সিইও-র বিরুদ্ধে সোমবার বিকেল 5টার মধ্যে প্রমাণ দিন, মমতাকে সময় বেঁধে দিলেন শুভেন্দু
প্রমাণ না-দিতে পারলে, মমতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সিইও-কে, দাবি বিরোধী দলনেতার ৷ তা না-হলে সিইও দফতরের বাইরে ধরনায় বসার হুঁশিয়ারি শুভেন্দুর ৷

Published : October 10, 2025 at 9:28 PM IST
কলকাতা, 10 অক্টোবর: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি এবং রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ইস্যুতে পাল্টা মমতাকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার বিকেল 5টার মধ্যে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ পেশ করতে হবে, এমনটাই দাবি জানালেন শুভেন্দু ৷ তা না-হলে মমতার ঘনিষ্ঠ আধিকারিকদের দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা ৷
শুক্রবার বিকেলে কলকাতায় সিইও-র দফতর থেকে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী রাজ্যের সিইও-কে হুমকি দিলেন ৷ উনি বলছেন, সিইও বেশি বেড়ে খেলছে ৷ এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক ৷ এই ভাষা একজন প্রশাসনিক প্রধানের থেকে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার সমান ৷ উনি বলছেন, মনোজ আগরওয়াল রাজ্যের আইএএস ক্যাডার, আর ওঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করবেন ৷ সিইও নাকি রাজ্যের আধিকারিকদের ফোন করে চমকাচ্ছেন ৷ মাননীয়া মুখ্যমন্ত্রী এই যে অভিযোগগুলি করলেন, মনোজ আগরওয়ালের বিরুদ্ধে, আপনার কাছে কী প্রমাণ আছে ? আমরা জানতে চাই, জনগণ জানতে চায় ৷"
এরপরেই মমতার উদ্দেশ্যে শুভেন্দু চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "আমি আপনাকে সোমবার বিকেল 5টা পর্যন্ত সময় দিচ্ছি ৷ তার মধ্যে আপনাকে সিইও-র বিরুদ্ধে করা সব অভিযোগের প্রমাণ পেশ করতে হবে ৷ আপনি সোমবার দার্জিলিং যাবেন, তার আগে বিমানবন্দরে মাইক হাতে নিয়ে কী প্রমাণ আছে বলে যাবেন ৷ প্রমাণ পেশ করতে না-পারলে সিইও দফতরকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷"
এই ইস্যুতে সিইও তথা নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "সিইও গতকাল থেকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি ৷ তাহলে সিইও-র দফতর কি ভয় পাচ্ছে ! প্রমাণ পেশ করতে না-পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ তা না-হলে আমি কয়েক হাজার লোক নিয়ে আসব ৷ আইন মেনে দু’শো মিটার দূরে সবাই অবস্থান করবে ৷ আর আমি 50-60 জন বিধায়ক নিয়ে সিইও দফতর ঘেরাও করব ৷ দিল্লি থেকে জ্ঞানেশ কুমার আর টিম না-এলে উঠব না ৷"
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে কাজ করা একাধিক আইএএস ও আইপিএস আধিকারিকদের নাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ সিইও-র বিরুদ্ধে তাঁর আনা সব অভিযোগের প্রমাণ দিতে না-পারলে, সেই আধিকারিকদের দুর্নীতি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধী দলনেতা ৷
উল্লেখ্য, গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন মমতা ৷ তিনি বলেন, "সিইও দু-একজন আধিকারিককে ফোন করে চমকেছেন ৷ বেশি বেড়ে খেলবেন না ৷ আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে ৷ প্রয়োজনে সব প্রকাশ্যে আনব ৷"
মমতার এই বক্তব্যের পাল্টাই এ দিন প্ল্যাকার্ড হাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে অভিযান করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে ইআরও নিয়োগ নিয়েও বেনিয়মের অভিযোগ করেন তিনি ৷ সেই সংক্রান্ত নথিও এদিন তুলে ধরেন বিরোধী দলনেতা ৷ সব মিলিয়ে 2026 বিধানসভা নির্বাচন ও তার আগে এসআইআর নিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা ৷

