অধীরকে তৃতীয় স্থানে পাঠান ইউসুফ, তাই এত জ্বালা, কটাক্ষ কুণালের
রাহুল গান্ধির ভোটাধিকার যাত্রায় তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে আপত্তি অধীরের । পালটা তোপ৷ কূণাল৷ ঘোষের ।

Published : August 30, 2025 at 11:21 PM IST
কলকাতা, ৩০ অগস্ট: আগামী পয়লা সেপ্টেম্বর বিহারে কংগ্রেস ও আরজেডি'র সমাবেশ। রাহুল গান্ধির ভোটাধিকার যাত্রায় তৃণমূলের তরফে প্রতিনধিত্ব করবেন ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠি। কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রতিনিধি করায় আপত্তি জানিয়েছেন। এবার অধীররঞ্জন চৌধুরীকেই সেই বিষয়ে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
কুণালের মতে, "বহরমপুরে ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরী পরাজিত হয়েছিলেন, শুধু তাই নয় তাকে তৃতীয় স্থানে পাঠিয়েছিলেন। সেই কারণেই অধীররঞ্জন চৌধুরীর গায়ে জ্বালা হচ্ছে।"
উল্লেখ্য, লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি ভোটাধিকার যাত্রা করছেন। সেই যাত্রায় রাহুলের সঙ্গী ইন্ডিয়া ব্লকের শরিক তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব। পাশাপাশি বিভিন্ন রাজ্যের হেভিওয়েট কংগ্রেস নেতারা যোগ দিচ্ছেন ইন্ডিয়া ব্লকের অন্য শরিক দলের নেতারা একে একে সামিল হচ্ছেন।
এবার তৃণমূলও ভোটাধিকার যাত্রায় যোগ দিচ্ছে। সরকারি ভাবেই এই ঘোষণা করা হয়েছে। তৃণমূল বহরমপুররের সাংসদ ইউসুফ পাঠান ও উত্তর প্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠিকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে।
তা নিয়েই আপত্তি তুলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। শনিবার খিদিরপুরে দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অধীর দাবি করেন, বিজেপির ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন না রাহুল গান্ধির ভোটাধিকার যাত্রায়। এই নিয়ে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
শনিবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ বলেন, "এসআইআরের বিরুদ্ধে রাহুল গান্ধির নেতৃত্বে বিহারে যে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য দলের মতো, টিএমসিও এই সমাবেশে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অধীররঞ্জন সিদ্ধান্ত নিতে পারেন না কে টিএমসির পক্ষে ইন্ডিয়া ব্লকের সমাবেশে যোগ দেবেন।"
কুণাল ঘোষের কটাক্ষ, "ইউসুফ পাঠানকে তৃণমূলের প্রতিনিধি করায়, অধীররঞ্জনের গায়ে জ্বালা ধরছে। তার কারণ, বহরমপুরে ইউসুফ পাঠান তাঁকে তৃতীয় স্থানে পাঠিয়েছিলেন। নির্বাচনে যাঁরা তৃতীয় হয়েছেন, তাঁরা আমাদের কী পরামর্শ দেবেন?"
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আরও বলেন, "টিএমসি ইন্ডিয়া ব্লকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। ব্লককে শক্তিশালী করার জন্য কী করতে হবে তা আমরা ঠিক জানি। পটনার প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তাই ইউসুফ পাঠানকে প্রতিনিধি করে পাঠানো হচ্ছে।"

