গরিব বাঙালি ভোটারদের নাম বাদ দিতেই কেন্দ্র-কমিশনের SIR চক্রান্ত, অভিযোগ অভিষেকের
শুক্রবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি SIR ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন ৷

Published : August 8, 2025 at 6:36 PM IST
কলকাতা, 8 অগস্ট: নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুক্রবার দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বাংলার গরিব ও বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে । তিনি বলেন, “বাংলার একটি নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব ।”
অভিষেকের অভিযোগ, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় নানা ‘টেস্ট-ট্রায়াল’ চালিয়ে দেখেছে, কিন্তু প্রতিটি নির্বাচনে ব্যর্থ হয়েছে । এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে আনা হয়েছে SIR, যাতে গরিবদের নাম মুছে ফেলা যায় । তিনি কটাক্ষ করে বলেন, “এসআইআর আসলে ‘স্যার’ - বিজেপি নেতাদের নির্দেশে চলা কমিশনের একাংশ সেটাই করছে । এই কারচুপি বরদাস্ত করা হবে না ।”

তিনি জানান, এই বিষয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধীরা ৷ কিন্তু কেন্দ্র ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যাচ্ছে । অভিষেকের দাবি, “কেন্দ্র কিছু লুকোতে চাইছে বলেই এসআইআর নিয়ে সংসদে আলোচনা করতে চাইছে না ।” এই ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধিও অভিযোগ তুলেছেন যে বিজেপি ও কমিশন মিলে ভোট চুরির পরিকল্পনা করছে । বিরোধীরা আগামী 11 অগস্ট নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানাবে ।
SIR প্রসঙ্গের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক প্রকল্পের অর্থ আটকে রাখার অভিযোগও আনেন অভিষেক । তাঁর বক্তব্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 অগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে ৷ কিন্তু 8 অগস্ট পর্যন্ত এক টাকাও রাজ্যে আসেনি । জল জীবন মিশনের আড়াই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ৷ আর হঠাৎ করেই বাংলায় টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি ।
বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার প্রবণতা নিয়েও ক্ষোভ উগরে দেন অভিষেক । তিনি বলেন, “বাংলা আমাদের প্রথম অগ্রাধিকার । বাংলার স্বার্থে যে আমাদের পাশে দাঁড়াবে, আমরাও তার পাশে থাকব ।”
তিনি মনে করিয়ে দেন, মনরেগা প্রকল্পের বরাদ্দ আটকে দেওয়ার বিরোধিতায় তৃণমূল আগেও আন্দোলন করেছে । আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি, যা তাঁর মতে আদালত অবমাননা । পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাতেও শীঘ্রই এই বিশেষ প্রক্রিয়া চালুর জল্পনা ঘনিয়েছে । সেই আবহেই বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক সেরে অভিষেকের হুঁশিয়ারি, “যাঁরা ‘হ্যাঁ স্যার’ বলে নির্বাচন কমিশনকে বিক্রি করেছেন, সতর্ক হোন । ভোটার তালিকা থেকে কোনও বাঙালির নাম বাদ পড়লে এক লক্ষ বাঙালিকে নিয়ে কমিশন ঘেরাও করব ।”

