ETV Bharat / sports

বেতন বন্ধ সুনীলদের, আইএসএল অনিশ্চয়তার মাঝে কঠোর সিদ্ধান্ত বেঙ্গালুরু এফসি'র

আগামী 7 অগস্ট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন ৷

FILE PIC
ফাইল ছবি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 5, 2025 at 10:22 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 অগস্ট: নয়া কোচ হিসেবে খালিদ জামিলের নাম ঘোষণা হলেও ভারতীয় ফুটবলে আঁধার কাটার নাম নেই ৷ ফেডারেশেন এবং এফএসডিএলের মধ্যে চুক্তি পুনর্নবীকরন জটে অনিশ্চিত আইএসএলের ভবিষ্যত ৷ দেশের টপ-টিয়ার ফুটবল লিগ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই এবার কঠোর সিদ্ধান্ত প্রাক্তন আইএসএল চ্য়াম্পিয়ন বেঙ্গালুরু এফসি'র ৷ সিনিয়র দলের ফুটবলার, সাপোর্ট স্টাফদের অনির্দিষ্টকালের জন্য বেতন বন্ধের কথা এক বিবৃতিতে সোমবার ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল ৷ যার বাইরে নন সুনীল ছেত্রীও ৷

চলতি বছর ডিসেম্বরেই শেষ হচ্ছে এফএসডিএল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি ৷ নয়া মাস্টার রাইটস এগ্রিমেন্ট দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত হওয়া সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশ না-এলে ৷ উল্লেখ্য়, ভারতীয় ফুটবলের খসড়া সংবিধান সংক্রান্ত জটিলতা দূর করতে উদ্যত সুপ্রিম কোর্ট ৷ সংবিধান সংস্কার নিয়ে রায় সংরক্ষণ রয়েছে দেশের শীর্ষ আদালতে ৷ অর্থাৎ, বলা যায় 'সুপ্রিম' রায়ের উপরেই ঝুলে আইএসএলের ভাগ্য ৷ এমতাবস্থায় শীর্ষ আদালতের নির্দেশের পর দু'পক্ষের মধ্যে নয়া চুক্তি এবং এরপর আইএসএল নির্দিষ্ট সময় শুরু করা সম্ভব নয় ৷

এমতাবস্থায় সোমবার বিবৃতিতে বেঙ্গালুরু এফসি লিখেছে, "ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী মরশুম ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বেঙ্গালুরু ফুটবল ক্লাবকে কঠোর এক সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে ৷ প্রথম দলের সঙ্গে যুক্ত সকল ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে ক্লাব ৷ এমনিতেই ভারতে একটি ফুটবল ক্লাব চালানো এবং তা টিকিয়ে রাখা পর্বতে চড়ার মতই কঠিন ৷ তবু সব বাধা দূরে সরিয়ে বছরের পর বছর ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছি আমরা ৷ কিন্তু আইএসএলের ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন কঠিন এই পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করল ৷"

তবে ক্লাবের অ্য়াকাডেমি কিংবা যুবস্তরের ফুটবল পরিকাঠামোয় এই সিদ্ধান্ত কোনও প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করা হয়েছে বেঙ্গালুরু এফসি'র তরফে ৷ একইসঙ্গে ফেডারেশেন এবং এফএসডিএল'কে দ্রুত সমস্য়া সমাধানের আর্জি জানিয়েছে তাঁরা ৷ বিএফসি জানিয়েছে, অনিশ্চয়তায় আখেরে কারও লাভ হয় না ৷ ভারতীয় ফুটবলের স্বার্থে দু'পক্ষের মধ্যে চুক্তি দ্রুত সেরে ফেলা হোক ৷

এদিকে আইএসএল সংক্রান্ত জটিলতা নিয়ে স্বচ্ছ ধারণা পেতে ফেডারেশনকে একজোটে চিঠি দেওয়া হয়েছিল আটটি ফ্র্য়াঞ্চাইজির তরফে ৷ যেখানে সই করেছিল বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, নর্থ-ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং পঞ্জাব এফসি ৷ সেই ডাকে সাড়া দিয়ে আগামী 7 অগস্ট ক্লাবের আধিকারিকদের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠকের দিন ধার্য করেছে ফেডারেশন ৷ যদিও সেই চিঠিতে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান-সহ সই ছিল না মুম্বই সিটি এফসি এবং চেন্নাইয়িনেরও ৷

আরও পড়ুন: