নরেন্দ্র মোদি-মোহন ভগবতের কোমরে দড়ি বেঁধে টানছেন রাহুল গান্ধি !
ধর্মতলায় থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল ৷ রবীন্দ্র সরণিতে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের ৷

Published : October 13, 2025 at 8:26 PM IST
কলকাতা, 13 অক্টোবর: একসারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভগবত এবং জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৷ তাঁদের কোমরে পরানো রয়েছে দড়ি ৷ আর সেই দড়ি ধরে তাঁদের টেনে নিয়ে যাচ্ছেন রাহুল গান্ধি ! এমনই দৃশ্য নজরে এল কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ৷
তবে, তা বাস্তবে নয় ৷ মোদি, ভগবত এবং জ্ঞানেশ কুমারের মুখোশ পরিহিত তিনজনের কোমরে পরানো দড়ি, আর রাহুল গান্ধির মুখোশ পরা এক ব্যক্তি সেই দড়ি ধরে টানছেন ৷ এসআইআর ও ভোট চুরির প্রতিবাদে যুব কংগ্রেসের ধর্মতলা থেকে ম্যাঙ্গো লেনের নির্বাচন কমিশনের দফতর অভিযানে এই প্রতীকী প্রতিবাদের ছবি ফুটে ওঠে ৷ সেই সঙ্গে মিছিল থেকে 'ভোট চোর গদি ছোড়' স্লোগান তোলেন যুব কংগ্রেস নেতা-কর্মীরা ৷
এ দিনের এই মিছিলের নেতৃত্ব ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের যুব সংগঠন 'অল ইন্ডিয়া ন্যাশনাল ইউথ কংগ্রেস'-এর প্রেসিডেন্ট উদয় ভানু চিভ এবং দলের জাতীয় সম্পাদক এহসান আহমেদ খান ৷ তবে, কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল ধর্মতলা পেরিয়ে রবীন্দ্র সরণিতে পৌঁছতেই পুলিশ বাধা দেয় ৷ পুলিশের বাধা পেয়ে জোর করে মিছিল এগোনোর চেষ্টা করে কংগ্রেস ৷ এমনকি পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ ৷ যার জেরে রবীন্দ্র সরণি চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ৷ এরপর প্রিজন ভ্যানে তুলে কংগ্রেসের নেতা-কর্মীদের লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷
উল্লেখ্য, এক মাসের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে 'ভোট চোর গদি ছোড়' কর্মসূচি পালন করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতি জেলার ব্লকে-ব্লকে ঘুরে সাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতারা ৷ যার কোথাও নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুভঙ্কর সরকার ৷ কোথাও আবার নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা জম্মু-কাশ্মীরের বিধায়ক গোলাম আহমেদ মীর ৷

দিন কয়েক আগে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করতে, 'SIR', 'CAA', 'NRC'-সহ নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা এবং সেই মতো পদক্ষেপ করতে শুভঙ্কর সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন ৷ যে কমিটির চেয়ারপার্সন করা হয় প্রসেনজিৎ বসুকে ৷ যিনি গতমাসেই সিপিআইএম থেকে কংগ্রেসে যোগদান করেন ৷
ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যজুড়ে ভোট চুরির বিরুদ্ধে জনমত তৈরির পাশাপাশি, ধসে যাওয়া সংগঠনকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস ৷ তারই অংশ হিসেবে এ দিন রাজ্য নির্বাচন কমিশনে অভিযানের ডাক দেয় প্রদেশ কংগ্রেসের যুব সংগঠন ৷
এই মিছিল থেকে অল ইন্ডিয়া ন্যাশনাল ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট উদয় ভানু চিভ বলেন, "কেরলের আইটি প্রফেশনালকে যৌন নিগ্রহ করছে আরএসএস ৷ চুরি, দুর্নীতি আর যুবদের শোষণ করছে বিজেপি ৷ দেশের মানুষ এর বিরুদ্ধে মত দিলেও, ভোট লুট করছে ৷ ভোট লুট করে ক্ষমতায় থাকছে ৷ দেশের মানুষ সেটা জেনে গিয়েছে ৷ রাহুল গান্ধির নেতৃত্বে এই 'ভোট চুরি'র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মানুষ আরএসএস আর বিজেপিকে ক্ষমতা থেকে সরাবে ৷"

