ETV Bharat / sports

বাঙালির এভারেস্ট জয়! 54 বছর বয়সে স্বপ্নপূরণ বর্ধমানের পর্বতারোহী সৌমেনের

আটজনের দলে একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন বর্ধমানের সৌমেন সরকার। প্রায় 20 বছর ধরে বিভিন্ন পর্বত অভিযানে যাচ্ছেন 54 বছরের সৌমেন।

Soumen Sarkar
54 বছর বয়সে এভারেস্ট জয়ী বর্ধমানের পর্বতারোহী সৌমেন সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2025 at 10:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 17 মে: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাঙালি পর্বতারোহী সৌমেন সরকার। বর্ধমান শহরের রানীসায়র পাড় এলাকার বাসিন্দা সৌমেন সরকারের এই সাফল্যে উচ্ছ্বসিত বর্ধমানবাসী। 15 মে বৃহস্পতিবার সৌমেন সরকার এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা ওড়ান। সেই দলে ছিলেন আরও আট জন সদস্য। '8 কে এক্সপেডিশন সংস্থা' এই অভিযানের আয়োজন করেছিল। মোট 56 দিন ধরে চলে এই এভারেস্ট অভিযান।

8k expeditions-এর তরফে স্যোশাল মিডিয়াতে যে পোস্ট করে জানানো হয়েছে 15 মে বৃহস্পতিবার ভোরে প্রচন্ড ঠান্ডার সঙ্গে লড়াই করে আট জনের অভিযাত্রী দল এভারেস্টের চূড়ায় পৌঁছায়। অভিযাত্রীদের দৃঢ় মনোবল, একতা ও অটুট নিষ্ঠা তাদের মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে দেয়। আটজনের দলে একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন বর্ধমানের সৌমেন সরকার। এছাড়া, ওই দলে ছিলেন আজারবাইজানের অভিযাত্রী মিস ভাফ মুসায়েভা, আমেরিকার অভিযাত্রী মিস জুলিয়া লুবোভা, চিনের অভিযাত্রী মিস চেন শুয়োশুয়ান, নেপালের লাকপা শেরপা, দাওয়া শেরপা, দাওয়া তেনজিং শেরপা ও মিংমা দরজি শেরপা। মোট চারজন শেরপা ছিলেন এই দলে। এই অভিযানে নেতৃত্ব দেন নেপালের লাকপা শেরপা।

প্রায় 20 বছর ধরে বিভিন্ন পর্বত অভিযানে যাচ্ছেন 54 বছর বয়সী সৌমেন সরকার। পূর্ত দফতরের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার হিসেবে তিনি কর্মরত হলেও তাঁর নেশা পর্বত অভিযান। ইতিমধ্যেই তিনি পাঁচটি পর্বত শৃঙ্গ জয় করেছেন। 2018 সালের মাউন্ট স্টক কাংগ্রি, 2022 সালে মাউন্ট নুন, 2022 সালে মাউন্ট ইউনাম, 2023 সালে রাশিয়ার মাউন্ট এলব্রুস ও 2024 সালে মাউন্ট ডেও টিব্বা তিনি জয় করেন।

মাউন্ট এভারেস্ট জয় কর‍তে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, মূলত দুর্গম আবহাওয়ার কারণে এভারেস্ট জয় করা খুব কঠিন। অন্যান্য অভিযানের সঙ্গে এভারেস্ট অভিযান সম্পূর্ণ আলাদা। এই অভিযানে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। খুম্ব গ্লেসিয়ার, হিলারি স্টেপ ও এভারেস্ট উইন্ডো। এই তিনটি পয়েন্ট খুব বিপজ্জনক। ফলে এভারেস্ট অভিযাত্রীদের এই তিন পয়েন্ট পার করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। এভারেস্ট অভিযানে যাওয়ার আগে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা বাচেন্দ্রী পালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সৌমেন সরকারের স্ত্রী তনুশ্রী মন্ডল বলেন, "গতকাল শুক্রবার সন্ধে নাগাদ তার সঙ্গে ফোনে কথা হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা 45 মিনিটে এভারেস্ট সামিট হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ওর স্বপ্ন ছিল এভারেস্টের চূড়ায় ওঠা। সেই স্বপ্ন সফল হয়েছে শুনে সত্যিই আমরা খুশি।"