ETV Bharat / politics

ট্রাম্প তো বিজেপির কাছে সনাতনী দেবতা, কটাক্ষ বিকাশের

রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য মনে করেন চিনের শরণাপন্ন হলেই চাঙ্গা হবে ভারতের অর্থনীতি ৷

CPIM MP SLAMS BJP
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ (ফাইল ছবি-আইএএনএস)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 7:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, ৩০ অগস্ট: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন অব্যাহত ৷ এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যসভার সাংসদ সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘ট্রাম্প নাকি ওদের (বিজেপির) সনাতনী দেবতা !’’

শনিবার শিল্পশহর দুর্গাপুরে এই কথা বলেন তিনি ৷ বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, ‘‘নরেন্দ্র মোদি আমেরিকার ট্রাম্প সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতবর্ষের মানসম্মান ডুবিয়েছিলেন । তিনি ভেবেছিলেন ট্রাম্প সরকার হলে খুব উপকার হবে । বিজেপি ও আরএসএস-এর সমর্থকরা যজ্ঞ করেছিলেন । ট্রাম্প নাকি ওদের সনাতনী দেবতা !’’

উল্লেখ্য, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে, তখন ভারতে বিজেপিপন্থীদের ডোনাল্ড ট্রাম্পের হয়ে একাধিকবার সওয়াল করতে দেখা গিয়েছে ৷ ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের ছবিও ধরা পড়েছিল ৷ সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করেছেন বর্ষীয়ান এই আইনজীবী নেতা ৷ তিনি আরও বলেন, ‘‘কিন্তু আজকের খবর টাকার দাম নেমে গিয়েছে । এক ডলারের দাম 89 টাকা । এটা আমি সকালে শুনেছি ৷ এতক্ষণে তো 100 টাকাও হয়ে গিয়েছে । ভারতবর্ষের অর্থনীতি খুব বিপর্যস্ত ৷’’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পৌঁছেছেন চিনে ৷ এই নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘ভারতবর্ষের বিপন্ন অর্থনীতির মধ্যে বাঁচার একমাত্র উপায় হল BRICS গোষ্ঠীর সাথে সমঝোতা করে চলা । মোদি সেটা করতে চাইছিলেন না । ট্রাম্পের ধমকে মোদি ব্রিকসের বিরুদ্ধে চলে গিয়েছিলেন । যুদ্ধ যুদ্ধ খেলা করে মানুষকে বেশি দিন বুঝিয়ে রাখা যায় না । ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে চীনের সঙ্গে সম্পর্ক চাঙ্গা করতে হবে ।’’

কেন্দ্রের পাশাপাশি তিনি রাজ্যের বিরুদ্ধেও সমালোচনায় সরব হয়েছেন ৷ সম্প্রতি রাজ্য সরকার সবুজ আতশবাজির যে ক্লাস্টারের ঘোষণা করেছে, তা নিয়ে এই সিপিএম সাংসদ বলেন, ‘‘সাম্প্রতিককালে কতগুলি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে? পরিসংখ্যানটা আমার থেকে আপনারা ভালো জানেন । এই গ্রিন বাজি আসলে একটি গ্রিন ভাঁওতা ।’’

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর বক্তব্য, ‘‘এখানে যোগ্য ও অযোগ্যের প্রশ্ন নেই । একদল টাকা পয়সা দিয়ে চাকরি পেয়ে বমাল ধরা পড়েছে । আর একদল বমাল ধরা পড়েনি । তাই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, যারা বমাল ধরা পড়েছে, তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে । আর যারা বমাল ধরা পড়েনি, তাদের টাকা ফেরত না দিলেও হবে ।’’

আরও পড়ুন -

  1. ট্রাম্প আরোপিত বহু শুল্কই বেআইনি, জানাল মার্কিন আদালত
  2. ‘যুদ্ধ না-থামালে এত শুল্ক চাপাব, মাথা ঘুরে যাবে’ ! ভারত-পাক সংঘর্ষের মাঝেই মোদিকে ফোনে হুমকি দিয়েছিলেন ট্রাম্প