️🙌#FazHistória | #HUNPOR #WEURO2025 pic.twitter.com/N5WNeBvbwC
প্রথমার্ধে 1-1 শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে রোনাল্ডোর গোল পর্তুগালকে এগিয়ে দেয় ৷ 83 মিনিট পর্যন্ত তা ধরে রেখেছিল সফরকারী দল ৷ এরপর ভার্গার দ্বিতীয় গোলে লিড হাতছাড়া হয় পর্তুগালের ৷ ডানপ্রান্তিক সেন্টার থেকে ভেসে আসা বল ফের হেডে জালে রাখেন ফেরেঙ্কভারোসি স্ট্রাইকার ৷ তবে দু'মিনিট বাদে পর্তুগালকে জয়সূচক গোল এনে দেন ক্য়ানসেলো ৷ হাঙ্গেরি রক্ষণের ভুলের সুযোগে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে 3-2 করেন আল-হিলাল ফুলব্যাক ৷ জয়ের ফলে দু'ম্যাচে ছ'পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ শীর্ষে পর্তুগাল ৷

