ETV Bharat / politics

মুখ্যমন্ত্রী বাংলার বোঝা, শুভেন্দুর নিশানায় মমতা

নির্যাতিতার বাবার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর ৷ মুখ্যমন্ত্রীর পালন না-করা দায়িত্ব, তিনি সম্পন্ন করতে এসেছেন, মন্তব্য শুভেন্দু অধিকারীর ৷

DURGAPUR GANG RAPE CASE
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 4:42 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 13 অক্টোবর: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সোমবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নির্যাতিতাকে তাঁর বাবা এ রাজ্যে আর রাখতে চান না বলে রবিবার জানিয়েছেন ৷ তাঁর সেই বক্তব্যের প্রেক্ষিতেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বোঝা বলে নিশানা করেন বিরোধী দলনেতা ৷

মূলত নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য এ দিন দুর্গাপুরে যান শুভেন্দু ৷ পাশাপাশি, নির্যাতিতার বাবার সঙ্গেও কথা বলেন ৷ সেখানেই শুভেন্দু রাজ্যের নারী সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রীকে বাংলার বোঝা বলে উল্লেখ করেন ৷

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে বাংলার বোঝা বলে নিশানা শুভেন্দু অধিকারীর ৷ (ইটিভি ভারত)

প্রসঙ্গত, রবিবার নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, এ রাজ্যে আর মেয়েকে রাখবেন না ৷ সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "খুবই স্বাভাবিক ৷ বাংলার অধিবাসী হোক আর বাইরের রাজ্য থেকে শিক্ষা বা কর্মসূত্রে আসা মা-বোনেরা, কেউ এখানে নিরাপদ বোধ করেন না ৷ তাই বাধ্য হয়ে ওঁর মতো সকল বাবা মেয়েকে এ রাজ্যে রাখতে চাইবেন না ৷ আর এটা বাঙালি হিসেবে আমার কাছেও খুব লজ্জার ৷"

সেই সূত্রেই শুভেন্দু বলেন, "বাংলার সব আছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী এখন বাংলা সবচেয়ে বড় বোঝা (লায়াবিলিটি) ৷ আর এর থেকে মুক্তি পেতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে ৷ আর সেটা গণতান্ত্রিকভাবে ৷ ভোটে হারিয়ে ৷ আমাদের গণতান্ত্রিক দেশ ৷ এখানে জামাতিদের নিয়ে বঙ্গভবনে ঢুকে পড়া যায় না ৷ তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে ৷ তবেই এই লজ্জা থেকে আমরা মুক্তি পাব ৷"

নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মমতার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করেননি ৷ তাই বিরোধী দলনেতা হিসেবে, সেই দায়িত্ব পালন করতে এসেছি ৷"

তিনি আরও বলেন, "পুলিশ তার কাজ করছে ৷ অভিযুক্তদের গ্রেফতার করছে, তারা তাদের দায়িত্ব পালন করছেন ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী কি তাঁর দায়িত্ব পালন করেছেন ? ওঁর চাটার্ড ফ্লাইট আছে ৷ গতকাল হাসিমারায় গেলেন সেই ফ্লাইটে ৷ নিজের সফরসূচিতে সামান্য বদল করে উনি অন্ডাল বিমানবন্দরে নেমে নির্যাতিতা বোনটির সঙ্গে দেখা করতে পারতেন ৷ উনি স্বাস্থ্যমন্ত্রী, সেই অধিকারে যে চিকিৎসকরা নির্যাতিতার চিকিৎসা করছেন, তাঁদের সঙ্গে কথা বলতে পারতেন ৷ তাঁর বাবাকে আশ্বস্ত করতে পারতেন ৷ সেসব উনি করেননি ৷ তাই বাধ্য হয়ে আমাকে আসতে হল ৷"

অন্যদিকে, দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজে তৃণমূল কংগ্রেসের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "দুর্গাপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৃণমূল কংগ্রেসের রাজ চলে ৷ কলেজের ভিতরে তৃণমূলের গুন্ডারাজ চলছে ৷ সজ্জন ব্যক্তি ঝুনঝুনওয়ালা এই কলেজ বিক্রি করে চলে যেতে চাইছেন ৷ দুর্গাপুরে আর কোন-কোন কলেজে ভাইপো-রাজ চলছে, তা সবাই জানে ৷"