কুণালের মানহানি করেছেন মিঠুন! ‘মহাগুরু’কে আইনি নোটিশ তৃণমূলের মুখপাত্রের
অভিযোগ, কুণাল ঘোষ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী ৷ সেই কারণেই তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন তৃণমূলের এই নেতা ৷

Published : August 13, 2025 at 9:35 PM IST
কলকাতা, 13 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার বাবার পরে এবার মিঠুন চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর সম্পর্কে আপত্তিজনক শব্দ ব্যবহার করার জন্যই মিঠুনের বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন কুণাল ঘোষ ।
অন্যদিকে মিঠুনের বিরুদ্ধে চিটফান্ড থেকে টাকা নেওয়ার যে দাবি কুণাল করেছিলেন, তাতে কুণালের বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠিয়েছেন মিঠুন চক্রবর্তী । যদিও সেই আইনি নোটিশকে স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ ।
বুধবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ ফের তোপ দাগেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী কোন কোন চিটফান্ডের যোগসূত্র রেখেছিলেন, তা নিয়ে আইনজীবী পরপর প্রশ্ন করবেন আদালতে । তারপর সেই উত্তরগুলি সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে ।’’
মিঠুন সম্পর্কে কুণাল ঘোষের মন্তব্য, "ওঁকে আমি রাজনীতিবিদ বলেই মনে করি না । উনি এখনও পর্যন্ত চারটি দল পরিবর্তন করেছেন । উনি দলবদলু । কিছুদিন আগেও তৃণমূল ছিলেন । যেই সিবিআইয়ের নোটিশ পেলেন, ওমনি বিজেপিতে গিয়ে ঢুকলেন ।’’
পাশাপাশি দুর্গাপুরে বিজেপির যে জনসভায় মিঠুন চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন, সেখানে সিনেমার গান বাজানো নিয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ । রাজ্য সরকারের বিভিন্ন ভাতাকে মিঠুন 'ভিক্ষা' বলে মন্তব্য করায় কুণালের মন্তব্য, ‘‘বিজেপি কর্মীদের কাছে মিঠুন নির্দেশ দিন লক্ষ্মীভাণ্ডার-সহ সমস্ত উন্নয়ন প্রকল্পের সুবিধা যেন না-নেয় । একজনও বিজেপি কর্মী মিঠুনের কথা শুনবেন না । দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী নিচ্ছেন । বিজেপি কর্মীদের পরিবারের লোকের লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা ভাতা নেয় । ক্ষমতা থাকলে মিঠুন দলীয় নেতাদের কাছে নির্দেশ জারি করুন । কেউ ওঁর কথা শুনবেন না ।"
অন্যদিকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টাটা গোষ্ঠী সম্পর্কে মন্তব্যকেও সমালোচনা করেন কুণাল ঘোষ । মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই নেতা বলেন, "কয়েক বছর আগে তিনি (শুভেন্দু অধিকারী) তৃণমূল ছিলেন । তখন টাটা নিয়ে তাঁর বিবেক জাগ্রত হয়নি । এতদিন পরে হঠাৎ তাঁর বিবেক জেগে উঠল কেন ? সিপিএমের ভুল শিল্পনীতির কারণে নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের জন্ম হয়েছিল । আজ নন্দীগ্রাম ও সিঙ্গুরে শিল্প আনার কথা বলছে, কিন্তু তিনি ঘুমিয়ে ছিলেন ।"

