ETV Bharat / sports

নতুন রানি পেল ফরাসি ওপেন, পয়লা নম্বরকে হারিয়ে রোলা গারোঁয় খেতাব গফের

তিনবছর আগে ফাইনালে পৌঁছেও ইগা শিয়নটেকের কাছে হেরে হাতছাড়া হয়েছিল খেতাব । দ্বিতীয়বার ফরাসি ওপেনের ফাইনালে আর ভুল করলেন না গফ ।

COCO GAUFF
খেতাব হাতে কোকো গফ (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 7, 2025 at 10:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

প্যারিস, 7 জুন: ফরাসি ওপেন যে নয়া চ্যাম্পিয়ন পেতে চলেছে, সেটা জানাই ছিল । ঝুলিতে তিনটি গ্র্যান্ড স্ল্যাম থাকলেও একজন অপেক্ষায় ছিলেন রোলা গারোঁয় প্রথম খেতাবের । দু'বছর আগে যুক্তরাষ্ট্র ওপেন জেতা অন্যজনও ছিলেন ফরাসি ওপেনে প্রথম শিরোপা জয়ের প্রতীক্ষায়। শনিবাসরীয় ফিলিপ শাত্রিয়ে কোর্টে মহিলা সিঙ্গলসের ফাইনালে জিতে গেলেন দ্বিতীয়জন ।

তিনবছর আগে ফাইনালে পৌঁছেও ইগা শিয়নটেকের কাছে হেরে হাতছাড়া হয়েছিল খেতাব । দ্বিতীয়বার ফরাসি ওপেনের ফাইনালে আর ভুল করলেন না কোকো গফ । প্রথম সেট খুইয়েও বিশ্বের পয়লা নম্বরকে হারিয়ে লাল সুরকির কোর্টের নতুন রানি হলেন বছর একুশের মার্কিন কন্যা । গফের পক্ষে ম্যাচের ফল 6-7, 6-2, 6-4 । সেরেনা উইলিয়ামসের পর (2002) যুক্তরাষ্ট্রের কনিষ্ঠ প্লেয়ার হিসেবে লাল সুরকির কোর্টে মেজর জিতলেন তিনি ।

ফাইনালে এদিন 70টি আনফোর্সড এরর ডোবাল সাবালেঙ্কাকে । অথচ বেলারুশ কন্যা এদিন শুরুটা করেছিলেন মেজাজেই । ড্রপ শটে গফকে নাজেহাল করে প্রথম সেটে 4-1 ব্যবধানে এগিয়ে যান শিয়নটেককে হারিয়ে ফাইনালে ওঠা সাবালেঙ্কা । পিছিয়ে পড়ে প্রেসিং টেনিসে সাবালেঙ্কাকে চাপে ফেলে দেন গফ । পাল্টা প্রতিদ্বন্দ্বীর জোড়া সার্ভিস ব্রেক করে সমতা (4-4) ফিরিয়ে আনেন মার্কিনী । বিশ্বের এক বনাম দু'য়ের তুল্যমূল্য লড়াই প্রথম সেট যায় টাইব্রেকারে । সেখানে 7-6 (5) ফলাফলে বাজিমাত করে যান সাবালেঙ্কা ।

প্রথম সেটের মতই আগ্রাসী টেনিস ধরে রেখে দ্বিতীয় সেট জিতে নেন গফ । 2023 সালে যুক্তরাষ্ট্র ওপেনজয়ীর অভিব্যক্তি দেখে অবশ্য আগ্রাসনের ছাপ বোঝার উপায় ছিল না । পক্ষান্তরে কোর্টে অনেক বেশি ছটফট করছিলেন সাবালেঙ্কা । কিন্তু দ্বিতীয় সেটে বেলারুশ তারকাকে একপ্রকার উড়িয়ে দেন গফ । মাত্র 32 মিনিটে জিতে ম্যাচ নির্ণায়ক সেটে নিয়ে যান তিনি ।

নিজেদের সার্ভিস ধরে রেখে তৃতীয় সেটের প্রথম দু'টি গেমে ভাগ করে নেন গফ এবং সাবালেঙ্কা । এরপর সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করে 2-1 ব্যবধানে লিড নেন বিশ্বের দ্বিতীয় নম্বর গফ । ধীরে ধীরে সাবালেঙ্কার ড্রপ শট ব্যুমেরাং হয়ে ফিরতে থাকে তাঁর কাছেই । তাঁর সঙ্গে আনফোর্সড এরর তো ছিলই । তবু লড়াই জারি রেখে ব্যবধান কমিয়ে 4-5 করতে পেরেছিলেন জো়ড়া অস্ট্রেলিয়ান ওপেন ও একবারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী । কিন্তু শেষরক্ষা হয়নি । তৃতীয় সেটে তৃতীয়বার প্রতিদ্বন্দ্বীর সার্ভিস ব্রেক করে খেতাব নিজের নামে করে নেন সেরেনার দেশের বছর একুশের তারকা । অর্থাৎ, তৃতীয় সেট গফ জেতেন 6-4 ব্যবধানে ।

খেতাব হাতছাড়া করে পুরস্কার বিতরণীতে চোখের জল বাঁধ মানেনি সাবালেঙ্কার । তবে যোগ্য হিসেবেই গফ যে খেতাব জিতেছেন তা স্বীকার করে নেন তিনি । অন্যদিকে গফও চোখে জল নিয়ে জানান, খেতাব জয় আশা করেননি তিনি ।

আরও পড়ুন: