SIR-এর নথিতে সংযুক্ত হোক ভোটার কার্ডও, দাবি মমতার
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে বিহারে এসআইআর-এর নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে৷ তার পরদিনই এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Published : September 9, 2025 at 9:31 PM IST
কলকাতা, 9 সেপ্টেম্বর: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর সময় যে 11টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, সেখানে আধার কার্ড ও ভোটার কার্ড ছিল না৷ সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারের এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ডকে নথি হিসেবে ব্যবহার করা যাবে৷ সেই নির্দেশের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ভোটার কার্ডও এই তালিকা সংযুক্ত করার দাবি উঠল৷ সেই দাবি তুললেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি এখন উত্তরবঙ্গে রয়েছেন৷ সেখানে তাঁর তিনদিনের সরকারি কর্মসূচি রয়েছে৷ মঙ্গলবার কলকাতা থেকে তিনি উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন৷ তার আগে কলকাতা বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানেই তিনি ভোটার তালিকা সংশোধন নিয়ে এই কথা বলেন৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটার কার্ড হল একজন ভোটারের জন্য পরিচয়পত্র। আধার কার্ড অন্তর্ভুক্ত করার অর্থ হল সকলের কাছে এটি আছে। এবং যার কাছে এটি নেই সে এটা করিয়ে নেবে৷ আমার মনে হয় ভোটার কার্ডও অন্তর্ভুক্ত করা উচিত৷" একই সঙ্গে তিনি এদিন আরও একবার এসআইআর-এর বিরোধিতায় সরব হন৷ মমতা বলেন, "আমরা SIR-এর বিরুদ্ধে। আমাদের দলের অবস্থান হল ইন্ডিয়া ব্লকের মতো। এটা দুই বা তিন মাসের মধ্যে করা সম্ভব নয়৷"
উল্লেখ্য, চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে৷ তার আগে নির্বাচন কমিশনের তরফে ওই রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন করানো হয়৷ মূলত, ভুয়ো ভোটার বাদ দিতেই এই প্রক্রিয়া চালানো হয় নির্বাচন কমিশনের তরফে৷ কিন্তু এই বিতর্ক তৈরি হয়৷ অভিযোগ ওঠে, ঠিকঠাকভাবে যাচাই না-করেই কয়েক লক্ষ লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে হইচই পড়ে৷ সরব হয় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি৷ বিরোধীদের দাবি, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রের শাসক দল এই কাজ নির্বাচন কমিশনকে দিয়ে করা হচ্ছে, যাতে বিরোধী রাজনৈতিক দলগুলির ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া যায়৷ বিতর্কের জল গড়ায় আদালতেও৷ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টেও৷ সেই মামলাতেই সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে এসআইআর-এর দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডকে সংযুক্ত করতে হবে৷
এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটার কার্ডকে নথি হিসেবে ব্যবহার করতে দিতে হবে৷ এখন দেখার এই বিষয়টি আদালতে ওঠে কি না! তখন আদালত এই নিয়ে কী নির্দেশ দেয়!

