ETV Bharat / politics

কংগ্রেস দফতরে হামলা নিয়ে নীরব মমতা! মুখ্যমন্ত্রীকে বেইমান বললেন অধীর চৌধুরী

এদিন খিদিরপুরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন অধীররঞ্জন চৌধুরী ৷ অন্যদিকে কলকাতায় মিছিলে হাঁটেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য-সহ একাধিক নেতৃত্ব ৷

ADHIR CHOWDHURY
অধীররঞ্জন চৌধুরী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 9:39 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেইমান বলে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী । শনিবার খিদিরপুর মোড়ে একটি প্রতিবাদ সভায় যোগ দেন তিনি ৷ সেখান থেকেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই কথা বলেন ৷ অধীর চৌধুরীর কথায়, ‘‘আপনার মতো বেইমান এই বাংলায় কেউ নয় ।’’

উল্লেখ্য, শুক্রবার বিধান ভবনে রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ সেই নিয়ে এদিন সরব হন বহরমপুরের প্রাক্তন সাংসদ ৷ তিনি বলেন, ‘‘বিজেপির মস্তানদের দ্বারা আমাদের বিধান ভবনে যে তাণ্ডব চালানো হয়েছে, তার কঠোরতম ভাষায় নিন্দা জানাই । এই গুন্ডামি আমরা মানব না । মোকাবিলা করবে কংগ্রেস ।’’

তিনি আরও বলেন, ‘‘সতর্ক থাকুক বিজেপি । রাহুল গান্ধির সঙ্গে রাজনৈতিকভাবে পেরে না-উঠে আজ বিজেপি হার্মাদ বাহিনীকে রাস্তায় নামিয়েছে । থানা থেকে 100 মিটার দূরে মিডিয়া নিয়ে আক্রমণ করা হল ৷ কিন্তু পুলিশ ঠেকাতে পারল না ।’’ কেন পুলিশ ব্যবস্থা নিল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

আর এই প্রশ্নেই তিনি সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ঘটনার নিন্দা করেননি ? আপনার মতো বেইমান এই বাংলায় কেউ নয় । মজা লাগছে দিদি ভাই । রাহুল গান্ধি, ইন্দিরা গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির পোস্টার ছেড়ে কংগ্রেসকে শেষ করতে পারবে না ।’’

Congress
কলকাতায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল (নিজস্ব ছবি)

তিনি মহাত্মা গান্ধির হত্যার ঘটনার প্রসঙ্গ তুলে আরএসএসের সমালোচনা করেন ৷ একই সঙ্গে দাবি করেন, সংবিধান রক্ষা করার কাজ একমাত্র কংগ্রেস করছে ৷ আর বিরোধীরা তার লাভ তুলছে ৷ পাশাপাশি তিনি মোদি ও মমতার মধ্যে সেটিংয়ের অভিযোগ তুলেছেন ৷ অধীর বলেন, ‘‘নরেন্দ্র মোদির স্বপ্ন কংগ্রেস মুক্ত ভারত ৷ কোনোদিন টিএমসি মুক্ত ভারত বলেননি নরেন্দ্র মোদি । দিদি বাংলা থেকে বাইরে যান কংগ্রেসকে হারাতে যান । বিজেপিকে হারাতে যায় না । দিদির জন্য নীতিশ কুমার ইন্ডিয়া জোটে সামিল হননি । কংগ্রেস ও পশ্চিমবঙ্গকে খতম করা মমতা ব্যানার্জির লক্ষ্য । কংগ্রেসকে আপনি কেন মোদিও হারাতে পারবেন না ।’’

একই সঙ্গে অধীরের দাবি, ‘‘রাহুল গান্ধি যখন বিহারের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার মিছিলে যেতে ভয় পাচ্ছেন । তিনি আসলে রাহুল গান্ধির সামনে গেলে যে ফিকে হয়ে যাবেন । সেটা আন্দাজ করেই রাহুল গান্ধির মিছিলে যাচ্ছেন না ৷’’

তিনি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান ৷ এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন, ‘‘আসলে দিদি মোদির কাছে আত্মসমর্পণ করেছেন । ওয়াকফ সম্পত্তি নিয়ে যেখানে যেখানে কংগ্রেসের সরকার আছে, সেখানে সেখানে আমরা কোর্টে গিয়ে বিরোধিতা করেছি । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনও কোর্টে গিয়ে ওয়াকফ সম্পত্তি বিল নিয়ে বিরোধিতা করেননি ?’’

কলকাতায় কংগ্রেসের মিছিল

প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বিজেপি ও আরএসএসের হামলার প্রতিবাদে এদিন মিছিল করে কংগ্রেস ৷ বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য-সহ একাধিক নেতৃত্ব । শুভঙ্কর সরকার বলেন, "পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বিজেপি-আরএসএসের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দলগতভাবে বিজেপি কোনও ব্যবস্থা এখনও গ্রহণ করেনি ।’’ এর সঙ্গে বাঙালি-অবাঙালি কোনও বিষয় জড়িয়ে নেই বলেও তিনি দাবি করেন ৷

Congress
কলকাতায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল (নিজস্ব ছবি)

বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "আমরা বিজেপিকে বলে দিতে চাই, তাদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না । মোদি-অমিত শাহ জেনে রাখুন, আপনাদের রক্তচাপকে আমরা ভয় পাই না । কংগ্রেসকে ভারতবর্ষে কিছুতেই দুর্বল করতে পারবেন না । রাহুল গান্ধি যেভাবে বিশাল জনস্বার্থ নিয়ে রাস্তায় নেমেছেন, তাতে আপনারা ভয় পেয়েছেন । রাহুল গান্ধিদের আটকানোর হিম্মত নেই আপনাদের । ভারতবর্ষ মোদি-অমিত শাহর নয় । এই ভারতবর্ষ আগামিদিনে রাহুল গান্ধির নেতৃত্বের পরিচালিত হবে । দেশের একশো চল্লিশ কোটি মানুষ কংগ্রেসকে মাথায় করে রাখে । কংগ্রেস পার্টি গডসের পার্টি নয়, গান্ধির পার্টি । যে গান্ধিজিকে গডসে হত্যা করেছিল ।"

আরও পড়ুন -