ETV Bharat / politics

মহেশতলা নিয়ে বিষ ছড়াচ্ছে বিজেপি, অভিযোগ কুণালের

মহেশতলা-কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে শনিবার তোপ দাগেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

Kunal Ghosh
মহেশতলা নিয়ে বিষ ছড়াচ্ছে বিজেপি, অভিযোগ কুণালের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 14, 2025 at 9:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 জুন: "মহেশতলার ঘটনায় বিজেপি সম্পূর্ণভাবে প্ররোচনা দিয়ে একটি মিথ্যের বাতাবরণ তৈরি করতে চাইছে । শুধু তাই নয় মহেশতলা তুলসী-কাণ্ডে বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে", এমনই অভিযোগ করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "মহেশতলা-কাণ্ড নিয়ে বিজেপি বিষ ছড়াচ্ছে ।"

তিনি উদাহরণ দিয়ে বলেন, "ধরুন আপনার একটি দোকান আছে, আপনি কয়েকদিনের জন্য বাইরে গেলেন । সেখানে কেউ এসে ইট দিয়ে নির্মাণ করে একটি গাছ পুঁতে দিল । আপনার রুটিরুজির জায়গাটা সে বন্ধ করে দিতে চাইল । এবার আপনি যখন সেটা ফিরে পেতে চাইছেন, তখন বলা হচ্ছে যে তুলসি মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে । একই ঘটনা ঘটেছে মহেশতলায় ।’’

কুণালের দাবি, ‘‘সেখানে কয়েকজন ফল বিক্রেতার দোকান ছিল । তাঁরা ঈদে ছুটিতে সম্ভবত কোথাও বাইরে গিয়েছিলেন । ফিরে এসে দেখছেন তাঁদের ফলের দোকানে তড়িঘড়ি একটি নির্মাণ করে তুলসি গাছ লাগিয়ে দেওয়া হয়েছে । তাঁরা দোকান ফিরে পেতে চাইলে সেখানে অশান্তি ছড়িয়েছিল । অর্থাৎ সুপরিকল্পিতভাবে অশান্তি করার জন্যই ওই ফল বিক্রেতাদের রুজিরুটি বন্ধ করে সেখানে তুলসি গাছ লাগিয়েছিল বিজেপি ।"

কুণালের আরও দাবি, গরিব দোকানিদের রুটিরুজি বন্ধ করে দিলে সেখানে অশান্তি ছড়াবে, তাই এমন চিত্রনাট্য বিজেপির । পরিকল্পিতভাবে অশান্তি করার জন্যই তুলসি মঞ্চ করে দেওয়া হয়েছিল ৷ যদিও তিনি বলেন, "মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং রাজ্য পুলিশ সেই অশান্তিকে রুখতে পেরেছে ।" এই ঘটনায় যে বিজেপিকর্মীরা গ্রেফতার হয়েছেন, তাঁদের কাছ থেকে বোমা পর্যন্ত উদ্ধার হয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ ।

তুলসি গাছ নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, "আমরা সবাই তুলসি গাছকে শ্রদ্ধা করি । আমাদের অনেকের বাড়িতে তুলসি গাছ আছে, সেখানে আমরা সকাল-সন্ধ্যা শ্রদ্ধা জানিয়ে ধূপ ও জল দিই । কিন্তু গরিব ফল বিক্রেতার দোকান বন্ধ করার জন্য সেখানে তুলসি গাছ লাগিয়ে দিয়ে অশান্তির সৃষ্টি করা৷ সেটা বিষ ছড়ানো ।"

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মহেশতলা যাওয়া সম্পর্কে কুণাল ঘোষের মন্তব্য, "যে যেখানে খুশি যেতেই পারেন, কিন্তু হিংসে ছড়াতে নয় ।" কুণাল ঘোষ বলেন, "বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে উস্কানি ও ঘৃণা ছড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুলিশ ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে ৷’’

আরও পড়ুন -