ইস্কো অ্যাপ্রেনটিসে রাজ্যের যোগ্যরা বঞ্চিত, রাজনীতির অভিযোগ তুলে বিস্ফোরক অশোক রুদ্র
ভিনরাজ্যের ছেলে-মেয়েরা সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের নেতা ৷ ইস্কোর তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

Published : June 7, 2025 at 7:34 PM IST
আসানসোল, 7 জুন: ইস্কো কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে । 35 হাজার কোটি টাকার বিনিয়োগে এই আধুনিকীকরণের কাজ হবে । আধুনিকীকরণের কাজ শেষ হলে সাত মিলিয়ন টন উৎপাদন বিশিষ্ট দেশের বৃহত্তম ইস্পাত কারখানা হিসেবে গড়ে উঠবে ইস্কো ।
ইতিমধ্যেই ইস্কো কারখানায় অ্যাপ্রেনটিস ট্রেনিংয়ের জন্য আইটিআই প্রশিক্ষিত যুবক-যুবতীদের আহ্বান জানানো হয়েছে । এ রাজ্যে যোগ্য যুবকরা থাকলেও তাঁদের আবেদন বাদ দিয়ে ভিনরাজ্যের যুবকদের এই অ্যাপ্রেনটিসে সুযোগ দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য কমিটির নেতা তথা শিল্পশহর বার্নপুরের কাউন্সিলর অশোক রুদ্র । তিনি সরাসরি দাবি করেন, ইস্কো কারখানার এক শ্রেণীর আধিকারিকরা বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে ।
ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অশোক রুদ্র বলেন, "আমরা ইস্কোর আধুনিককরণ ও সম্প্রসারণকে স্বাগত জানাই । আমাদের রাজ্য সরকারও সর্বতোভাবে চায় শিল্পের বিকাশ ও আমরা জানি এই আধুনিকীকরণ হলে একটা বড় অঙ্কের টাকা বাজারে আসবে । আর তাতে আর্থ-সামাজিক উন্নতি হবে এলাকার ।’’
তিনি আরও বলেন, ‘‘কিন্তু এর আগে যখন ইস্কোর সম্প্রসারণ হয়েছিল তখন স্থানীয় যুবকদের বাদ দিয়ে বাইরের রাজ্যের যুবকদের কর্মসংস্থান দেওয়া হয়েছিল । এই কারণে বর্তমানে স্থানীয় যোগ্য বেকার যুবকরা ‘বেকার যুব মঞ্চ’ নামে একটি সংগঠন করেছেন এবং আমরাও ইস্কো কারখানা যে অঞ্চল জুড়ে রয়েছে সেখানকার প্রায় 25 জন কাউন্সিলর তাদের পাশে রয়েছি । আমরা আন্দোলন শুরু করেছি ইস্কো কারখানার কর্মসংস্থানে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দিতে হবে ।"

অশোক রুদ্র এরপরেই বিস্ফোরক অভিযোগ করে বলেন, "আমরা দেখলাম 702 জনের একটি অ্যাপ্রেনটিস প্রশিক্ষণের তালিকা বেরিয়েছে । যাঁরা এখানে 25 মাসের প্রশিক্ষণ নেবেন এবং আগামিদিনে এখান থেকেই তাঁদের কর্মসংস্থান হবে । এখানেও আমরা দেখলাম যে একটা বড় অংশ ভিনরাজ্য থেকে এসেছে । আমরা এখানে রাজনীতি দেখতে পাচ্ছি । আমরা দেখতে পাচ্ছি যে 14টি রাজ্য থেকে এই যুবকদের অ্যাপ্রেনটিসে নেওয়া হয়েছে সেই রাজ্যগুলিতে কেন্দ্রের শাসিত দল সেই দল ক্ষমতায় রয়েছে ।"

অশোকের আরও অভিযোগ, "কারখানার যে উচ্চ অধিকারিকরা রয়েছে, তার একটা বড় অংশ বাংলা এবং বাঙালি বিরোধী । এই 702 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে, তার মধ্যে 320 জন বাইরের রাজ্যের । কিন্তু যখন কর্মসংস্থান হবে, তখন দেখা যাবে 90 শতাংশই বাইরের রাজ্যের ছেলেদের নিয়োগ হয়েছে। এই ঘটনা আগেও ঘটেছে ।"

তিনি দাবি করেন, "আইটিআই-এর যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেনটিসে নিয়োগ করা হয়েছে, সেই ট্রেডে রাজ্যের প্রচুর যোগ্য ছেলে-মেয়ে ছিল । অথচ তাঁদের আবেদন পত্র বাতিল করে দিয়ে বাইরে রাজ্যের ছেলেদের নিয়োগ করা হয়েছে । এটা আমরা মেনে নেব না । আগামিদিনে এই বঞ্চনা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ।"
বিষয়টি নিয়ে ইস্কোর কোনও আধিকারিক মন্তব্য করতে চাননি ।

