ETV Bharat / politics

পুরুলিয়ায় বিজেপিকে হারাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক অভিষেকের

গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন অভিষেক । বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করতে বলেন তিনি ৷

ETV BHARAT
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 15, 2025 at 7:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 সেপ্টেম্বর: 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার পুরুলিয়া জেলায় দলীয় সংগঠনের ঘুঁটি সাজাতে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুজোর আগে জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠকে বসে একগুচ্ছ নির্দেশ দিলেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি, জেলা সভাপতি রাজীব লোচন সরেন, চেয়ারম্যান শান্তিরাম মাহাতো-সহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা ।

বৈঠকে অভিষেক স্পষ্ট বার্তা দেন, গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না । বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করতে তিনি নির্দেশ দেন, প্রতিটি বুথে সংগঠকরা সরাসরি পৌঁছবেন । পাশাপাশি পাড়ায় পাড়ায় বিশেষ কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রচার বাড়ানোর নির্দেশ দেন অভিষেক । তাঁর বক্তব্য, "আমাদের কাজ হবে মানুষের কাছে পৌঁছনো এবং তাঁদের জানানো যে, তৃণমূল সরকারের প্রকল্পগুলির সুফল তাঁরা কতটা পাচ্ছেন ।"

পুরুলিয়ার রাজনীতিতে বিজেপির শক্তি যে উপেক্ষা করার মতো নয়, সে কথাও স্মরণ করিয়ে দেন অভিষেক । তিনি কর্মীদের বলেন, লোকসভায় বিজেপি প্রার্থী জিতলেও তৃণমূলের সঙ্গে ব্যবধান খুব বেশি নয় । ঐক্যবদ্ধভাবে লড়লে পরের নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব । এজন্য প্রত্যেক ঘরে ঘরে প্রচার করতে হবে, বিজেপি জেতার পরও মানুষ তাঁদের প্রাপ্য আবাস যোজনা বা 100 দিনের কাজের টাকা পেয়েছেন কি না, সেই প্রশ্ন তুলে ধরতে হবে ।

অভিষেক জানান, 2024 সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় আশানুরূপ ফল না-হলেও, আগের তুলনায় তৃণমূল কিছুটা জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে । তবে গোষ্ঠীকোন্দল ও অন্দরের লড়াইয়ের কারণে প্রার্থীকে শেষ পর্যন্ত প্রায় 17 হাজার ভোটে পরাজিত হতে হয়েছে । একুশের বিধানসভায় এই লোকসভা এলাকায় তিনটি আসন তৃণমূলের দখলে ছিল, বিজেপির ছিল চারটি । এবারে লক্ষ্য, আসন্ন 2026 বিধানসভায় সাতটি আসনেই জয় নিশ্চিত করা ।

সেই লক্ষ্য পূরণে অভিষেক বার্তা দেন, সময় নষ্ট না-করে দ্রুত কাজ শুরু করতে হবে । 'আমার পাড়া আমার সমাধান' প্রকল্প থেকে শুরু করে সমস্ত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছচ্ছে কি না, তা বিধায়ক ও জেলা নেতৃত্বকে নজরে রাখতে হবে । তিনি সতর্ক করে দেন, 'আমরা আর তারা' মানসিকতা বাদ দিয়ে সমন্বয়ের পরিবেশ তৈরি করতে হবে । সামনে উৎসবের সময়, তাই অগ্রাধিকারভিত্তিক কাজগুলো আগে শেষ করারও নির্দেশ দেন তিনি ।

রাজনৈতিক মহলের মতে, অভিষেকের এই বৈঠক শুধু নির্দেশ নয়, পুরুলিয়ায় দলকে ঐক্যবদ্ধ করার বার্তাও বটে । বিজেপির শক্ত ঘাঁটি হলেও, গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে একসঙ্গে লড়লে তৃণমূল নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে পারে বলে আশাবাদী জেলা নেতৃত্ব ।