'মার্করাম-বাভুমার ধৈর্য্যের কাছেই হার', বলছেন বিশ্বজয়ী অজি তারকা
এদিকে, নতুন বিশ্ব চ্যাম্পিয়নে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেইসঙ্গে বলছেন, সবসময় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে না ৷

Published : June 15, 2025 at 1:57 PM IST
কলকাতা, 15 জুন: "মার্করাম-বাভুমার ধৈর্য্যের কাছে হার", বক্তার নাম মাইকেল ক্লার্ক । লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে নয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা । প্রথমবার বিশ্বের দরবারে সিনিয়র পর্যায়ে আইসিসি ট্রফির মুকুট প্রোটিয়াদের মাথায় উঠল ।
বেঙ্গল প্রো-টি-20 লিগের ধারাভাষ্য দিতে এসেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক । রয়েছেন ইডেনে ।
কাজের ফাঁকে নজর রাখছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই হেরে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের 5 উইকেটে হারের কারণে বিধ্বস্ত হয়ে পড়েন ক্লার্ক। প্রায় আড়াই দিনে চালকের আসনে ছিল অজিরা। চতুর্থ ইনিংসে 281 রান তাড়া করে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। শুক্রবারও অস্ট্রেলিয়ার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ক্লার্ক। তিনি ভাবতেই পারেননি এইডেন মার্করাম ও তেম্বা বাভুমার ধৈর্য ও সংকল্পের কাছে পরাস্ত হবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয়ে কী বলছেন প্রাক্তন অজি ক্রিকেটার ক্লার্ক ?
ইডেনে দাঁড়িয়ে ক্লার্ক বলছিলেন, "আমরা মার্করাম-বাভুমার ধৈর্য্যের কাছে হেরে গিয়েছি । এবার দক্ষিণ আফ্রিকা চাপের সামনে নতজানু হয়নি । স্নায়ুর চাপ সামলে ঠিক ম্যাচটা বের করে নিল । তেম্বা বাভুমাদের জয়ে আমি খুশি। কারণ, প্রোটিয়া দীর্ঘ দু'দশকের বেশি সময় ধরে খেতাবের কাছে পৌঁছেও জিততে পারছিল না। ওরা কয়েকবছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। আইসিসি টুর্নামেন্টগুলিতে সেমিফাইনাল-ফাইনাল পর্যন্ত উঠছিল। গতবছরও টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল।"
মার্করাম-বাভুমা জুটি অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নেয় -
- অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 212 রানে গুটিয়ে যাওয়ার পর, 74 রানের লিড পান তাঁরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র 282 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল অজিরা। 70 রানে দু'উইকেট হারানোর পর তৃতীয় উইকেটের জুটিতে বাভুমা ও মার্করাম যোগ করেন 147 রান। তাঁদের জুটিই অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নেয়। তা মেনে নিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ক্লার্ক।
- বলেছেন, "ওদের দু'জনের দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব ও সংকল্প আমাদের ম্যাচ থেকে বের করে দেয়। মার্করাম দুরন্ত ব্যাটিং করেছে। চোট নিয়ে লড়াকু অর্ধশতরান করেছে। আমরা গতবারের চ্যাম্পিয়ন, এবারের ফাইনালিস্ট। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স হওয়াটাও আমাদের কাছে প্রাপ্তি।"
নয়া চ্যাম্পিয়ন পেল ক্রিকেট বিশ্ব, বলছেন সৌরভ -
- এদিকে, 29 বছর পর কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারল অস্ট্রেলিয়া। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের হারের কারণ কী ? সৌরভ গঙ্গোপাধ্যায় এর উত্তরে বলছেন, "দেখুন দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া পর্যাপ্ত রান করতে পারেনি । রান তুলতে না-পারায় অস্ট্রেলিয়ার হারের বড় কারণ। সবসময় অস্ট্রেলিয়া ফাইনালে জিতবে না। দক্ষিণ আফ্রিকার জয় ক্রিকেটের জন্য খুব ভালো বিজ্ঞাপন। নতুন চ্যাম্পিয়ন পেল ক্রিকেট বিশ্ব।"
- চতুর্থ ইনিংসে অজি পেস ত্রয়ীকে সামলে 136 রানের মহাকাব্যিক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন মার্করাম। তাঁর ইনিংস প্রসঙ্গে সৌরভের উত্তর, "মার্করামের কেরিয়ারে সবচেয়ে সেরা ইনিংস হয়ে থেকে যাবে। আর বাভুমাও অনবদ্য।"

