ETV Bharat / sports

হিলির ব্যাটে রেকর্ড জয় অজিদের, দলকে জিতিয়ে একগুচ্ছ নজির গড়লেন অধিনায়িকা

গত বিশ্বকাপ ফাইনালে 170 রানের অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন হিলি ৷ রবিবার এমন এক নজির গড়লেন মিচেল স্টার্ক-পত্নী, যা বিশ্বকাপের 52 বছরের ইতিহাসে প্রথমবার ৷

ALYSSA HEALY
আলিসা হিলি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : October 13, 2025 at 1:59 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 13 অক্টোবর: বিশ্বকাপের 13তম ম্য়াচে রবিবাসরীয় ভাইজাগে যে ইনিংসটা আলিসা হিলি খেললেন, তা বহুদিন মনে রাখবেন অনুরাগীরা ৷ ফলত বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানের নজির গড়েও ম্য়াচ হারল ভারত ৷ উল্টোদিকে দেখতে গেলে হিলির অধিনায়কোচিত সেঞ্চুরিতে মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির গড়ল সাতবারের চ্যাম্পিয়নরা ৷ 21টি চার ও তিন ছক্কায় 107 বলে 142 রান ৷ ভারতীয় বোলারদের শাসন করে অজিদের চলতি বিশ্বকাপের তৃতীয় জয় এনে দিলেন অধিনায়িকা হিলি ৷ 'উইমেন ইন ব্লু'কে হারিয়ে অপরাজিত অস্ট্রেলিয়া পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে ৷

এর আগে মেয়েদের ওয়ান-ডে'তে সর্বাধিক 302 রান তাড়া করে জয়ের নজির ছিল শ্রীলঙ্কার ঝুলিতে ৷ গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোচেস্ট্রুমে এই নজির গড়েছিলেন দ্বীপরাষ্ট্রের মেয়েরা ৷ হিলির ষষ্ঠ ওডিআই শতরানে অস্ট্রেলিয়া ভেঙে দিল সেই রেকর্ড ৷ দলগত রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত স্তরে একগুচ্ছ নজির গড়লেন অজি অধিনায়িকা ৷ হিলির ব্যাটে এদিন এমন একটি নজির তৈরি হল যা মহিলা বিশ্বকাপের পাঁচ দশকেরও বেশি সময়ের ইতিহাসে আর কারও নেই ৷ একনজরে দেখে নেওয়া যাক কী কী রেকর্ড রবিবার ভাইজাগে গড়লেন 'বিগ ম্যাচ প্লেয়ার' হিলি, যিনি গত বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন 170 রানে দুর্ধর্ষ ইনিংস-

  • প্রথম উইকেটরক্ষক-অধিনায়িকা হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি: মহিলা বিশ্বকাপের 52 বছরের ইতিহাসে কোনও উইকেটরক্ষক-অধিনায়িকার ঝুলিতে সেঞ্চুরি ছিল না ৷ আলিসা হিলি এদিন সেই রেকর্ড গড়লেন ৷ উইকেটরক্ষক-অধিনায়িকা হিসেবে এর আগে বিশ্বকাপের মঞ্চে একটিমাত্র হাফসেঞ্চুরির নজির ছিল ৷ 1978 বিশ্বকাপে হায়দরাবাদ ইংল্যান্ডের বিরুদ্ধে 57 রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ারই মার্গারেট জেনিংস ৷
  • অধিনায়িকা হিসেবে বিশ্বকাপে তৃতীয় সর্বাধিক স্কোর: আলিসা হিলির 142 রানের বিধ্বংসী ইনিংস মহিলা বিশ্বকাপের ইতিহাসে অধিনায়িকা হিসেবে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস ৷ 1997 সালে বেলিন্ডা ক্লার্কের অপরাজিত 227, 2017 সালে মেগ ল্য়ানিংয়ের অপরাজিত 152 রানের পরই তালিকায় থাকবে অধিনায়িকা হিসেবে হিলির এই সেঞ্চুরি ৷
  • বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রানের ইনিংস: ভারতের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপে এতদিন সর্বাধিক রানের স্কোর ছিল ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের ঝুলিতে ৷ 2013 বিশ্বকাপে 109 রান এসেছিল তাঁর ব্য়াটে ৷ 12 বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন আলিসা হিলি ৷ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সর্বাধিক 142 রানের ইনিংস এল অজি অধিনায়িকার ব্যাটে ৷ বিশ্বকাপ ছেড়ে কেবল ওয়ান-ডে ক্রিকেটের কথা বললে ভারতের বিরুদ্ধে হিলির ইনিংস দ্বিতীয় সর্বাধিক ৷ 2006 সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে সর্বাধিক 156 রানের ইনিংস এসেছিল ক্লেয়ার টেলরের ব্যাটে ৷

স্মৃতি মন্ধনার 80 এবং প্রতীকা রাওয়ালের 75 রানে রবিবার স্কোরবোর্ডে 330 রান তুলেছিল ভারত ৷ যা টুর্নামেন্টের ইতিহাসে তাঁদের সর্বাধিক রানের নজির ৷ ওপেনিং জুটিতে 155 রান আসার পর ব্যাটিং বিপর্যয় না-হলে এদিন ভারতের রান সহজেই 350 পেরোতে পারত ৷ সে যাইহোক, রান তাড়া করতে নেমে সব আলো কেড়ে নেন আলিসা হিলি ৷ তাঁকে যোগ্য সঙ্গত করেন আরেক ওপেনার ফিবি লিচফিল্ড (40), অ্যাশলে গার্ডনার (45) ৷ 47 রানে অপরাজিত থেকে এক ওভার বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এলিস পেরি ৷

  • বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস:
  1. আলিসা হিলি, অস্ট্রেলিয়া- 142 রান (2025)
  2. শার্লট এডওয়ার্ডস, ইংল্যান্ড- 109 রান (2013)
  3. কারেন রলটন, অস্ট্রেলিয়া- 107 রান (2006)
  4. জানেথ ব্রিটিন, ইংল্যান্ড- 100 রান (1993)

আরও পড়ুন: