ETV Bharat / politics

উপলক্ষ্য সুকান্ত-শতবর্ষ, নির্যাতিতার মা-বাবাকে নিজেদের দিকে টানতে মরিয়া SFI-DYFI

আগামী 16 অগস্ট শুরু হবে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালন ৷ সেদিন উত্তর 24 পরগনার অনুষ্ঠানে নির্যাতিতার মা-বাবাকে আনতে চায় বামেরা ৷

RG KAR RAPE AND MURDER CASE
নির্যাতিতার মা-বাবাকে নিজেদের দিকে টানতে মরিয়া SFI-DYFI (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 13, 2025 at 2:56 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর যেদিন পূর্ণ হল, সেদিন পথে নেমেছিলেন নির্যাতিতার মা-বাবা৷ সামিল হয়েছিলেন অরাজনৈতিক নবান্ন অভিযানে ৷ যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির জনপ্রতিনিধি-নেতা-কর্মী-সমর্থকদের ভিড়ই বেশি ছিল ৷ সেখানে আহত হওয়ায় অভয়া মঞ্চের অনুষ্ঠানে যেতে পারেননি নির্যাতিতার মা-বাবা ৷ কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের অনুষ্ঠানে তাঁদের সামিল করতে মরিয়া সিপিএমের ছাত্র ও যুব নেতৃত্ব ৷

মঙ্গলবার দীনেশ মজুমদার ভবনে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, "16 অগস্ট সুকান্তের জন্মদিনে রাজ্যজুড়ে সমস্ত ইউনিটে ছাত্র-যুব উৎসব সংগঠিত করব । আনিস খান, তামান্না, অভয়ার মা-বাবা উপস্থিত থাকবেন । শুরুর অনুষ্ঠানে তাঁরা নিজ-নিজ এলাকায় থাকবেন ।’’

DYFI
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ নিয়ে সিপিএমের ছাত্র-যুবর সাংবাদিক বৈঠক (নিজস্ব ছবি)

কিন্তু প্রশ্ন হল, নির্যাতিতার মা-বাবা কি সেখানে উপস্থিত থাকবেন ? কারণ, গত 9 অগস্ট নবান্ন অভিযানে পতাকা ছাড়া বিজেপি উপস্থিত হলেও, বাম-কংগ্রেস বা অভয়া মঞ্চ-চিকিৎসক সংগঠন কেউ যায়নি ৷ অভিযোগ, ওই আন্দোলনে বিজেপির প্রত্যক্ষ উপস্থিতির কারণেই অন্যরা তা এড়িয়ে গিয়েছে ৷ তার জন্যই সেদিনই কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছিল ৷ যদিও এই নিয়ে পরে ক্ষোভ প্রকাশ করেন আরজি করে নির্যাতিতার বাবা ৷

সেদিনের অভিযানে আহত হন নির্যাতিতার মা ৷ তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা অভিযোগ করেছিলেন, অভয়া মঞ্চ সিপিএমের দ্বারা পরিচালিত হয় ৷ চিকিৎসকদের আন্দোলনের পিছনে রয়েছে এসইউসিআই ৷ সিপিএম-এসইউসিআই-কে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা নবান্ন অভিযানে যোগ দেয়নি ৷

যদিও আরজি করে নির্যাতিতার বাবার এমন বক্তব্যে ক্ষুব্ধ নয় এসএফআই-ডিওয়াইএফআই ৷ তারা অবশ্য সামগ্রিক পরিস্থিতি নিয়ে নাম না-করে বিজেপির ঘাড়েই দায় চাপিয়েছে ৷ ধ্রুবজ্যোতি সাহার বক্তব্য, ‘‘যাঁরা অভয়ার বাবা-মাকে নিয়ে টানাহেঁচড়া করছেন, তাঁরা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন... !’’

DYFI
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ নিয়ে সিপিএমের ছাত্র-যুবর সাংবাদিক বৈঠক (নিজস্ব ছবি)

এই প্রসঙ্গে তিনি 2024 সালের 9 অগস্ট থেকে বাম ছাত্র-যুবরা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কী কী আন্দোলন করেছে, সেই বিষয় উল্লেখ করেছেন ৷ বলেছেন, ‘‘পরপর সাতাশ দিন আমরা অবস্থান করছিলাম । এসএফআই-ডিওয়াইএফআই-এর ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে । যতদিন বিচার না-মিলছে, ততদিন আন্দোলন জারি রাখবে এসএফআই-ডিওয়াইএফআই ।"

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ঘটনার দিন যখন নির্যাতিতার দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিএমের ছাত্র-যুবরা ৷ তাঁরা দেহ আটকানোর চেষ্টা করেছিলেন ৷ সেই চেষ্টা সফল হয়নি ৷ অভিযোগ, তাঁদের কার্যত সরিয়ে দিয়ে দেহ নিয়ে চলে যায় পুলিশ ৷

তবে এর পর রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই ধর্ষণ-খুন নিয়ে প্রতিবাদ-আন্দোলন সংগঠিত হয় । অভয়া মঞ্চ-সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গণসংগঠন রাস্তায় নামে । সেখানে বাম ছাত্র-যুবদের উপস্থিতি বরাবর চোখে পড়েছে ৷ গত 9 অগস্ট নবান্ন অভিযানে না-থাকলেও অভয়া মঞ্চের কালীঘাট অভিযানে বামেদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল ৷ আগামী 14 অগস্ট পুনরায় রাত জাগার আহ্বান জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিএম ছাত্র যুব সংগঠন ।

DYFI
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ নিয়ে সিপিএমের ছাত্র-যুবর সাংবাদিক বৈঠক (নিজস্ব ছবি)

এই অবস্থায় আগামী 16 অগস্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে উত্তর 24 পরগনা জেলা কমিটির ছাত্র-যুব উৎসবে নির্যাতিতার বাবা-মাকে কি আনতে পারবে এসএফআই-ডিওয়াইএফআই ? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷

এদিকে এসএফআই-ডিওয়াইএফআই-এর তরফে জানা গিয়েছে, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের অনুষ্ঠান সংগঠনের সব ইউনিট আগামী 16 অগস্ট শুরু করবে ৷ সেদিন শুরু হবে ছাত্র-যুব উৎসব । রাজ্যের 660টি লোকালস্তরে উৎসব হবে । জেলা ও রাজ্যস্তরে অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে হবে ।

সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, "সাম্প্রদায়িক রাজনীতি, তীব্র বেকারত্ব, নতুন শিল্প নেই৷ প্রতিদিন শিক্ষাঙ্গন ধ্বংস হচ্ছে । প্রতিদিন কম টাকায় শ্রম কেনা হচ্ছে । প্রতিদিন যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে । ছদ্মবেশি বেকার বাড়ছে । কাজ ও শিক্ষার দাবিতে রাস্তায় নামব আমরা । সুকান্ত শতবর্ষে ছাত্রযুব উৎসব করতে যাচ্ছি । বাম আমলে এই উৎসব হতো । এখন আর হয় না ।"

তিনি জানান, বয়সভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা হবে । ক্রীড়া, নাচ, ক্যারম, ভলিবল, দাবা, বিতর্ক ইত্যাদি বিষয়ে থাকবে । 14 বছর বয়স থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সর্বসাধারণ । এছাড়াও নজরুলগীতি-রবীন্দ্রসংগীত, লালনগীতি, গণসংগীত প্রতিযোগিতাও হবে । উর্দু, হিন্দি কবিতা এই উৎসবে থাকবে । সাঁওতালি ভাষায় গান ও নৃত্য প্রতিযোগিতা হবে ।

আরও পড়ুন -

  1. আরজি কর-কাণ্ডের একবছর: নবান্নে অভিযানে আহত নির্যাতিতার মা, কালীঘাটে ফের উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান
  2. হাজরার সমাবেশে যোগ দিয়ে মমতাকে তোপ তামান্নার মায়ের
  3. আদালতের থাপ্পড় খেলে কাজ করবে সিবিআই, বছর ঘুরে রাত দখলে আরজি করে নির্যাতিতার বাবা-মা