বিজেপির চোখে নেতাজি সন্ত্রাসবাদী, ভিডিয়ো দেখিয়ে দাবি কুণালের
শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এই নিয়ে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ তাঁর দাবি, বিজেপি বাংলা ও বাঙালির বিরোধী বলেই নেতাজিকে অসম্মান করছে ৷

Published : August 1, 2025 at 9:12 PM IST
কলকাতা, 1 অগস্ট: বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা নিয়ে কিছুদিন থেকেই তোলপাড় রাজ্যের রাজনীতি ৷ প্রতিদিনই কোনও না কোনও তৃণমূল নেতা-নেত্রী এই ইস্যুতে গেরুয়া শিবিরকে বাক্যবাণে বিঁধছেন ৷ শুক্রবার একইভাবে বিজেপিকে বিঁধেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷
নিজের বক্তব্যের সমর্থনে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি একটি ভিডিয়ো ক্লিপও তুলে ধরেন ৷ যে ভিডিয়ো ক্লিপে অসমের হোজাই কেন্দ্রের বিজেপির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবকে নেতাজি সুভাষচন্দ্র বসু ও বিপিনচন্দ্র পাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে ৷
কুণাল বলেন, “আমরা একটা ভিডিয়ো পেয়েছি ৷ সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি ৷ অবশ্য ওই ভিডিয়ো কেউ অস্বীকারও করেনি ৷ সেই ভিডিয়োতে অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলছেন ৷ সন্ত্রাসবাদী আর স্বাধীনতা সংগ্রামী কিংবা বিপ্লবী, এই শব্দ দু’টির প্রয়োগের ক্ষেত্রে যে মৌলিক তফাত, সেই তফাত রাখারও কোনও প্রয়োজন বলে মনে করছে না ভারতীয় জনতা পার্টি ৷ এই ভিডিয়ো যদি সত্যি না হতো, তবে বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই অস্বীকার করত ৷ আমরা চাই, এই নিয়ে তদন্ত হোক ৷”
তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক আরও বলেন, “ওই ভিডিয়োয় শিলাদিত্য সুভাষচন্দ্র বসুকে টেররিস্ট বলছেন ৷ বলছেন, উগ্রপন্থী ছিলেন বিপিনচন্দ্র পাল ৷ আমরা এর তীব্র নিন্দা করছি ৷ ওই বিজেপি নেতা এটা বলছেন কীভাবে ? এসব তো ব্রিটিশরা বলত ৷ সেদিনের ব্রিটিশই হল আজকের বিজেপি ৷ বাংলা আর বাঙালির সম্পর্কে ওদের এই ধারণা ? এই ভাষা ? এর জন্য ওই বিধায়ক এবং বিজেপির ক্ষমা চাওয়া উচিত ৷’’
কুণাল আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যের লিখে দেওয়া ভাষণে বাংলা ও বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদ সামলাতে ক্ষুদিরাম বসুর নাম ব্যবহার করছেন ৷ আর আপনার দলের বিধায়ক তাঁকে টেররিস্ট বলছেন ৷ এটাই হচ্ছে বিজেপির ভিতরের মূল্যায়ন ৷ তারা বাংলা আর বাঙালিকে এভাবেই দেখে ৷ স্বাধীনতা সংগ্রামে ওদের কোনও ভূমিকা ছিল না ৷ কিন্তু স্বাধীনতা সংগ্রামে বাংলা আর বাঙালির ভূমিকা ছিল ৷ সেই জন্যই আজ ওদের নেতার মুখে শুনতে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু টেররিস্ট, বিপিনচন্দ্র পাল টেররিস্ট, ক্ষুদিরাম বসু টেররিস্ট ৷”
কুণাল এদিন বলেন, “জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা দীপু রায় মহারাষ্ট্রের পুণেতে কাজ করতেন ৷ তাঁর রহস্যময় মৃত্যু হয়েছে ৷ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ৷ অভিযোগ উঠেছে, বাংলাভাষী বলে তাঁকে আক্রমণ করা হয়েছে ৷ মারা হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি মারা গিয়েছেন ৷ বিভিন্ন জায়গায় বারবার এই ঘটনা ঘটছে ৷ অস্বাভাবিক মৃত্যু অথবা রহস্যমৃত্যুর তো তদন্ত চাই ৷’’
কুণালের প্রশ্ন, ‘‘এখন দুর্ঘটনা বলে চালিয়ে দিলে হবে ? এখন মানবাধিকার কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোথায় থাকে ? আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই ৷ একই সঙ্গে বাংলা ও বাঙালির বিরুদ্ধ বিজেপির যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বাংলার সঙ্গে দিল্লি এবং দেশের যেখানে যেখানে এই ঘটনা ঘটবে, সেখানেই আমাদের তীব্র আন্দোলন চলবে ৷”
কুণালের অভিযোগ, “পশ্চিমবঙ্গের দুই বাসিন্দা অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ পেয়েছেন ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এভাবেই নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার জন্য বড় ষড়যন্ত্র করছে ৷ কিন্তু তারা সফল হবে না ৷ নির্বাচন কমিশন কোনও ভারতীয় নাগরিকের নাগরিকত্ব যাচাই করতে পারে না ৷”

