ETV Bharat / politics

9 হাজার নেতাকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক, ছাব্বিশের রণনীতি ঠিক করতে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অপেক্ষাকৃত দুর্বল সংগঠনকে মজবুত করার লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ (ছবি- পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 2:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: 2026 সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে প্রস্তুতিতে নামছে তৃণমূল কংগ্রেস ৷ সেই লক্ষ্যে প্রতিটি জেলা ধরে সাংগঠনিক বৈঠকে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, সংগঠনকে বুথ স্তর পর্যন্ত মজবুত করতেই অভিষেকের এই উদ্যোগ ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের বিভিন্ন স্তরের প্রায় 9 হাজারেরও বেশি নেতাকর্মীকে ৷ ঘাসফুল শিবিরের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি-মেয়র, পুরসভা ও পুরনিগমের কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রতিনিধি— সকলেরই উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ৷

জানা গিয়েছে, এই ভার্চুয়াল বৈঠকে অভিষেকের মূল লক্ষ্য হচ্ছে বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করা ৷ বিশেষ করে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চলগুলিতে ৷ সেই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুও বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে বলে জানা গিয়েছে ৷

বিশেষ করে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর হামলা বা নিগ্রহের অভিযোগের বিষয়টিও অভিষেকের সাংগঠনিক বৈঠকে উঠে আসতে পারে ৷ নির্বাচনী প্রস্তুতি পরিযায়ী শ্রমিক ইস্যুকে হাতিয়াড় করার নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূলের অন্দরে খবর ৷ পাশাপাশি, বাংলার মাটিতে সিএএ, এনআরসি এবং এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন ইস্যুতে বিজেপির ভূমিকার বিরুদ্ধে তৃণমূলকে আরও সংঘবদ্ধ করাই তাঁর লক্ষ্য বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এই বৈঠকটি আগে আগামী 8 অগস্ট হওয়ার কথা ছিল ৷ তবে, ওইদিন দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে অভিষেকের যোগদানের সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণেই বৈঠকের তারিখ এগিয়ে এনে মঙ্গলবার করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ 'ইন্ডিয়া' ব্লকের তরফে দিল্লিতে আয়োজিত কর্মসূচিতে তৃণমূলের তরফে সক্রিয় ভূমিকা পালনের বিষয়টিও উঠে এসেছে ৷

উল্লেখ্য, সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সংগঠনিক নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন অভিষেক ৷ সেখানে এনআরসি, সিএএ, এসআইআর-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি জেলা ও ব্লকস্তরে সাংগঠনিক দুর্বলতাগুলি চিহ্নিত করতে বলেছেন অভিষেক ৷ আর কীভাবে সেগুলি কাটিয়ে ওঠা যায়, তার কৌশল নিয়ে আলোচনা হয় ৷ বিশেষ করে 2026 বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূলের অপেক্ষাকৃত দুর্বল সংগঠনকে মজবুত করতে সক্রিয় হয়েছেন অভিষেক ৷