ETV Bharat / politics

সিটুর রাজ্য সম্পাদক হলেন জিয়াউল আলম, সভাপতি অনাদি সাহু

পশ্চিমবঙ্গ সিটুর 13 তম রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ ৷ এই সম্মেলনে 35 জনের সম্পাদকমণ্ডলী গঠন করেছে নেতৃত্ব ৷

CITU West Bengal State Conference
সিটুর রাজ্য সম্পাদক করা হল জিয়াউল আলমকে, সভাপতি অনাদি সাহু ৷ (ছবি সূত্র- সিপিআইএম)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 15, 2025 at 6:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 জুন: হলদিয়াতে 13 থেকে 15 জুন পর্যন্ত আয়োজিত পশ্চিমবঙ্গ সিটুর 13তম রাজ্য সম্মেলনে 35 জনের রাজ্য সম্পাদকমণ্ডলী বাছাই করা হল ৷ যেখানে সিটুর নয়া রাজ্য সম্পাদক করা হল জিয়াউল আলমকে ৷ আর সভাপতি করা হয়েছে প্রাক্তন সম্পাদক অনাদি সাহুকে ৷ সিটুর কোষাধ্যক্ষ হয়েছেন সুমোহন চক্রবর্তী ৷

আলিমুদ্দিন স্ট্রিটের এক সূত্রের তরফে জানানো হয়েছে, 35 জনের রাজ্য সম্পাদকমণ্ডলীর পাশাপাশি, 355 জনকে কাউন্সিলের সদস্য করা হয়েছে ৷ আর 127 জনের ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে ৷ গত শুক্রবার থেকে এই সম্মেলন শুরু হয় ৷ যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইটিইউ’র সর্বভারতীয় সভাপতি কে. হেমলতা ৷

CITU West Bengal State Conference
পশ্চিমবঙ্গ সিটুর 13 তম রাজ্য সম্মেলন ৷ (ছবি সূত্র- সিপিআইএম)

সেখানে পর্যবেক্ষণ ভাষণ দেন সিআইটিইউ’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন ৷ প্রারম্ভিক ভাষণ দেন সভাপতি সুভাষ মুখোপাধ্যায় ৷ আর সম্পাদকীয় প্রতিবেদন পড়ে শোনান অনাদি সাহু ৷ তারপর এ দিন নতুন কমিটি গঠিত হয়েছে ৷ সিটুর রাজ্য নেতৃত্বের তরফে আগামী 9 জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ আর সেই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়েছেন সিটুর নেতারা ৷

সূত্রের দাবি, সিটুর এই সম্মেলনে পরিবহণ, চটকল, বিড়ি শ্রমিক, চা-শ্রমিক, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ-সহ প্রতিটি ক্ষেত্র থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন ৷ তাঁরা কর্মক্ষেত্রে নানান সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ৷ কীভাবে পুঁজিবাদী ব্যবস্থার মোকাবিলা করা যায়, তা নিয়েও আলোচনা হয় ৷ কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ বিরোধী কাজের অভিযোগও তোলা হয়েছে ৷

CITU West Bengal State Conference
সিপিআইএমের রাজ্য কমিটির তরফে রক্তদান শিবিরের আয়োজন ৷ (ছবি সূত্র- সিপিআইএম)

সদ্য নির্বাচিত সভাপতি অনাদি সাহু তাঁর সম্পাদকীয় প্রতিবেদনে বলেন, "ব্রিগেড সমাবেশ দেখিয়ে দিয়েছে শ্রমজীবী মানুষ একসঙ্গে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে ৷ মেহনতি মানুষকে আরও বেশি করে এককাট্টা করতে হবে ৷ কেন্দ্রে নরেন্দ্র মোদির জমানায় শ্রমজীবী মানুষের আয় কমেছে ৷ শ্রম কোডে ছাঁটাইয়ের কথা বলা হয়েছে ৷ ন্যূনতম মজুরির কোনও নির্দিষ্ট রূপরেখা নেই ৷ দিনে 10-12 ঘণ্টা কাজ করতে হবে ৷ একইভাবে, এই রাজ্যে ট্রেড ইউনিয়ন দখল করে নেওয়া হচ্ছে ৷ ভয়ঙ্কর সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে সিআইটিইউ-কে আরও বেশি করে শ্রমিক শ্রেণির কাছে পৌঁছাতে হবে ৷"

অন্যদিকে, এ দিন সিপিআইএমের রাজ্য কমিটির তরফে মুজফ্ফর আহমেদ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ গ্রীষ্মকালে ব্লাডব্যাংকগুলিতে রক্তের ঘাটতি মেটাতে, এই রক্তদান শিবির বলে জানিয়েছে সিপিআইএম ৷ এ দিন মোট 145 জন রক্তদান করেছেন ৷