পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে পক্ষপাতিত্ব করছে বিজেপি, উঠল এমনই অভিযোগ
বিজেপি ও কেন্দ্রীয় সরকার পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর শক্তি উপেক্ষা করছে ৷ শুধুমাত্র সহযোগী দল নিয়ে চলতে চাইছে ৷ অভিযোগ ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের ৷

Published : April 1, 2025 at 8:50 PM IST
শিলিগুড়ি, 1 এপ্রিল: পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার । মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তুলল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের নেতৃত্বরা । এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এনবি খাওয়াস, মহেন্দ্র ছেত্রী ও নরবু শিরিঙ ভুটিয়া ।
বুধবার দিল্লিতে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার । বৈঠকে ডাকা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক নিরজ জিম্বা-সহ অন্যান্য বিজেপি সহযোগী রাজনৈতিক দলগুলোকে । বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই । কিন্তু বৈঠকে অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে না ডাকায় ক্ষোভ প্রকাশ করল ইজিজেএফের নেতৃত্ব । যদিও তারা আশাবাদী এবার অন্তত বৈঠকে পাহাড়ের স্বার্থে পদক্ষেপ করবে বিজেপি ।

এদিন মহেন্দ্র ছেত্রী বলেন, "আমরা চেয়েছিলাম এই বৈঠকটি যেহেতু ত্রিপাক্ষিক, সেজন্য সবাইকে ডাকা হবে । অথচ পাহাড়ের অনেক রাজনৈতিক দলকে ডাকা হয়নি ৷ সেজন্য আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকে ইমেলের মাধ্যমে চিঠি পাঠিয়ে আমাদের রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছি । পাশাপাশি 11 জনজাতিকে তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে ।"

এনবি খাওয়াস বলেন, "সাড়ে তিন বছর আগে একইভাবে বৈঠক ডাকা হয়েছিল । তারপর কেন এতো দেরি হল জানা নেই ৷ তবে পাহাড়ের কার্শিয়াং আর কালিম্পংয়ের বিধায়কের পাশাপাশি অনেক রাজনৈতিক দলকে এই বৈঠকে ডাকা হয়নি । এই বৈঠক যে রাজনৈতিক স্টান্ট, তা পরিষ্কার । আর কেন্দ্রীয় সরকার ও বিজেপি শুধুমাত্র তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে ডেকে পাঠিয়েছে । অন্যান্য দলগুলোকে উপেক্ষা করেছে । এতে বিজেপি ও কেন্দ্রীয় সরকার পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করছে ও তাদের আওয়াজ দমিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ।"

