ঠেলায় পড়ে রামের বদলে 'জয় মা-কালী', 'জয় মা-দুর্গা'! ছাব্বিশের পর 'জয় বাংলা' বলাবো: অভিষেক
দুই 'E', ইডি আর ইলেকশন কমিশনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷

Published : July 21, 2025 at 6:52 PM IST
কলকাতা, 21 জুলাই: 'বাঙালি ও বাংলা ভাষা', এটাই আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্যু হতে চলেছে ৷ সোমবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একধাপ এগিয়ে জাতি ও ভাষার 'লড়াই'য়ে নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ছাব্বিশের নির্বাচনের পর 'জয় বাংলা' বলানোর চ্যালেঞ্জ অভিষেকের ৷
কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে অসমের 'ফরেনার্স ট্রাইবুন্যালে'র এনআরসি নোটিশ পাঠানো নিয়ে এ দিন সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই ইস্যুতেই তিনি বলেন, "আগে 'জয় শ্রীরাম বলতো মনে আছে ! ঠেলায় না-পড়লে বিড়াল গাছে ওঠে না ৷ এখন বলছে 'জয় মা-কালী', 'জয় মা-দুর্গা' ৷ আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন, একুশে জুলাই, 2025 ৷ ছাব্বিশের পর 'জয় বাংলা' বলাবো ৷ না-বলাতে পারলে...৷"

অন্যদিকে, 'এসআইআর' বা 'স্পেশাল ইনটেন্সিভ রিভিশন' ইস্যুতেও বিজেপিকে নিশানা করলেন অভিষেক ৷ ইডি ও ইলেকশন কমিশনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুললেন তিনি ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "কত ক্ষমতা আছে বিজেপির ৷ একদিকে ইডিকে দিয়ে বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে দেওয়া ৷ আর অন্যদিকে, ইলেকশন কমিশনকে দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ৷ দু’টো 'E', একটা ইডি, আরেকটা ইসি ৷ এই দু’টো 'E'-কে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢোকাচ্ছে ৷ আরেকদিকে বিরোধী দলের ভোটার তথা ভারতবাসীর ভোটাধিকার কেড়ে নিচ্ছে ৷"

বাংলা ভাষা ইস্যুতে হিমন্ত বিশ্বশর্মাকে এ দিন নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অসমের মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে 'নিদান' ইস্যুতে বিজেপিকে তাঁর চ্যালেঞ্জ, "বাংলায় কথা বললে বিজেপির অসমের নেতা বলছে বাংলাদেশি ৷ একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন, বাংলায় কথা বলা যাবে না ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ৷ সংসদে এবার বাংলায় ভাষণ দেব ৷ দেখব কার গায়ে কত জ্বালা ৷ আগে 10টা কথা বাংলায় বলতাম ৷ এবার পাঁচশোটা কথা বলব ৷ আপনারাও গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলবেন ৷ এটা আমাদের মাতৃভাষা ৷ দেখব কার কত জ্বালা ৷"

