ETV Bharat / sports

ওভালে বড় ধাক্কা ইংল্যান্ডের, পঞ্চম টেস্টের মাঝপথে ছিটকে গেলেন ওকস

কাঁধের চোট পঞ্চম টেস্ট থেকে ছিটকে দিয়েছে ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকসকে ৷

CHRIS WOAKES
মাঠের বাইরে যাচ্ছেন ওকস (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 1, 2025 at 3:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 1 অগস্ট: করুণ নায়ারের বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিপত্তি ৷ কাঁধে চোট পেয়ে ওভাল টেস্টের প্রথমদিনই মাঠে ছেড়েছিলেন ক্রিস ওকস ৷ চোটের গতিপ্রকৃতি দেখে আশঙ্কা ছিলই যে পঞ্চম টেস্টের বাকি পর্ব থেকে ছিটকে যেতে পারেন তিনি ৷ আশঙ্কায় সিলমোহর দিয়েই দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই নির্ণায়ক টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড পেসার ক্রিস ওকস ৷ ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে শুক্রবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল বিষয়টি ৷

ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশাল মিডিয়া পোস্টে এদিন লেখা হয়, "পঞ্চম টেস্টের বাকি পর্বে আর পাওয়া যাবে না ক্রিস ওকসকে ৷ চলতি সিরিজের শেষে তাঁর চোট নিয়ে পরবর্তী মূল্য়ায়ন করা হবে ৷" ওভাল টেস্টের প্রথমদিন ওকস চোটের কবলে পড়েন ভারতীয় ইনিংসের 57তম ওভারে ৷ জেমি ওভারটনের বলে করুণ নায়ারের শট বাউন্ডারি থেকে রক্ষা করতে গিয়ে ঝাঁপিয়ে পড়েন ডানহাতি পেসার ৷ বাউন্ডারি রক্ষা পেলেও বাঁ-কাঁধে গুরুতর চোট পেয়ে বসেন ওকস ৷ দিনের বাকি সময়টা আর মাঠে ফিরতে পারেননি তিনি ৷ তখন থেকেই আশঙ্কার চোরাস্রোত বইছিল ৷ বাইরে যাওয়ার আগে ওভাল টেস্টের প্রথমদিন 14 ওভার হাত ঘুরিয়ে কেএল রাহুলের উইকেট তুলে নিয়েছিলেন ওকস ৷

প্রথমদিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে ইংরেজ পেসার গুস অ্য়াটকিনসনও আভাস দিয়েছিলেন যে পঞ্চম টেস্টের বাকি সময়টা আর হয়তো পাওয়া যাবে না ওকসকে ৷ শুক্রবার সেই আশঙ্কায় সিলমোহর পড়ল ৷ যা সিরিজ জয়ের লক্ষ্যে থাকা ব্রিটিশবাহিনীর জন্য বিরাট ধাক্কা ৷ আগেই কাঁধের চোট পঞ্চম টেস্ট থেকে ছিটকে দিয়েছিল বেন স্টোকসকে ৷ পরিবর্তে ওভালে অধিনায়কত্ব করছেন ওলি পোপ ৷ তাছাড়া দুই জোরে বোলার জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্সের সার্ভিসও চলতি টেস্টে পাচ্ছে না ইংল্য়ান্ড ৷ সবমিলিয়ে প্রথমসারির চার ক্রিকেটারকে ওভাল টেস্টে পাচ্ছে না হোম টিম ৷

ওকসকে ধরে চার ফ্রন্টলাইন পেসারকে নিয়ে পঞ্চম টেস্টের দল সাজিয়েছিল ইংল্য়ান্ড ৷ ছেঁটে ফেলা হয়েছিল স্পিনার লিয়াম ডসনকে ৷ ওকস ছিটকে যাওয়ায় পোপের হাতে রইলেন তিন পেসার- গুস অ্য়াটকিনসন, জেমি ওভারটন এবং জোশ টাং ৷ এদের মধ্যে প্রথম দুই চলতি সিরিজের প্রথম ম্য়াচ খেলছেন ৷ পার্টটাইম স্পিনার হিসেবে হাত ঘোরাতে পারেন জো রুট এবং স্টোকসের পরিবর্ত জ্যাকব বেথেল ৷ যদিও ওভালের সবুজ উইকেটে পেসারদের বদান্যতায় প্রথমদিনই ভারতের ছয় উইকেট তুলে নিয়েছিল ইংল্য়ান্ড ৷ ভারত শেষ করেছিল 204 রানে ৷ দ্বিতীয় খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে আরও জোড়া উইকেট হারিয়ে চাপে ভারত ৷

আরও পড়ুন: