বাংলার হয়ে রঞ্জি জয় স্বপ্ন, শামি ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে আকাশ
সম্প্রতি অবশিষ্ট ভারতের হয়ে বিদর্ভের বিরুদ্ধে ইরানি ট্রফি খেলেছেন বাংলার পেসার ৷

Published : October 13, 2025 at 8:31 PM IST
কলকাতা, 13 অক্টোবর: ভারতীয় দলে খেলা আলাদা কোনও রকেট সায়েন্স নয় ৷ ঘরোয়া ক্রিকেটে যেমন কৌশল অনুযায়ী বোলিং করি, জাতীয় দলেও তাই ৷ কেবল প্রয়োগক্ষেত্র আলাদা ৷ বাংলার হয়ে রঞ্জি প্রত্যাবর্তনের আগে জানালেন ভারতীয় পেসার আকাশদীপ ৷ সাম্প্রতিক অতীতে ইংল্যান্ডের মাটিতে সেরা একটি টেস্টে সেরা বোলিং ফিগারের নজির গড়েছেন যিনি (এজবাস্টন টেস্টে 187 রানে 10 উইকেট) ৷
কিন্তু সেই বিলেত সফরেই চোটের কবলে পড়া ৷ তার জেরে ঘরের মাঠে চলতি ওয়েস্ট ইন্ডিজের সিরিজে জায়গা হয়নি স্কোয়াডে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা হওয়ার আগে দলে ঢুকতে রঞ্জি ট্রফিকেই তাই পাখির চোখ করছেন ডানহাতি পেসার ৷ অবশিষ্ট ভারতের হয়ে সম্প্রতি খেলেছেন ইরানি ট্রফিও ৷ আগামী 15 অক্টোবর ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ড ম্য়াচ দিয়ে 2025-26 রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা ৷ তার আগে আকাশদীপ উত্তেজিত অন্য একটি কারণে ৷ দু'মরশুম পর প্রত্যাবর্তন তো রয়েছেই, পাশাপাশি প্রথমবার বাংলার হয়ে দেখা যাবে মহম্মদ শামি ও আকাশদীপ জুটিকে ৷ ফলত শামির সঙ্গে নতুন বল ভাগ করে নেওয়ার উত্তেজনা তাঁর চোখেমুখে ৷
এ ব্য়াপারে প্রশ্ন করা হলে আকাশদীপ বলেন, "শামি ভাইয়ের সঙ্গে খেলার প্রথম সুযোগ মিলবে আমার কাছে ৷ এত বড় মাপের প্লেয়ারের সঙ্গে খেললে অনেক কিছু শেখা যায় ৷ এই মুহূর্তে প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করছে সে ৷ তাই তাঁর সঙ্গে খেলার অর্থ ছোট ছোট অনেক বিষয়ে জ্ঞান হওয়া ৷"
গত দু'টি মরশুম না-থাকলেও সাম্প্রতিক অতীতে রঞ্জি ট্রফিতে রানার্স বাংলা দলের সদস্য ছিলেন তিনি। 2022-23 মরশুমে তো 41 উইকেট এসেছিল তাঁর ঝুলিতে ৷ কিন্তু সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনাল হারের দুঃখ এখনও টাটকা ৷ সেই আক্ষেপ বয়ে বেড়ানো আকাশদীপ বলছেন, "দুবার খুব কাছে গিয়েও খেতাব হাতছাড়া হয়েছে ৷ এই দুঃখ আমার থেকে ভালো আর কে জানবে ৷ তবে বাংলার হয়ে রঞ্জি দয় আমার স্বপ্ন ৷ এখানকার মানুষ ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, ক্রিকেটারদের সম্মান করে; তাতে খেতাব তাঁদেরও প্রাপ্য ৷"
আর্ন্তজাতিক ক্রিকেট থেকে এসে ঘরোয়া ক্রিকেটের মঞ্চ নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ৷ প্রত্য়াশার চাপ কাজ করে ৷ তবে আকাশদীপ জানালেন, তাঁর কাজ শুধু ভালো খেলে যাওয়া ৷ ইংল্যান্ড সফরের পর আকাশদীপের বোলিং এখন প্রতিপক্ষের কাটাছেঁড়ার কারণ ৷ বৈচিত্র্য না-নিয়ে আসতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলা কঠিন হবে ৷ তাই স্যুইং অস্ত্রে শাণ দিতে আউট স্যুইংয়ের ওপর বাড়তি পরিশ্রম করছেন বলেও জানালেন আকাশ ৷
গত কয়েকবছরে বাংলার পেস বোলিং ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বললে ভুল হয় না ৷ আকাশদীপও একবাক্যে মেনে নিলেন তা ৷ মুকেশ কুমার ফিরবেন পরের দিকে ৷ সঙ্গে থাকছেন আকাশদীপের ও শামি ৷ তার উপর গত মরশুমে দারুণ খেলা সূরজ সিন্ধু জয়সওয়াল, ঈশান পোড়েলও রয়েছেন ৷ সবমিলিয়ে এবারের রঞ্জিতে ফের বাংলার জার্সিতে জ্বলে উঠতে মরিয়া আকাশদীপ ৷ একইসঙ্গে প্রোটিয়া সিরিজের স্কোয়াডেও জায়গা পাকা করতে চান তিনি ৷

