ETV Bharat / sports

আঙুলে টেপ বেঁধে অনুশীলন, রয়্যালসের বিরুদ্ধে কি পাওয়া যাবে রাহানেকে ?

ইডেনে দলের সঙ্গে অনুশীলন করলেন অধিনায়ক রাহানে ৷ দিল্লি ম্য়াচের চোট কি ভোগাচ্ছে তাঁকে ? জেনে নিন আপডেট ৷

AJINKYA RAHANE
আজিঙ্কা রাহানে (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 2, 2025 at 5:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: দিল্লির বিরুদ্ধে তাঁদের মাটিতে জয়। আর একটা জয় কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলের ছবিটা বদলে দিয়েছে। 'মিশন সিক্সটিন' (16 পয়েন্ট) সফল করতে এখন মরিয়া নাইটরা। দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে জয় পাওয়ার পরে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দলের মালিক শাহরুখ খান। যেখানে 'দিল্লি জয়ে'র জন্য দলের প্রত্যেক ক্রিকেটারের প্রশংসা করেছেন তিনি। এবার লক্ষ্য রাজস্থান ৷ বৃহস্পতিবার জিম সেশনে শেষ হয়েছে প্রস্তুতি। তবে শুক্রবার থেকে মাঠে নেমে রয়্যালস ম্যাচের প্রস্তুতি শুরু করল নাইটরা।

রয়্যালসের বিরুদ্ধে নামার আগে নাইট শিবিরে অস্বস্তি অধিনায়ক আজিঙ্কা রাহানের আঙুলের চোট নিয়ে ৷ গত ম্য়াচে দিল্লি ব্যটিংয়ের একাদশ ওভারে ফাফ ডু'প্লেসির শট বাঁচাতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন রাহানে। চোটের জায়গায় সেলাই করতে হয়েছে। শুক্রবার অনুশীলনেও আঙুলে টেপ বেঁধে অনুশীলন করলেন মুম্বইকর ৷ কিন্তু পার্পল ব্রিগেডের অন্দরমহলের খবর রবিবারের ম্যাচে রাহানেকে পেতে কোনও অসুবিধা হবে না ৷ রাহানে-সহ পুরো দলই শুক্রবার বিকেলে অনুশীলন সারল ইডেন গার্ডেন্সে ৷

কোনও সন্দেহ নেই চলতি মরশুমে কেকেআর ব্যাটিং লাইন-আপে ব্যর্থতার মাঝেও নির্ভরতার জুগিয়ে যাচ্ছেন রাহানে। প্রথম ম্যাচ থেকে নিয়মিত রান করে যাচ্ছেন। আর ক্রিকেটীয় শটে নির্ভর করেই রানের মধ্যে তিনি ৷ ফলে তিনি যদি খেলার মত জায়গায় না-থাকতেন তাহলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নাইট থিঙ্কট্যাঙ্ককে সমস্যায় পড়তে হত ৷ তবে নেতা রাহানের বিকল্প যে সুনীল নারিন স্বচ্ছন্দে হতে পারেন তা বোঝা গিয়েছে গত ম্যাচে। পাশাপাশি নারিন যে সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন, তাও দিল্লি ম্যাচে প্রমাণিত। কারণ বল হাতে ভেল্কি এবং সঠিক বোলারের হাতে বল তুলে দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করার কাজটা নৈপুণ্যের সঙ্গে করেছেন ক্যারিবিয়ান।

এদিকে বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে শূন্য রানে ফিরলেও রবিবার ইডেনে আকর্ষণের আরেক নাম বৈভব সূর্যবংশী। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চোদ্দ বছরের ব্যাটার বিস্ফোরক শতরানে একাধিক রেকর্ডে নিজের নাম জুড়েছেন। তাই মুম্বইয়ের বিরুদ্ধে ব্যর্থতার পর আইপিএলের কনিষ্ঠ শতরানকারী রবিবার ফের নিজেকে প্রমাণের যে চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য। নাইট বোলারদের দুশ্চিন্তার কারণও হতে পারেন 'বস বেবি'। আপাতত রাহানের চোট স্বস্তি দিলেও বৈভবকে নিয়ে চিন্তা বাড়ছে বেগুনি শিবিরের।

আরও পড়ুন: