ETV Bharat / sports

'ব্যান হলে দেখা যাবে, আগেও হয়েছি', ইরানে না-যাওয়ার প্রতিক্রিয়ায় জানালেন বাগান সচিব

মাঠের বাইরের চাপ সামলে অবশ্য শিল্ড ওপেনারে 5-1 গোলে জিতল মোহনবাগান ৷

IFA SHIELD
মোহনবাগান বনাম গোকুলাম ম্যাচের একটি দৃশ্য (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : October 10, 2025 at 5:18 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর: টানা দ্বিতীয়বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু'য়ের ম্যাচ খেলতে ইরানে গরহাজির মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে কলকাতার ক্লাবটির নাম বাদ দেওয়া হয়েছে ৷ নিয়ম মেনে মোহনবাগানকে পরবর্তীতে এএফসি টুর্নামেন্টে নিষিদ্ধ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷ প্রতিযোগিতার 5.7 ধারা মেনে এক বা একাধিক বছরের জন্য আইএসএল চ্যাম্পিয়নদের নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে ৷ কিন্তু এ ব্য়াপারে বিশেষ হেলদোল নেই মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর ৷ বৃহস্পতিবার শিল্ডে গোকুলাম কেরালা ম্যাচের পর তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ব্যান হলে দেখা যাবে ৷

ইরানে খেলতে না-যাওয়ায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে ৷ গতকাল প্রিয় ক্লাব শিল্ডের প্রথম ম্য়াচে নামলেও তা কার্যত বয়কট করে সবুজ-মেরুন জনতা ৷ দল 5-1 গোলে জিতলেও ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিল গ্যালারিতে এবং মাঠের বাইরে ৷ তবে এহেন প্রতিবাদে খুব একটা বিচলিত নন ক্লাব সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত ৷ তাঁরা জানালেন, কলকাতা লিগ এবং ডুরান্ডে কাপ জিতলে এসব হত না ৷

বাগান কর্তাদের বক্তব্য (ETV Bharat)

ইরানে খেলতে না-যাওয়া সমর্থকদের বিক্ষোভ প্রসঙ্গে সাতের দশক আটের দশকের কথা টেনে আনলেন দুই বাগান কর্তা ৷ সভাপতি দেবাশিস দত্ত বলছেন, 'আপনারা দেখেছেন কি না জানি না, একটা সময় ছিল যখন পুলিশ ভ্যানে করে শৈলেন মান্না, সুব্রত ভট্টাচার্যকে মোহনবাগান মাঠ থেকে বেরোতে হত ৷ কারণ সত্তর দশক-আশির দশকে আমি নিজের চোখে দেখেছি, যখন ম্যাচ ড্র হত বা মোহনবাগান হেরে যেত তখন প্রচণ্ড বিক্ষোভ হত এবং ইট পড়ত ৷ আমাদের টেন্ট তখন টিনের টেন্ট ছিল ৷ মনে হত ইটের বর্ষণ চলছে ৷ এখন বিক্ষোভের ধরন বদলেছে ৷"

বাগান সভাপতি বলছেন এখন ময়দানে টিফো সংস্কৃতি এসেছে ৷ তবে বৃহস্পতিবার কিশোরভারতীতে মোহন জনতা ম্যাচ বয়কট করেনি বলেই দাবি দেবাশিসের ৷ তাতে সায় দিলেন সচিব সৃঞ্জয়ও ৷ বাগান সচিব বলছেন, "বয়কট তো হয়নি ৷ মাঠে তো লোক ছিল ৷ আমরা যখন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এএফসি ম্যাচ করতাম, ছ'জন আসত খেলা দেখতে ৷ তখন তো কোনও প্রতিবাদ ছিল না ৷ তাই বয়কটেরও প্রশ্ন নেই ৷"

কিন্তু ইরানে সেপাহানের বিরুদ্ধে খেলতে না-যাওয়ায় তো মোহনবাগানকে মহাদেশীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হতে পারে ৷ এমন প্রশ্নে সৃঞ্জয় বোসের উত্তর, "ব্যান হলে তখন সেটা দেখা যাবে ৷ আমরা আগেও আই লিগে এআইএফএফের তরফে ব্য়ান হয়েছি ৷ ফিরে এসেছি লড়াই করে ৷ কিন্তু বিদেশি প্লেয়াররা রয়েছে, তাঁদেরও তো একটা বক্তব্য আছে ৷"

আরও পড়ুন: