ETV Bharat / politics

সুনীতা চাওলা নাকি সোনিয়া উইলিয়ামস! চর্চায় বঙ্গ রাজনীতির কুশীলবরা

শুভেন্দু অধিকারীর দাবি, বিধানসভায় সুনীতার পদবী চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি নিজেও সুনীতা সোনিয়া বলে ফেলছেন ৷

SUNITA WILLIAMS
সুনীতা চাওলা নাকি সোনিয়া উইলিয়ামস! চর্চায় বঙ্গ রাজনীতির কুশীলবরা (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 19, 2025 at 9:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 19 মার্চ: অনেক টালবাহানার পর অবশেষে বুধবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস ৷ সেই নিয়ে হইচই চলছে সারা বিশ্বে৷ পশ্চিমবঙ্গ বিধানসভাও তার ব্যতিক্রম নয় ৷ বরং সুনীতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠল বিধানসভা ৷ কারণ, কেউ সুনীতাকে উলিয়ামসের বদলে চাওলা বললেন ৷ আবার সেই ভুল ধরাতে গিয়ে কারও মুখে শোনা গেল সোনিয়া উইলিয়ামস ৷ আর এই নিয়ে চর্চা চলল দিনভর ৷

বুধবার বিধানসভার অন্দরে সুনীতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরে আসার জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে বিধানসভার বাইরে এই প্রসঙ্গ উঠতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, সুনীতা উইলিয়ামসের পদবী ভুল করেছেন মুখ্যমন্ত্রী ৷ উইলিয়ামসের বদলে চাওলা বলেছেন ৷

Sunita Williams
সুনীতা উইলিয়ামস নিয়ে বিজেপির পোস্টার (নিজস্ব ছবি)

আসলে আরেক ভারতীয় মহাকাশচারী প্রয়াত কল্পনার পদবী ছিল চাওলা ৷ হয়তো সেটাই স্লিপ অফ টাং হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ৷ যেহেতু বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার সবসময় হয় না, ফলে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷

কিন্তু বিরোধী দলনেতার দাবি, ‘‘মুখ্যমন্ত্রী সুনিতা উইলিয়ামসের নাম সুনীতা চাওলা বলছেন । বাঙালি হিসাবে লজ্জিত আমরা । মুখ্যমন্ত্রী ক্ষমা চান ।’’ আর এই দাবি করতে গিয়েই শুভেন্দুরও হয়ে গেল স্লিপ অফ টাং ৷ সুনীতা উইলিয়ামস বলতে গিয়ে তিনিও প্রথমে বলেন সোনিয়া উইলিয়ামস । ভুল নাম উচ্চারণ করলেও পরে তা সংশোধন করে নেন বিরোধী দলনেতা ৷

যদিও এই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেখানে বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করেছেন ৷ কিন্তু প্রকাশ্যে এই নিয়ে মন্তব্যে নারাজ শাসক দলের সবনেতাই ৷ আর এসব শুনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘আমার ধারণা মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা জেনেবুঝে এই নামগুলোকে ভুল বলেছেন, যাতে এটা নিয়ে চর্চা হয় ৷’’

Sunita Williams
সুনীতা উইলিয়ামস নিয়ে বিজেপির পোস্টার (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এর আগে একাধিকবার একজনের বদলে অন্যজনের নাম নিয়েছেন ৷ যা নিয়ে তোলপাড় হয়েছে সোশাল মিডিয়া থেকে সর্বত্র ৷ 2023 সালে চন্দ্রযান-3 এর সাফল্যের পর এক অনুষ্ঠানে মহাকাশচারী রাকেশ শর্মাকে বলিউড অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন বলে উল্লেখ করেছিলেন ৷ এক অনুষ্ঠানে তিনি হঠাৎ করে বলে বসেন, ইন্দিরা গান্ধি চাঁদে গিয়েছিলেন । আর রাকেশের থেকে তিনি জানতে চেয়েছিলেন চাঁদ থেকে পৃথিবীতে দেখতে কেমন লাগে । জবাবে রাকেশ বলেছিলেন, সারে জাঁহা সে আচ্ছা ।

সেই সময়ও সোশাল মিডিয়ায় এই নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছিল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ৷ এদিনও তাই হচ্ছে ৷ তবে যেহেতু সরাসরি কেউ বিষয়টি শোনেননি, তাই এই নিয়ে সমালোচনার ঝড় অন্য সময়ের চেয়ে কিছুটা হলেও স্তিমিত ৷ বরং বেশি চর্চা হচ্ছে বিরোধী দলনেতার বলা ‘সোনিয়া উইলিয়ামস’ নিয়ে ৷