ETV Bharat / politics

প্রতিবেশী ভালো থাকলে...! অগ্নিগর্ভ নেপাল নিয়ে আর কী কী বললেন মমতা

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপাল-সহ একাধিক ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি৷

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 9, 2025 at 3:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 সেপ্টেম্বর: ভারতের প্রতিবেশী দেশ নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ৷ সোমবার থেকে কার্যত জ্বলছে কাঠমান্ডু৷ ভারত-নেপাল সীমান্তের কিছুটা অংশ পশ্চিমবঙ্গ লাগোয়া৷ তাই নেপালের পরিস্থিতি নিয়ে কী ভাবছেন বাংলার মুখ্যমন্ত্রী? মঙ্গলবার সেই প্রশ্নই করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ উত্তরও দেন তিনি৷

উল্লেখ্য, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী৷ এদিন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি রওনা দেন উত্তরবঙ্গের উদ্দেশে৷ যাওয়ার আগে বিমানবন্দর চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ সেখানেই তাঁর কাছে নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়৷

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নেপাল আমার এক্তিয়ারের বিষয় নয়। ওরা একটি আলাদা দেশ। আমি কোনোভাবেই অন্য রাষ্ট্র নিয়ে মন্তব্য করতে পারি না। এখানে যা বলার কেন্দ্রীয় সরকারই বলতে পারে। তবে নেপাল আমাদের প্রতিবেশী দেশ। আমরা নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ - সবাইকে ভালোবাসি। কেন্দ্র কিছু বললে আমরা বলতে পারি, নইলে এটা কেন্দ্রের বিষয়।”

এর পর তিনি বলেন, “আমার শুধু অনুরোধ থাকবে শিলিগুড়ি, কালিম্পং-সহ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে হবে। নেপালেরও উচিত নিজেদের সমস্যা নিজেরা সমাধান করা। এখানে আমাদের হস্তক্ষেপ করা ঠিক নয়। আমি বিশ্বাস করি, প্রতিবেশী ভালো থাকলে, পাড়া-পড়শি ভালো থাকলে, আমরাও ভালো থাকব।”

প্রসঙ্গত, মমতা এবার তিনদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন৷ এই সফরে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে পাট্টা বিলির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তিনদিনের জন্য যাচ্ছি। আজকে ডিএম-দের সঙ্গে বৈঠক আছে। উন্নয়নমূলক প্রকল্প ও পাট্টা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে। আগামিকাল জলপাইগুড়িতে যাব। প্রায় 11 হাজার পাট্টা রেডি আছে, সেগুলি বিলি করব। পরশুদিন ফেরত আসব।”

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

এদিকে সোমবার বিহারের এসআইআর-এর জন্য নথি হিসেবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই নিয়েও এদিন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়৷ তিনি বলেন, “আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার কার্ডই আসল পরিচয়পত্র। যাদের ভোটার কার্ড নেই, তারা আধারের মাধ্যমে ভোটার কার্ড বানানোর সুযোগ পাবে। আমার মনে হয় ভোটার কার্ডকেই অন্তর্ভুক্ত করা উচিত।”

এসআইআর নিয়ে তিনি আরও বলেন, “এসআইআর যখন চালু হবে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেব। তবে আমরা এসআইআরের বিরুদ্ধে। প্রাক্তন নির্বাচন কমিশনাররাও স্পষ্ট করে বলেছেন, 2-3 মাসের মধ্যে এসআইআর হয় না। অন্তত দু’বছরের সময় লাগে।”

আরও পড়ুন -

  1. আমেরিকা-চিনের দরজায় হাত পাতছে কেন্দ্র, দেশের সম্মান বিক্রি করছে: মমতা
  2. অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এবার একটা বই লিখব: মমতা