রোহিঙ্গা-বাংলাদেশি বাছতে বাংলায় SIR দাবি, উত্তরকন্যা অভিযানে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার চ্যালেঞ্জ শুভেন্দুর
ভারতীয় মুসলিমদের অভয়বাণী বিরোধী দলনেতার ৷ মদ-মাংস-বিরিয়ানি দিতে একুশের সমাবেশে জমায়েত তৃণমূলের, কটাক্ষ শুভেন্দু অধিকারীর ৷

Published : July 21, 2025 at 4:41 PM IST
শিলিগুড়ি, 21 জুলাই: নির্বাচন কমিশনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বিজেপি ৷ তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে 'রোহিঙ্গা ও বাংলাদেশি ভোটার' ইস্য়ুতে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পালটা জবাবে এবার পশ্চিমবঙ্গেও বিহারের ন্যায় 'এসআইআর' বা 'স্পেশাল ইনটেন্সিভ রিভিশন' দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতাকে তাঁর চ্যালেঞ্জ, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকতে দেবেন না ৷
সোমবার শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ছিল ৷ সেখানেই মঞ্চ থেকে শুভেন্দু বলেন, "আমি আপনাকে (মমতা) চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই ৷ বাংলাদেশ থেকে যে সব হিন্দুরা ধর্মীয় নীপিড়নের কারণে ভারতে এসেছেন, মোদিজির কাছে তাঁরা শরণার্থী, অনুপ্রবেশকারী নন ৷ এখানে যাঁরা ভারতীয় মুসলিম আছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কোনও চিন্তা নেই ৷ আমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আছি ৷ কিন্তু, রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না ৷"
উল্লেখ্য, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এসআইআর চালু হয়েছে ৷ অর্থাৎ, কমিশনের সাইট থেকে একটি ফর্ম ফিলাপ করে, তার হার্ড কপি নথি-সহ বিএলআরও-কে দিয়ে রিসিভ করাতে হবে ৷ সেই আবেদনপত্র যাচাই করে ভোটার তালিকায় স্বচ্ছতা আনার কাজ করছে নির্বাচন কমিশন ৷
সেই একই পদ্ধতিতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাদ দিতে এসআইআর দাবি করলেন শুভেন্দু ৷ এ দিন মমতার উদ্দেশে আরও একটি চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা ৷ যেখানে আগামী বছরের বিধানসভা নির্বাচনে পর মমতাকে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' করার চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি ৷
শুভেন্দু বলেন, "উনি ধর্মতলা থেকে চ্যালেঞ্জ করছেন ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবেন ৷ একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ৷ এবার আমি চ্যালেঞ্জ করছি, ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব ৷"
উল্লেখ্য, এ দিন বিজেপি যুব মোর্চার কর্মসূচি উত্তরকন্যা অভিযান ছিল ৷ কিন্তু, পুলিশ অনুমতি দেয়নি তৃণমূলের শহিদ দিবসে নিরাপত্তার কারণ দেখিয়ে ৷ তবে, আগামী 4 অগস্ট 65 জন বিধায়ককে নিয়ে উত্তরকন্যা অভিযানে আসার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী ৷ সেদিন উত্তরকন্যায় সচিবের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তিনি ৷
এ নিয়ে মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "একুশ তারিখে কোনও অনুষ্ঠান করতে দেওয়া যাবে না ৷ কেন-না রানি মা, পিসি মা, চোরেদের রানি, তিনি ভাষণ দিচ্ছেন ধর্মতলায় ৷ সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর ৷ আজকে গরু, কয়লা, বালি পাচার বন্ধু, গাছ চুরি বন্ধ ৷ কারণ, আজকে সব চোর ধর্মতলায় রয়েছে ৷"

