ETV Bharat / politics

'বাংলার উপর সন্ত্রাসে'র প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক মমতার, 27 জুলাই থেকে প্রতি শনি-রবি মিছিল

বাংলার উপর সন্ত্রাস চললে আবার ভাষা আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
একুশের সমাবেশে মমতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 21, 2025 at 1:59 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 21 জুলাই: 'বাংলাভাষীদের উপর হেনস্তা'র প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় সরকার সার্কুলার জারি করে মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে রাখার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ এনআরসি-র নোটিশ ও রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে ৷ তাঁর দাবি, যে জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যে বাংলায় হয়েছে, সেখানকার ভাষার উপর আঘাত এলে তা মানা হবে না, হবে ঘেরাও কর্মসূচি হবে ৷ তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, প্রয়োজনে লড়াই যাবে দিল্লিতে ৷

বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ জানাতে আগামী 27 জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার মিটিং-মিছিল করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী । দলের কর্মী-সমর্থকদের এই নিয়ে প্রতিবাদে নামার ডাক দিয়ে তিনি বলেন, "জীবন দিতে রাজি আছি ৷ ভাষার উপর অত্যাচার মানব না ৷ আমরা সব ভাষাকে ভালোবাসি ।"

একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাংলা ভাষার উপর কেন সন্ত্রাস চলছে ? বাংলা স্বাধীনতার জন্য লড়েছে । নবজাগরণ হয়েছে এই বাংলা থেকেই । বাংলার মাটি দুর্বৃত্তদের হতে দেব না । বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয়, তাহলে এই লড়াই দিল্লিতে হবে । আমি ছাড়ার লোক নেই । এই লড়াই আমাদের জিততে হবে ৷"

বাঙালি হেনস্তার ইস্যুতে কেন্দ্রকে একাধিকবার কাঠগড়ায় তুলে মমতা বলেন, "বাংলা স্বাধীনতার জন্য লড়েছে । সুভাষচন্দ্র বসু 'জয় হিন্দ' বলেছিলেন বাংলায় । রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগণমন’ লিখেছিলেন বাংলায় । আজ সেই বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের গ্রেফতার করা হচ্ছে ? এই লড়াই শুধু বাংলার মাটিতে থামবে না, প্রয়োজনে এই আন্দোলন পৌঁছবে দিল্লির রাজপথে ।"

মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের একটি সার্কুলার তুলে ধরে বলেন, "কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলিকে সার্কুলার পাঠিয়েছে । একমাসের জন্য যাকে ইচ্ছা সন্দেহ হলেই জেলে ভরতে পারবে । এর জোরে এক হাজারেরও বেশি লোককে বাংলাদেশে পাঠিয়েছে । রাজবংশী ও মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে ।" উল্লেখ্য, সম্প্রতি এনআরসি-র নোটিশ পাওয়া কোচবিহারের উত্তমকুমার ব্রজবাসীকে এদিন একুশের মঞ্চে এনে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন মমতা বলেন, "ভোটার তালিকায় বৈধ কারও নাম কাটা গেলে, প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব । একজনের নামও বাদ দিতে দেব না ।"

রোহিঙ্গাদের নিয়ে বিজেপির দেওয়া তথ্যকে খারিজ করে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না ৷ কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে সবকিছু নাকি ওরা ঠিক করে দেবে ৷ বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা রয়েছে । মোট কত রোহিঙ্গা আছে ? রাষ্ট্রসংঘ বলেছিল, 10 লক্ষ রোহিঙ্গা রয়েছে ৷ এখন হয়তো তা একটু বেড়েছে ৷ আপনি এত জনকে বাংলাতে পেলেন কোথা থেকে ? এত রোহিঙ্গাই দেশে নেই ৷ সারা পৃথিবীতে নেই ৷ তুমি এসব বলার কে ? কোনও জ্ঞান নেই ৷"

মমতা বলেন, "কোনও ভাষার উপর আক্রমণ মানব না ৷ 27 জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন ৷ এই আন্দোলন চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরনো পর্যন্ত ৷" তাঁর কথায়, "2026 সালের লড়াইয়ের পর আমাদের লড়াই দিল্লিতে । দিল্লি দখলের লড়াই । বাংলাতে ভোটার লিস্ট থেকে একজনের নাম বাদ গেলেই বৃহত্তর আন্দোলন হবে । নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে ।"

প্রসঙ্গত, সোমবার ধর্মতলার শহিদ দিবসের মঞ্চে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও ও উধমপুরে সাম্প্রতিক জঙ্গি হানায় নিহতদের পরিবারের সদস্যদের সম্মান জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও-র বৈসরণে জঙ্গি হামলায় প্রাণ হারান কলকাতার বাসিন্দা বিতান অধিকারী । ঘটনার পর উপত্যকাজুড়ে সুরক্ষা বাহিনীর তরফে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান । সেই সময়ই উধমপুরে এক অভিযানে শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা স্পেশাল ফোর্স কমান্ডো ঝন্টু আলি শেখ ।

একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে দুই শহিদের পরিবারকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ব্যক্তিগতভাবে এগিয়ে গিয়ে মঞ্চে তুলে আনেন ঝান্টু শেখের বাবা সাবুর আলি শেখকে । তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী । একইসঙ্গে বিতান অধিকারীর বাবা-মায়ের হাতেও তুলে দেন সমবেদনার চিঠি ও এক লক্ষ টাকার চেক । উভয় পরিবারকেই তৃণমূল কর্মীদের পক্ষ থেকে সংগৃহীত এই অর্থ সাহায্য তুলে দেওয়া হয় । মমতা জানান, "গোটা রাজ্যের তৃণমূল কর্মীরা এক টাকা করে চাঁদা তুলে এই অনুদান পাঠিয়েছেন ।"