বিকাশ ভবন অভিযানে ছাত্রের বুকে লাথি পুলিশের! আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল SFI
SFI-এর বিকাশভবন অভিযানের সময় এক ছাত্রের বুকে লাথি মারা হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ৷

Published : August 21, 2025 at 9:10 PM IST
কলকাতা, 21 আগস্ট: তিনদফা প্রশ্নের উত্তর জানতে বিকাশ ভবন অভিযানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন এসএফআই কর্মী-সমর্থকরা । তাঁদের আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাঁধে । পুলিশের বিরুদ্ধে নির্মমভাবে মারধর করার অভিযোগও তোলেন এসএফআই কর্মী-সমর্থকরা । শুধু তাই নয়, বৃহস্পতিবার ভিডিয়ো প্রকাশ করে পুলিশকর্মীর বিরুদ্ধে বুকে লাথি মারার অভিযোগ করলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে । ইতিমধ্যে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় ইমেইল মারফত অভিযোগ করা হয়েছে । তার ভিত্তিতে যদি পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ না-করে তাহলে আদালতে যাওয়ারই হুঁশিয়ারি দিয়েছে এসএফআই রাজ্য নেতৃত্ব ।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে করে দেবাঞ্জন দে বলেন, "রাজ্যেজুড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত । মেডিক্যাল কলেজ-ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বন্ধ । সরকার আটকে দিয়েছে । আমরা প্রশ্ন করে চলেছি ক্লাস কবে শুরু হবে, কলেজে ভর্তি কবে শেষ হবে, জয়েন্ট পরীক্ষার ফল কবে প্রকাশ হবে । বিকাশ ভবনে গিয়েছিলাম, ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে । সরকারের জন্য লোকে বাধ্য হচ্ছে অন্য রাজ্যে চলে যেতে । যতবার এই দুর্নীতির বিরুদ্ধে নামা হচ্ছে, ততবার পুলিশের আক্রমণ নেমে আসছে ।’’
তিনি আরও বলেন, ‘‘মেদিনীপুর কলেজে সুচরিতাকে থানায় নির্যাতন করা হয় । হাইকোর্ট তার তদন্তের নির্দেশ দিয়েছে । এর পরেও বিকাশ ভবন অভিযানের দিন একই আক্রমণ করা হয়েছে । কর্মসূচির শুরু আগেই গ্রেফতার । মারধর করা হয়েছে। সরকারের দুর্নীতি ঢাকার জন্য পুলিশ এই কাজ করছে । ছাত্রকে বুকে লাথি মারা হয়েছে । যে মেরেছে সে পুলিশের পোশাকে ছিল না । আক্রান্ত ছাত্র পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ।’’



দেবাঞ্জন আরও বলেন, ‘‘বেহালার একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হয়েছে, তার বয়ান । ন্যায্য দাবি আটকাতে পুলিশের এই ভূমিকা । টেট পরীক্ষার্থীদের সঙ্গে একই আচরণ করা হয়েছে । এই ঘটনা নিয়েও আইনি লড়াই হবে । ছাত্ররা তাদের দাবিতে আন্দোলন করবে, এটাই স্বাভাবিক । সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে । আমাদের রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দেওয়া হচ্ছে । ডেপুটেশন নেয়নি । ডেপুটেশন কপি নিয়ে 26 আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে সই সংগ্রহ করা হবে । জনমত নিয়ে আবার বিকাশ ভবন প্রয়োজনে যাওয়া হবে ।"


